অন্য ছেলেদের সঙ্গে কথা বলায় আপত্তি, তামিলনাড়ুতে কিশোরীকে শ্বাসরোধ ও ছুরিকাঘাতে হত্যা
ভারতের তামিলনাড়ুতে অন্য ছেলেদের সঙ্গে কথা না বলার নির্দেশ মানতে অস্বীকৃতি জানানোয় ১৭ বছর বয়সী এক কিশোরীকে শ্বাসরোধ ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ২৩ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। শনিবার তুতিকোরিন জেলার সয়ারপুরমের কাছে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরীর নাম আবরনা। সে সোলাইপুদুর এলাকার বাসিন্দা এবং সেবাথাইয়াপুরমের অরুলমিগু মুথুমালাই আম্মান হিন্দু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। অভিযুক্ত মুথুরাজও একই এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গত দুই বছর ধরে তাদের পরিচয় ছিল এবং তারা একই সম্প্রদায়ের।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আবরনা বাড়িতে একা ছিল। এ সময় ছুরি ও বিষ নিয়ে সেখানে যান মুথুরাজ। তিনি আবরনাকে অন্য ছেলেদের সঙ্গে কথা বলা বন্ধ করতে বলেন।
এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। আবরনা তার দাবি মানতে অস্বীকৃতি জানালে মুথুরাজ তাকে শ্বাসরোধ করেন। পরে বুকের নিচের অংশ ও পিঠে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই আবরনার মৃত্যু হয়।
হত্যার পর মুথুরাজ নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। তিনি নিজের বাঁ হাতের কবজি কেটে ফেলেন এবং বিষ পান করেন।
খবর পেয়ে সয়ারপুরম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুথুরাজকে উদ্ধার করে তুতিকোরিন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আবরনার মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পুলিশ মামলা করেছে। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।



