ট্রাম্প-পুতিন ঘনিষ্ঠতায় ইউরোপের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা, ন্যাটো ছাড়া ‘শতভাগ দখল’ হতো এস্তোনিয়া: পররাষ্ট্রমন্ত্রী

এস্তোনিয়ার রাজধানী তালিনে প্রধানমন্ত্রীর কার্যালয় স্টেনবক হাউসের সামনের দেয়ালে রয়েছে একটি ফলক, যেখানে স্মরণ করা হয়েছে ১৯৪০ সালে সোভিয়েত ইউনিয়নের আক্রমণের পর সোভিয়েত বাহিনীর হাতে নিহত ১০ জন সরকারপ্রধানের কথা। ৫১ বছর এস্তোনিয়া প্রতিবেশী দেশটির দখলে ছিল; তার পর থেকে দেশটি স্বাধীনভাবে বাস করলেও সেই প্রতিবেশীর ছায়া থেকেই গেছে। মাত্র ১৪ লাখ জনসংখ্যার এই বাল্টিক দেশটির প্রতিবেশী তার চেয়ে প্রায় ১০০ গুণ বড়।
গত এক দশকে এস্তোনিয়ায় রাজনীতিতে হস্তক্ষেপ, রুশভাষী সংখ্যালঘুদের লক্ষ্য করে প্রচারণা এবং নানা ধরনের সাইবার ও হাইব্রিড হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ ঘটনাটি ঘটেছে গত শনিবার—এস্তোনিয়ার একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে অগ্নিসংযোগের চেষ্টা।
এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস সাখনা টেলিফোনে বলেছেন, ‘লক্ষ্য হলো আমাদের সমাজে ভয় তৈরি করা।’ তাঁর ভাষায়, এস্তোনিয়ার স্বাধীনতা রক্ষা করছে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ন্যাটো সদস্যপদ। তিনি বলেন, ‘ন্যাটো সদস্যপদ ছাড়া আমরা এই কথোপকথন করতে পারতাম না। এস্তোনিয়া শতভাগ দখল হয়ে যেত।’
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের অনেক আগে থেকেই ভ্লাদিমির পুতিন যুক্তি দিয়ে আসছেন, সাবেক সোভিয়েত বা ওয়ারশ চুক্তিভুক্ত মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলোর ন্যাটোর আশ্রয় নেওয়ার সিদ্ধান্তই ছিল আগ্রাসন। তবে যেসব দেশ আগে মস্কোর আক্রমণ, দখল বা নিয়ন্ত্রণের শিকার হয়েছে, তারা এর পুনরাবৃত্তি ঠেকাতে সুরক্ষা চেয়েছে।
সাম্প্রতিক সময় পর্যন্ত পশ্চিমা মূলধারার রাজনীতিকদের মধ্যে পুতিনের এই যুক্তি তেমন সমর্থন পায়নি। কিন্তু ২০২৫ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে পুতিন উচ্চ পদে একজন মূল্যবান মিত্র পেয়েছেন। এ সপ্তাহে শেনজেনে এপেক সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে সাক্ষাতে ট্রাম্প উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘এটা আমার বন্ধু!’
প্রতিবেদনে বলা হয়েছে, শেনজেনে শি জিনপিংয়ের সঙ্গে ত্রিপক্ষীয় সম্মেলন এবং দুই নেতার মধ্যে দৃশ্যমান সৌহার্দ্য আংশিকভাবে এই ধারণা প্রতিষ্ঠার লক্ষ্যেই ছিল যে, বড় শক্তিগুলোর নিজ নিজ প্রভাববলয় নিয়ন্ত্রণের অধিকার রয়েছে—ট্রাম্পের কাছে যার অর্থ পশ্চিম গোলার্ধ তাঁর, আর পুতিনের কাছে যার অর্থ মধ্য ও পূর্ব ইউরোপে পশ্চিমের হস্তক্ষেপ নয়।
ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও সাবেক রিয়েল এস্টেট অংশীদার স্টিভ উইটকফের নেতৃত্বে চলা থেমে থেমে এগোনো শান্তি আলোচনায় পুতিন আলোচনার পরিধি শুধু ইউক্রেন নয়, পুরো ইউরোপ পর্যন্ত বাড়ানোর কথা বলেছেন। তিনি চান, ন্যাটো তার সেনা ও ঘাঁটি ১৯৯৭ সালের সীমানায় ফিরিয়ে নিক—যার অর্থ জোটের ১৬টি দেশ বাইরের সহায়তা ছাড়া থেকে যাবে এবং এস্তোনিয়াসহ বাল্টিক দেশগুলো আকাশ প্রতিরক্ষা ছাড়াই পড়ে থাকবে।
পুতিন আরও দাবি করেছেন, যুক্তরাজ্য ও ফ্রান্স যেন অন্য কোনো ইউরোপীয় দেশকে রক্ষায় তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার প্রতিশ্রুতি দেয়। তাঁর যুক্তি, ইউক্রেন নিয়ে যেকোনো চুক্তি হতে হবে ইউরোপজুড়ে বৃহত্তর সমঝোতার অংশ।
এস্তোনিয়ার মতো দেশগুলোর কাছে এই দাবিগুলো সরাসরি তাদের নিরাপত্তা সাজানোর অধিকারকে প্রশ্নের মুখে ফেলে। স্টেনবক হাউসে কাজ করা রাজনীতিক ও সরকারি কর্মকর্তাদের কাছে দেয়ালের সেই ফলকটি প্রতিনিয়ত মনে করিয়ে দেয়, বড় প্রতিবেশীর কাছ থেকে ছোট্ট বাল্টিক দেশটি কী ধরনের ঝুঁকির মুখে রয়েছে।



