সরকারি খরচে অসচ্ছল বিচারপ্রার্থীদের ২ লাখ ৪৫ হাজার ২৮৭ মামলা নিষ্পত্তি, জানাল আইনগত সহায়তা অধিদপ্তর
বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে সরকারি খরচে অসচ্ছল বিচারপ্রার্থীদের ২ লাখ ৪৫ হাজার ২৮৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে সরকারি খরচে আইনি সহায়তার বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ হাজার ৩৮৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে ২ লাখ ৪২ হাজার ৭৭টি মামলা।
ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে ৮২৫টি মামলা।
বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের অধীনে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল এবং সরকারি আইনি সহায়তা জাতীয় হেল্পলাইন কলসেন্টারের মাধ্যমে কারাবন্দিসহ বিচারপ্রার্থীদের এই আইনি সেবা দেওয়া হচ্ছে। জাতীয় হেল্পলাইনটি টোল ফ্রি নম্বর ‘১৬৬৯৯’।
দেশে আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয়।
কার্যক্রমটি পরিচালিত হয় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে থাকা বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে।



