ময়মনসিংহে প্রায় ৭ কোটি টাকার ‘শান্তি নিবাস’, উদ্বোধনের তিন বছরেও বন্দী তালায়
অসহায়, আশ্রয়হীন ও অবহেলিত প্রবীণদের নিরাপদ আবাসনের জন্য ময়মনসিংহের শম্ভুগঞ্জে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ২৫ শয্যার ‘শান্তি নিবাস’। তবে উদ্বোধনের তিন বছর পেরিয়ে গেলেও জনবল ও পরিচালন বরাদ্দের অভাবে চালু হয়নি প্রতিষ্ঠানটি।
ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জে সরকারি শিশু পরিবার (বালক) চত্বরে নির্মিত তিনতলা ভবনটির দরজায় এখনো ঝুলছে তালা। অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে মূল্যবান আসবাবপত্র ও চিকিৎসাসামগ্রী।
ভেতরে সারি সারি বিছানা, আলমারি ও অন্যান্য আসবাবপত্রের পাশাপাশি বাক্সবন্দী অবস্থায় পড়ে আছে চিকিৎসাসামগ্রী। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় এসব সরঞ্জামে জমেছে ধুলা। কোথাও বৃষ্টির পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছে আসবাবপত্র। মেয়াদ শেষ হয়েছে অগ্নিনির্বাপক যন্ত্রের। বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিচ্ছিন্ন রয়েছে সংযোগ।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের ‘৮টি সরকারি শিশু পরিবারে ২৫ শয্যাবিশিষ্ট শান্তি নিবাস স্থাপন’ প্রকল্পের আওতায় ভবনটি নির্মাণ করা হয়। ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত বাস্তবায়িত এ প্রকল্পে মোট ব্যয় হয় ৭৩ কোটি ৯৮ লাখ ৯১ হাজার টাকা। এর মধ্যে ময়মনসিংহের শান্তি নিবাস নির্মাণে ব্যয় হয়েছে ৬ কোটি ৯৫ লাখ ৫২ হাজার টাকা।
২০২২ সালের ২০ সেপ্টেম্বর ভবনটির নির্মাণকাজ শুরু হয়। কাজ শেষে ২০২৩ সালের ১৪ নভেম্বর তৎকালীন সরকারপ্রধান এটি উদ্বোধন করেন। কোহিনূর এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটি নির্মাণ করে। ভবনের পাশাপাশি প্রবীণদের ব্যবহারের জন্য আসবাবপত্র, চিকিৎসাসামগ্রী ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়।
৬০ বছরের বেশি বয়সী অসহায়, দরিদ্র, পরিত্যক্ত ও অবহেলিত প্রবীণদের এখানে থাকা-খাওয়া, চিকিৎসা ও দৈনন্দিন সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য রাখা হয়েছে শরীরচর্চার ব্যবস্থাও। ভবনে রয়েছে লিফট, হুইলচেয়ারসহ প্রয়োজনীয় সরঞ্জাম। কিন্তু উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত একজন প্রবীণকেও সেখানে রাখা সম্ভব হয়নি।
সরকারি শিশু পরিবারের কারিগরি প্রশিক্ষক মো. মোসলেম মিয়া বলেন, প্রবীণদের জন্য ভবনটিতে পাঁচ তারকা হোটেলের আদলে দামি আসবাবপত্র, লিফট, চিকিৎসা সরঞ্জাম ও শরীরচর্চার ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু দীর্ঘদিন অব্যবহৃত থাকায় বিছানাপত্র, মশারি, কাপড়চোপড়সহ বিভিন্ন সামগ্রী নষ্ট হচ্ছে। দ্রুত চালু করা না হলে এসব সরঞ্জামের বড় অংশ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়তে পারে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ মহানগরের সম্পাদক আলী ইউসুফ বলেন, প্রবীণদের জন্য এত বড় আয়োজন চালু না হওয়ায় একদিকে অসহায় মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে নষ্ট হচ্ছে সরকারি অর্থ ও সম্পদ। দ্রুত শান্তি নিবাস চালুর পাশাপাশি দীর্ঘদিন প্রতিষ্ঠানটি বন্ধ থাকার কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করা প্রয়োজন। কোনো বৃদ্ধ মানুষ যেন জীবনের শেষ সময়ে রাস্তায় পড়ে অবহেলা-অনাদরে মারা না যান, সেটিই তাদের প্রত্যাশা।
ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সভাপতি ও প্রবীণ আইনজীবী এএইচএম খালেকুজ্জামান বলেন, সরকারি অর্থে ভবন নির্মাণ করে দরজা খুলে দেওয়াই কোনো প্রকল্পের সফলতা নয়। প্রকৃত সার্থকতা তখনই আসে, যখন নির্ধারিত জনগোষ্ঠী সেখান থেকে সেবা পায়। শান্তি নিবাসের ক্ষেত্রে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পরিকল্পিত সেবাব্যবস্থা কার্যকর করা এবং ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত সরকারি সম্পদ রক্ষা করা।
এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক মো. রাজু আহমেদ বলেন, অবকাঠামো নির্মাণ শেষ হলেও প্রয়োজনীয় জনবল ও পরিচালন বরাদ্দ না থাকায় শান্তি নিবাস চালু করা সম্ভব হয়নি। জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে। প্রতিষ্ঠানটি চালু হলে সেখানে প্রবীণদের থাকা-খাওয়া, চিকিৎসা ও শরীরচর্চার ব্যবস্থা থাকবে।
তিনি আরও বলেন, সম্প্রতি সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রতিষ্ঠানটি পরিদর্শন করে দ্রুত চালুর আশ্বাস দিয়েছেন। কার্যক্রম শুরু হলে নিয়মিত ব্যবহার ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে অব্যবহৃত সরঞ্জাম নষ্ট হওয়ার সমস্যাও কাটিয়ে ওঠা সম্ভব হবে।



