পোল্যান্ডের মাটিতে দুটি রুশ ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন, ‘ইচ্ছাকৃত উসকানি’ বললেন প্রধানমন্ত্রী টাস্ক
পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ ওয়ারশতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ২০ নভেম্বর রাতে ইউক্রেনে রাশিয়ার হামলার সময় দুটি ক্ষেপণাস্ত্র ও একটি জেটচালিত ড্রোন পোল্যান্ডের ভূখণ্ডে এসে পড়েছে।
ক্ষেপণাস্ত্র দুটি পড়েছে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের নোভি লিপোভিয়েক ও রুদনিক নাদ সানেমে, আর জেটচালিত ড্রোনটি পড়েছে মলোদিচে।
একটি ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হয়েছে ইউরোপীয় সেনাদের সামরিক মহড়া চলছিল যেখানে, সেখান থেকে প্রায় ৩৫ কিলোমিটার (২২ মাইল) দূরে। একটি খ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র পড়েছে ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) দূরে, আর জেটচালিত ড্রোনটি আঘাত হেনেছে সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সেই রাতে রাশিয়া ইউক্রেনে অন্যতম ভারী বোমাবর্ষণ চালায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া ৪০০টির বেশি ড্রোন ও অন্তত ১১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে ২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল, কয়েকটিতে ছিল ক্লাস্টার ওয়ারহেড। এতে অন্তত আটজন বেসামরিক নাগরিক নিহত ও দুই ডজনের বেশি মানুষ আহত হন।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন, মনে হচ্ছে এটি রাশিয়ার ‘ইচ্ছাকৃত উসকানি’। তিনি বলেন, ঘটনাটি সম্ভবত পোল্যান্ডে ইউরোপীয় সামরিক মহড়ার সময়ের সঙ্গে মিলিয়ে ঘটানো হয়েছে।
নজিরবিহীন দুই সপ্তাহের এই মহড়া ৯ নভেম্বর দক্ষিণ-পূর্ব পোল্যান্ডে শুরু হয়। এতে ১১টি দেশের সেনারা অংশ নিচ্ছেন এবং যুদ্ধ-পরবর্তী সম্ভাব্য মিশনের জন্য বাহিনীগুলোকে প্রস্তুত করা হচ্ছে, যাতে ইউক্রেনকে স্থিতিশীল করতে ও এর সামরিক বাহিনী পুনর্গঠনে সহায়তা করা যায়।
ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের ক্লিনটন ইনস্টিটিউটের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক স্কট লুকাস বলেন, এই ঘটনা ‘কয়েক মাস ধরে চলা একটি ধারার’ সঙ্গে মিলে যায়, যেখানে রাশিয়া ‘তারা কতদূর যেতে পারে, তা পরীক্ষা করছে’। তিনি বলেন, ‘কয়েক মাস আগে তারা ড্রোন আকাশসীমায় ঢোকাচ্ছিল, এমনকি কয়েকবার যুদ্ধবিমান বাল্টিক রাষ্ট্রগুলোর সীমান্ত পেরিয়ে ঢুকিয়েছিল।’
রাসমুসেন গ্লোবালের জ্যেষ্ঠ পরিচালক হ্যারি নেদেলকু বলেন, এই পরীক্ষা শুধু পোল্যান্ডেই সীমাবদ্ধ নয়। যুদ্ধের সময় রাশিয়া বারবার ন্যাটো মিত্র পোল্যান্ড, রোমানিয়া এবং ন্যাটো-বহির্ভূত মলদোভাকেও পরীক্ষা করেছে, যেখানে গত কয়েক মাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়ছে।
পোলিশ বিমানবাহিনী আগের সপ্তাহগুলোতে বারবার অনুপ্রবেশের পর ১৭ সেপ্টেম্বর দেশের পূর্বাঞ্চলের আকাশসীমা সুরক্ষিত রাখতে প্রতিরোধমূলক আকাশ টহল শুরু করেছিল।
ন্যাটোর ৫ নম্বর ধারা অনুযায়ী, কোনো সদস্য ‘সশস্ত্র হামলার শিকার’ হলে প্রতিটি সদস্য সেই সহিংসতাকে সব সদস্যের বিরুদ্ধে সশস্ত্র হামলা হিসেবে বিবেচনা করবে। তবে নেদেলকু বলেন, পোল্যান্ড এখন ইস্টার্ন সেন্ট্রি মিশনের অধীনে আরও ন্যাটো সহায়তা চাইছে—সম্ভবত আকাশে আগাম সতর্কীকরণ বিমান বা অনুরূপ কিছু—কিন্তু ৪ নম্বর ধারা প্রয়োগ করা থেকে বিরত রয়েছে। ৪ নম্বর ধারায় মিত্ররা একে অপরের সঙ্গে পরামর্শ করে।
বার্লিনে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৃহস্পতিবারের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত ও জামাতা জ্যারেড কুশনার বলেন, তিনি বিশ্বাস করেন, যুদ্ধ-পরবর্তী ইউক্রেনের জন্য ন্যাটো-ধাঁচের নিরাপত্তা নিশ্চয়তায় রাশিয়া ‘স্বস্তি’ বোধ করবে। কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা চালাচ্ছেন।
বার্লিন বৈঠকের পর ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেন, ইউক্রেনের ন্যাটো সদস্যপদ আবার বিবেচনা করা উচিত। এর জবাবে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, কিয়েভের জন্য কোনো ধরনের ‘আধা-সদস্যপদ’ মস্কোর কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য, রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে।
এর আগে ট্রাম্প অনুপ্রবেশগুলোকে ছোট করে দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘পুতিন পোল্যান্ডে ড্রোন ফেলছেন এবং ভুল করে দু-একটি ছোট ক্ষেপণাস্ত্র।’


