কের্চ সেতুতে ইউক্রেনের হামলায় ক্রিমিয়ায় রাশিয়ার সরবরাহ লাইনে বড় ধাক্কা: ইউরোপীয় গোয়েন্দা মূল্যায়ন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে মর্যাদাপূর্ণ অবকাঠামো প্রকল্পগুলোর একটি কের্চ সেতুতে ইউক্রেনের বারবার হামলা দখলকৃত ক্রিমিয়ায় মস্কোর সামরিক সরবরাহ পথে সম্ভাব্য বড় ধাক্কা দিয়েছে। উভয় পক্ষ কঠিন শীতের প্রস্তুতি নেওয়ার সময়ে এই হামলা রাশিয়ার অভিযান টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে।
১৮ নভেম্বর তারিখের একটি ইউরোপীয় গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, কঠোরভাবে সুরক্ষিত এই সেতুতে ইউক্রেনের সর্বশেষ হামলাটি সম্ভবত তাদের সবচেয়ে সফল হামলা। এর আগে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা, রাডার ও ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা লক্ষ্য করে সমন্বিত অভিযান চালানো হয়েছিল।
ন্যাটোর সাবেক সর্বোচ্চ মিত্র কমান্ডার অবসরপ্রাপ্ত জেনারেল ফিলিপ ব্রিডলাভ বলেছেন, এর পরিণতি একটি প্রতীকী রুশ স্থাপনা ধ্বংসের চেয়েও অনেক বেশি হতে পারে। তিনি বলেন, রাশিয়ানরা ক্রিমিয়ায় সরবরাহ পৌঁছানোর ক্ষেত্রে অত্যন্ত সীমিত উপায়ের ওপর নির্ভরশীল, এবং কের্চ সেতু বিচ্ছিন্ন হলে ক্রিমিয়ায় পুনঃসরবরাহের সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
১৭ নভেম্বর ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ১২ মাইল দীর্ঘ সেতুটিতে আঘাত হানে, যা রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলকে ক্রিমিয়ার সঙ্গে যুক্ত করেছে। হামলায় সড়কের একটি বড় অংশ কের্চ প্রণালিতে ভেঙে পড়ে এবং পাশের রেললাইন ক্ষতিগ্রস্ত হয়।
২০১৮ সালে পুতিন এই সেতুর উদ্বোধন করেছিলেন। এটি একদিকে গুরুত্বপূর্ণ পরিবহন সংযোগ, অন্যদিকে ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া দখলের প্রতীক হিসেবে কাজ করেছে।
ইউরোপীয় গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী, মূল আঘাতের আগে সেতুর সুরক্ষা দুর্বল করতে কয়েক সপ্তাহ ধরে রুশ প্রতিরক্ষাব্যবস্থার বিরুদ্ধে অভিযান চালায় ইউক্রেন। এরপর ১৯ নভেম্বর ইউক্রেন আবার রেললাইনে হামলা চালায়, সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং চার দিনে হামলার সংখ্যা দাঁড়ায় তিনটিতে।
এই ক্ষতি রাশিয়ার ক্রিমিয়ায় পৌঁছানোর সবচেয়ে সরাসরি সরবরাহ সংযোগগুলোর একটিকে ব্যাহত করেছে, যা দক্ষিণ ইউক্রেনে সামরিক অভিযান চালাতে মস্কো ব্যবহার করে।
রাশিয়া দখলকৃত দক্ষিণ ইউক্রেনের ভেতর দিয়ে বিকল্প স্থল করিডর তৈরি করেছে, তবে ইউরোপীয় গোয়েন্দা মূল্যায়ন সতর্ক করেছে যে অতিরিক্ত সামরিক সরবরাহ সেই সড়কগুলোতে সরিয়ে নিলে বড় ঝুঁকি তৈরি হতে পারে। ধীর পরিবহন পথ, ইউক্রেনীয় ড্রোন হামলার ঝুঁকি এবং অন্যান্য লজিস্টিক অবকাঠামোর ওপর চাপকে সম্ভাব্য পরিণতি হিসেবে চিহ্নিত করেছে মূল্যায়নটি।
ব্রিডলাভ বলেছেন, ইউক্রেনের এই অভিযানকে কেবল একটি সেতু ধ্বংসের চেষ্টা হিসেবে নয়, উপদ্বীপে রাশিয়ার দখল দুর্বল করার চেষ্টা হিসেবে দেখা উচিত। তিনি আরও বলেন, বড় প্রচলিত যুদ্ধজাহাজ না থাকা সত্ত্বেও সামুদ্রিক ও আকাশ ড্রোন ব্যবহার করে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরকে পিছু হটতে বাধ্য করে ইউক্রেন তার সক্ষমতা দেখিয়েছে।
ইউরোপীয় মূল্যায়নে আরও সতর্ক করা হয়েছে, সেতুটি মেরামত করতে কয়েক মাস লাগতে পারে। সীমিত সড়ক চলাচল কয়েক সপ্তাহের মধ্যে আবার শুরু হতে পারে, তবে ভেঙে পড়া অংশ বদলাতে অনেক বেশি সময় লাগতে পারে, বিশেষ করে ইউক্রেনীয় হামলা চলতে থাকলে। কের্চ-ইয়েনিকালে খালের ওপরে ক্ষতির কারণে কৃষ্ণসাগর ও আজভ সাগরের মধ্যে জাহাজ চলাচলও ব্যাহত হতে পারে।
তবে রুশ কৌশলগত মূল্যায়নের সঙ্গে পরিচিত একটি ইউরোপীয় গোয়েন্দা সূত্র বিস্তৃত সংঘাত নিয়ে হতাশাজনক চিত্র দিয়েছে। সূত্রটি বলেছে, হামলাটির প্রতীকী অর্থ বেশি হলেও লজিস্টিক এখন কার্যত অচল। সূত্রটির সতর্কতা, মস্কো শীতকালীন আক্রমণ জোরদার করার প্রস্তুতি নিচ্ছে এবং ওয়াশিংটনের সঙ্গে আলোচনা ব্যবহার করে কিয়েভের ওপর রাজনৈতিক চাপ বাড়াচ্ছে।
সূত্রটি বলেছে, রাশিয়া বিশ্বাস করে তারা যথেষ্ট দীর্ঘ সময় সামরিক চাপ ধরে রাখতে পারবে, যাতে ইউক্রেন বিশেষ করে পূর্বাঞ্চলে ভূখণ্ড ছাড়তে বাধ্য হয়, এবং তাদের ধারণা বসন্তের মধ্যে ইউক্রেনীয়রা হাল ছেড়ে দেবে।
ব্রিডলাভ রাশিয়া সামরিকভাবে এগিয়ে যাচ্ছে—এমন মূল্যায়নের সঙ্গে জোরালোভাবে দ্বিমত পোষণ করেছেন। তিনি বলেছেন, সামরিকভাবে জোয়ার রাশিয়ার বিরুদ্ধে যাচ্ছে; সীমিত এলাকা দখলের বিনিময়ে রুশ বাহিনী বিপুল প্রাণহানি ঘটিয়েছে। তবে তিনি স্বীকার করেছেন, সামরিক গতি আর ইউক্রেনের ওপর রাজনৈতিক চাপের মধ্যে পার্থক্য আছে, এবং ওয়াশিংটনের আলোচনার ধরনে পরিবর্তন রুশ অবস্থানকে শক্তিশালী করতে পারে।
সেতু হামলার জবাবে পুতিন প্রতিশোধের হুমকি দিয়েছেন, এবং শুক্রবার রাশিয়া ইউক্রেনীয় শহরগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যাতে ইউক্রেনীয় কর্তৃপক্ষের হিসাবে অন্তত আটজন নিহত হয়েছে।
ইউরোপীয় গোয়েন্দা মূল্যায়নে সতর্ক করা হয়েছে, মেরামতের সময় কের্চ সেতুতে আরও ইউক্রেনীয় হামলার সম্ভাবনা অনেক বেশি, যা রুশ সরবরাহে বিঘ্ন আরও দীর্ঘায়িত করতে পারে। মস্কোর জন্য সেতুটি আবার চালু করা এখন লজিস্টিক চ্যালেঞ্জের পাশাপাশি রাজনৈতিক অগ্রাধিকারও।



