ইইউর সাত বছরের বাজেট প্রস্তাব থেকে আরও ৪৪ বিলিয়ন ইউরো ছাঁটাইয়ের প্রস্তাব কস্তার
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিকল্পিত সাত বছরের বাজেট থেকে আরও ৪৪ বিলিয়ন ইউরো কমানোর প্রস্তাব দিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। শনিবার প্রকাশিত নতুন হিসাব অনুযায়ী এই প্রস্তাব দেওয়া হয়েছে।
বাজেট আলোচনা গত বছর শুরু হওয়ার পর এই প্রথম ইইউর আঞ্চলিক ব্যয়, যা সংহতি নীতি (কোহেশন পলিসি) নামে পরিচিত, ছাঁটাইয়ের লক্ষ্যে পড়েছে। কস্তা আগের প্রস্তাবের তুলনায় এই খাতে ৮ বিলিয়ন ইউরো কমানোর প্রস্তাব দিয়েছেন। তবে কৃষকদের ভর্তুকি অপরিবর্তিত রাখা হয়েছে।
পোল্যান্ড, ইতালি ও স্পেনসহ পূর্ব ও দক্ষিণ ইউরোপের ১৭টি দেশের জোটের জন্য এটি বড় ধাক্কা। মাত্র কয়েক দিন আগে এই দেশগুলো সংহতি নীতিতে সম্ভাব্য ছাঁটাই প্রত্যাখ্যান করেছিল। তবে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মেৎর্স প্রস্তাবটিকে ‘প্রথম পদক্ষেপ’ হিসেবে স্বাগত জানিয়ে আরও ছাঁটাইয়ের আহ্বান জানিয়েছেন।
শনিবার সকালে কস্তা বলেন, ‘আমাদের সমাজ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি, সেগুলো মোকাবিলার জন্য এই প্রস্তাব উপযুক্ত এবং এটি ইউরোপীয় ইউনিয়নকে কাজ করার প্রয়োজনীয় সক্ষমতা দেয়।’
কস্তা ২০২৮–২০৩৪ মেয়াদের বাজেট নিয়ে আলোচনা পরিচালনা করছেন; এই বাজেটে ইইউর সব সরকারের সম্মতি প্রয়োজন। তাঁর প্রস্তাবিত ছাঁটাই বর্তমান মূল্যে হিসাব করা হয়েছে এবং তা গত মাসে কাউন্সিলের আবর্তনশীল সভাপতির দায়িত্বে থাকা আয়ারল্যান্ডের উপস্থাপিত আগের প্রস্তাবের ভিত্তিতে করা হয়েছে।
সব মিলিয়ে এই ছাঁটাইয়ের পরিমাণ দাঁড়ায় ২০৪ বিলিয়ন ইউরো, অর্থাৎ গত বছর জুলাইয়ে ইউরোপীয় কমিশনের মূল প্রস্তাবের তুলনায় বাজেটের আকার ১০ দশমিক ২ শতাংশ কম।
আরেকটি বড় পরিবর্তনে, কস্তা বাজেট অর্থায়নে সহায়তার জন্য গুগল ও মেটার মতো বড় ডিজিটাল কোম্পানিগুলোর ওপর নতুন কর আরোপের প্রস্তাব দিয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোতে ওয়াশিংটনের প্রতিশোধের আশঙ্কায় ব্রাসেলস এই কর আরোপ থেকে বিরত ছিল। তবে চলতি মাসের শুরুতে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর সেই সুযোগ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এই ধারণাগুলো আগামী সপ্তাহে ইইউর ২৭ নেতার শীর্ষ সম্মেলনে তুমুল আলোচনার ক্ষেত্র তৈরি করেছে। এমনকি সেখানে সম্মতি হলেও বাজেটটি ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদন পেতে হবে।
বাজেটের আকার নিয়ে সরকারগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও কস্তা আত্মবিশ্বাসী যে ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া ইইউ নেতাদের শীর্ষ সম্মেলনে সরকারগুলো নিজেদের মধ্যে একটি চুক্তিতে পৌঁছাবে। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, এই প্রস্তাব আমাদের চূড়ান্ত চুক্তির কাছাকাছি নিয়ে যেতে পারে। আর সেই উদ্দেশ্যে পৌঁছাতে আমি সব নেতার সঙ্গে কাজ চালিয়ে যাব।’
তবে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মেৎর্স ছাঁটাইকে অপর্যাপ্ত বলে সমালোচনা করেছেন। তাঁর ভাষায়, টেবিলে থাকা প্রস্তাবটি প্রথম পদক্ষেপ হলেও এর সামগ্রিক আকার এখনো অনেক বড়।


