কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় ভবন ধসে নিখোঁজ ১৪, প্যাট্রিয়ট নিয়ে যুক্তরাষ্ট্রের ওপর চাপ জেলেনস্কির
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় একটি পাঁচতলা আবাসিক ভবন আংশিক ধ্বংস হয়েছে, এতে ১৪ জন হিসাবের বাইরে রয়েছেন। রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন।
কিয়েভের উত্তরে ডিমার এলাকায় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন। সেখানে ভবনের একটি অংশ ধসে পড়ে ও আগুন ধরে যায়। জেলেনস্কি জানিয়েছেন, নয়জনকে সরিয়ে নেওয়া হয়েছে, তবে আরও কেউ ভেতরে আটকা থাকতে পারেন বলে তিনি সতর্ক করেছেন।
এই হামলার পর মিত্রদের অর্থায়নে কেনা মার্কিন তৈরি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদন দিতে ওয়াশিংটনের ওপর আবারও চাপ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। রাশিয়ার বিমান হামলা বাড়তে থাকার প্রেক্ষাপটে তিনি এই আহ্বান জানান। এক্সে দেওয়া বার্তায় জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনে ব্যালিস্টিক-বিরোধী ইন্টারসেপ্টর সরবরাহে বিলম্ব বোঝা বিশেষভাবে কঠিন।’
জেলেনস্কি ওয়াশিংটনকে আহ্বান জানিয়েছেন, ন্যাটোর পিইউআরএল কর্মসূচির মাধ্যমে ইউক্রেনের অংশীদারদের ইতিমধ্যে অর্থ পরিশোধ করা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র হস্তান্তরের অনুমোদন দিতে। এই কর্মসূচির আওতায় মিত্র দেশগুলো কিয়েভের জন্য মার্কিন অস্ত্র কিনতে পারে।
ন্যাটো মহাসচিব মার্ক রুটে চলতি মাসের শুরুতে বলেছিলেন, প্যাট্রিয়টসহ এই কর্মসূচির আওতায় সরবরাহ চলমান রয়েছে।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতভর রাশিয়া ১৮৬টি ড্রোন ছুড়েছে, যার মধ্যে ৭২টি ছিল জেটচালিত মডেলের। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী ১৬১টি ড্রোন গুলি করে ভূপাতিত বা অকার্যকর করেছে, আর ১৮টি স্থানে আঘাত হানার ঘটনা নথিভুক্ত হয়েছে।
জেলেনস্কি বলেন, গত এক সপ্তাহে রাশিয়া ইউক্রেনের ২০টি অঞ্চলে হামলা চালিয়েছে—ছুড়েছে প্রায় ২ হাজার ৭০০টি ড্রোন, প্রায় ১ হাজার ৪৬০টি আকাশ বোমা ও ১৬৫টি ক্ষেপণাস্ত্র।
তাঁর ভাষ্য অনুযায়ী, এসবের অনেকগুলোই ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার মধ্যে উত্তর কোরিয়ায় তৈরি অস্ত্রও রয়েছে। তিনি মস্কোর বিরুদ্ধে পিয়ংইয়ংকে এসব অস্ত্রের নির্ভুলতা বাড়াতে সহায়তা করার অভিযোগ তোলেন।


