নড়াইলের বেন্দারচরে ভাঙচুর-অগ্নিসংযোগ নিয়ে পাল্টাপাল্টি দাবি, মাঠে যা দেখা গেল

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর বাড়ি ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন দেখতে পান।
এর আগে গত বুধবার কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় দুজন নিহত হন। নিহতেরা হলেন কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা ও পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম।
বেন্দারচর গ্রামের ভুক্তভোগীদের অভিযোগ, শুক্রবার বিকেলে সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি, সাবেক পৌর মেয়র মুশফিকুর রহমানসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে হামলা হয়। তাদের দাবি, গ্রামের প্রায় ৫০টি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, উপজেলার বড় কালিয়া এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বেন্দারচর গ্রামে গিয়ে দেখা যায়, ভ্যানে করে মালামাল নিয়ে এলাকা ছাড়ছেন এক নারী, সঙ্গে ছোট সন্তান। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, তার তিনটি গরু নিয়ে যাওয়া হয়েছে, টিভি-ফ্রিজ, ১০টি কম্বল ও দুটি ট্রাংকের মালামালসহ তিনটি ঘরের কোনো জিনিস নেই, এমনকি টিউবওয়েলের মোটর পর্যন্ত ভেঙে নিয়ে যাওয়া হয়েছে। তার জাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
মুক্তা খানম নামের আরেক নারী বলেন, জুমার নামাজের পর প্রায় চার শ লোক এসে ভাঙচুর করে যেখানে যা ছিল সব গাড়ি ভরে নিয়ে গেছে। গ্রামে প্রবীণ পুরুষ ছাড়া বাড়িতে অন্য কোনো পুরুষ দেখা যায়নি এবং নারীদের অনেককে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে দেখা গেছে।
কালিয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, শুক্রবার বিকেল চারটার দিকে আগুন লাগে। প্রতিবন্ধকতা ও নিরাপত্তাহীনতার কারণে তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে যেতে পারেননি, রাত আটটার দিকে যান। তখন অনেক বাড়িতে আগুন ছিল, কিছু আগুন তারা নেভান, কিছু নিজে থেকে নিভে যায়। তিনি বলেন, ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন ছিল এবং বাড়িতে তিন থেকে চারটি করে ঘর থাকায় সংখ্যাটা আরও বেশি হবে।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম শনিবার বলেন, শুক্রবার সন্ধ্যার আগে সাবেক সংসদ সদস্যের বাসাসহ কয়েকটি বাসা ও ১৫ থেকে ২০টি ঘর ভাঙচুর করা হয়েছে এবং পাঁচ থেকে ছয়টি ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক ও কৃষ্ণপদ ঘোষের বাড়িতে হামলার বিষয়ে তারা নিশ্চিত হতে পেরেছেন, তবে হতাহতের ঘটনা ঘটেনি। কারা হামলা করেছে, প্রশাসন নিশ্চিত নয় এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।
তবে বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিএনপি। কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিএনপির নেতাদের উপস্থিতিতে এসব হয়েছে বলে যে প্রচার চলছে তা কাল্পনিক।
নড়াইল জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেন্দারচর গ্রামে হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে হামলা হচ্ছে বলে ফেসবুকে যে প্রচার চলছে তা মিথ্যা ও বানোয়াট। বিজ্ঞপ্তি অনুযায়ী, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই এবং কোনো হিন্দু পরিবার বা তাদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হয়নি। পুরোনো ও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও ছড়ানো হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
পুলিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপির দুই নেতাকে হত্যার জেরে শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে নিহতদের বিক্ষুব্ধ আত্মীয়স্বজন ও অন্য কিছু লোক বেন্দারচর গ্রামে জড়ো হয়ে হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগের নেতা-কর্মীদের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান। খবর পেয়ে কালিয়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার শনিবার দুপুরে বলেন, নিহত দুই নেতার স্বজন-সমর্থকেরা ওই গ্রামে গিয়ে তিন থেকে চারটি বাড়িতে হামলা-ভাঙচুর চালান। এলাকাটি হিন্দু-অধ্যুষিত নয় এবং বিষয়টি যেভাবে প্রচার করা হচ্ছে ঘটনা তেমন নয় বলে তিনি মন্তব্য করেন।
ওয়াহিদুজ্জামান হিন্দু বসতিতে হামলার অভিযোগের বিষয়ে বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে এলাকার হিন্দু সম্প্রদায়ের ৯০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিয়েছেন এবং ফেসবুকে দুই শতাধিক বাড়িতে হামলার যে কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।
একই সময়ে দেশের অন্য জায়গাতেও হামলার খবর এসেছে। পটুয়াখালীতে আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্যের বাড়িতে বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার রাত ৯টার মধ্যে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে এবং শনিবার পাবনার বেড়া পৌরসভায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।




