জয়পুরহাটের কালাইয়ে কৃষককে মারধর করে ধান লুটের অভিযোগ, ইউপি সদস্য আটক
জয়পুরহাটের কালাই উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে মারধর করে ধান লুটের অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত ইউপি সদস্য নূরনবী সরকারকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার উদয়পুর ইউনিয়নের তেলিহার গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজের জমিতে শ্রমিক দিয়ে আমন ধান কাটাচ্ছিলেন কৃষক তানজির আহমেদ সাকিব (৪০)। তিনি উপজেলার দুধাইল গ্রামের বাসিন্দা। এ সময় নূরনবী সরকারের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে জমিতে গিয়ে ধান কাটতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে রেজাউল ইসলাম নামের এক ব্যক্তি লোহার রড দিয়ে তানজিরের মাথায় আঘাতের চেষ্টা করে। তিনি হাত দিয়ে আঘাত ঠেকাতে গেলে তার ডান হাত জখম হয়। পরে আপেল মাহমুদ মিন্টু, সাইফুল ইসলাম ও কনকসহ কয়েকজন তাকে মারধর করে।
এ ঘটনার পর নূরনবী ও রেজাউল ইসলামসহ নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও সাত থেকে আটজনকে আসামি করে থানায় অভিযোগ দিয়েছেন তানজির। তার অভিযোগ, হামলাকারীরা প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের ২০ মণ আমন ধান লুট করে নিয়ে যায়। এ সময় আরও ১০ মণ ধান নষ্ট করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ছাড়েন অভিযুক্তরা।
কালাই থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে জমি নিয়ে দুই পক্ষের বিরোধ চলছিল। পুলিশ পরিস্থিতি শান্ত করে মীমাংসার চেষ্টা করলে ইউপি সদস্য নূরনবী বাধা দেন। পরে ওসির নির্দেশে অভিযুক্ত ইউপি সদস্য নূরনবী সরকারকে আটক করে পুলিশ।



