জুলাই হত্যা মামলার আসামি শওকতের গভর্নরের সঙ্গে বৈঠক নিয়ে বিতর্ক
জুলাই আন্দোলনের সময় হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি ব্যবসায়ী শওকত আলী চৌধুরী বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। এ নিয়ে শুরু হয়েছে সমালোচনা ও বিতর্ক।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ঢুকে গভর্নরের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা বিভাগের কর্মীদের মাধ্যমে তাঁকে কড়া নিরাপত্তা ও প্রটোকল দিতে দেখা গেছে।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে পেছনের গেট দিয়ে বেরিয়ে যান তিনি। কেন এই বৈঠক, কে সাক্ষাৎ চেয়েছিলেন এবং কী নিয়ে আলোচনা হয়েছে, তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
বৈঠকের আগে সাংবাদিকরা হত্যা মামলা, বেনামি শেয়ার এবং যুক্তরাজ্যে শনাক্ত হওয়া ২৫ মিলিয়ন ডলারের উৎস নিয়ে একের পর এক প্রশ্ন করলেও কোনো উত্তর দেননি শওকত।
এদিকে, একই দিনে বিদেশে ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে তদন্ত কর্মকর্তা নিয়োগের মাধ্যমে শওকতের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাছাড়া, ৮ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে আরও একটি তদন্ত চালাচ্ছে দুদক।
শওকত বিতর্কিত প্রতিষ্ঠান এস এন কর্পোরেশনের চেয়ারম্যান। তিনি আওয়ামী ঘনিষ্ঠ বিতর্কিত ব্যবসায়ী চৌধুরী নাফিজ সারাফাত ও পতিত আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের ব্যবসায়িক পার্টনার।
অন্যদিকে, রাজধানীর বাড্ডা থানায় ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনের সময় মাদ্রাসাশিক্ষক হাফেজ মো. মাসুদুর রহমান হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিনি ৫৪ নম্বর আসামি। মামলাটি ২০২৪ সালের ৯ নভেম্বর দায়ের করা হয়।
এই মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা আসামি রয়েছেন। এমন অবস্থায় হত্যা মামলার একজন এজাহারভুক্ত আসামি কীভাবে দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে সরাসরি বৈঠকের সুযোগ পেলেন, সে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
এদিকে বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে শওকতের বিরুদ্ধে নিজের, পরিবারের সদস্য এবং বেনামি প্রতিষ্ঠানের মাধ্যমে ইস্টার্ন ব্যাংকের ২০ শতাংশের বেশি শেয়ার নিয়ন্ত্রণের অভিযোগ উঠে এসেছে।
এ নিয়ে গত ১৫ অক্টোবর হাইকোর্টও রুল জারি করেছেন। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠক নিয়ে বাংলাদেশ ব্যাংক কিংবা গভর্নরের দপ্তর থেকে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি বলে জানা গেছে।



