কিশোরগঞ্জের মিঠামইনে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ১১ ইয়াবাসহ যুবক আটক, থানার সামনে বিক্ষোভ
কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের ঘাগড়া ইউনিয়নে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে পারভেজ মিয়া (৩৫) নামের এক যুবককে ১১ পিস ইয়াবাসহ আটক করেছে মিঠামইন থানা পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ঘাগড়া বাজার জামে মসজিদের সামনের এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক পারভেজ মিয়া মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ভরা গ্রামের রইছ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পারভেজ মিয়া দীর্ঘদিন ধরে নিজেকে কখনো থানার ওসি, কখনো সাধারণ পুলিশ সদস্য, আবার কখনো সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় করে আসছিলেন।
বিশেষ করে এলাকার টেম্পুচালক ও সাধারণ মানুষ তাঁর চাঁদাবাজির শিকার হতেন বলে অভিযোগ রয়েছে। তিনি বিভিন্ন এলাকায় পুলিশ পরিচয়ে অভিযান চালানো ও সালিশ বসানোর নামে ভয়ভীতি দেখিয়ে নগদ অর্থ আদায় করতেন বলেও অভিযোগ উঠেছে।
এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি তিনি গোপনে মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন বলে এলাকাবাসীর অভিযোগ।
এলাকাবাসী জানান, পারভেজ এতটাই বেপরোয়া ছিলেন যে তাঁর ভয়ে সাধারণ মানুষ মুখ খোলার সাহস পেতেন না।
তাঁকে আটকের পর দীর্ঘদিনের ক্ষোভ থেকে বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা শনিবার সকালে মিঠামইন থানার সামনে জড়ো হয়ে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে বিক্ষোভ করেন। এ ধরনের প্রতারণা ও অপরাধের পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানান তাঁরা।
থানার সামনে জড়ো হওয়া এলাকাবাসীর উদ্দেশে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বলেন, পুলিশ মাদকের বিষয়ে জিরো টলারেন্সে রয়েছে। পারভেজ নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করায় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
ওসি আরও বলেন, তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যে মাদকসহ গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এ সময় তিনি সাধারণ মানুষকে হৈহুল্লোড় না করে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানান এবং অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে স্থানীয়দের আশ্বস্ত করেন।



