বায়ুদূষণে ঢাকার চেয়ে এগিয়ে রংপুর, গবেষণায় গ্রামেও উদ্বেগজনক চিত্র

বায়ুদূষণ এখন আর শুধু রাজধানী ঢাকার সমস্যা নয়। সরকারি পর্যবেক্ষণ ও একাধিক গবেষণায় দেখা যাচ্ছে, উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল, শিল্পাঞ্চল এমনকি গ্রামীণ এলাকাতেও বাতাসে ক্ষতিকর অতি ক্ষুদ্র বস্তুকণা পিএম২.৫-এর উপস্থিতি উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে।
টানা তিন দিন অল্প বৃষ্টির পরও আজ রোববার বেলা ১১টার দিকে বিশ্বের ১২৬টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান ছিল ১১তম, বায়ুর মান ছিল ১৫১, যাকে অস্বাস্থ্যকর বলা হয়। কিন্তু অপেক্ষাকৃত কম জনসংখ্যার শহর গাজীপুরে ওই সময় বায়ুর মান ছিল ১৭৮, এবং তা প্রায় প্রতিদিনই এমন থাকে।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (বায়ুমান) মোহাম্মদ আবদুল মোতালিবের একটি উপস্থাপনায় ২০২৫ সালে দেশের আটটি বিভাগীয় শহরের বায়ুদূষণের চিত্র তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, ওই বছর গড় পিএম২.৫ সবচেয়ে বেশি ছিল রংপুরে—প্রতি ঘনমিটার বাতাসে ১০৫ দশমিক ৮৩ মাইক্রোগ্রাম। এরপর রাজশাহীতে ৯০ দশমিক ৬৬ এবং ঢাকায় ৮৯ দশমিক ৯১ মাইক্রোগ্রাম।
একই হিসাবে ময়মনসিংহে পিএম২.৫ ছিল ৮১ দশমিক ০১, চট্টগ্রামে ৬৪ দশমিক ৭, খুলনায় ৬৩ দশমিক ২৭, বরিশালে ৫৬ দশমিক ৫৫ এবং সিলেটে ৫০ দশমিক ৩২ মাইক্রোগ্রাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক পিএম২.৫ নির্দেশিকা প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রাম; সেই হিসাবে রংপুরের গড় দূষণ ছিল নির্দেশিকার ২১ গুণের বেশি।
মোহাম্মদ আবদুল মোতালিব বলেন, রংপুরে বায়ুদূষণ বেশি হওয়ার একটি কারণ এটি আন্তসীমান্ত দূষিত বায়ুর প্রবেশদ্বার। সেখানে যানবাহন বা অন্য উৎস তেমন বেশি নেই। শুধু রংপুর নয়, এই বায়ুপ্রবাহের কারণে রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলের বড় অংশেও দূষণ বাড়ে।
ঢাকার বাইরের দূষণের চিত্র আরও স্পষ্ট হয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী অ্যাটমসফেরিক পলুশন রিসার্চ-এ প্রকাশিত এক গবেষণায়। গবেষকেরা ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, পঞ্চগড়, নেত্রকোনা ও ভোলায় কম খরচের বায়ুমান সেন্সর বসিয়ে পিএম২.৫ পর্যবেক্ষণ করেন।
গবেষণায় পাঁচটি স্থানের মধ্যে নেত্রকোনায় পিএম২.৫-এর গড় ঘনত্ব সবচেয়ে বেশি পাওয়া যায়—প্রতি ঘনমিটারে ২১২ দশমিক ৮১ মাইক্রোগ্রাম। পঞ্চগড়ে ১২৮ দশমিক ৬, রাজশাহীতে ১১০ দশমিক ৪, ঢাকায় ১০৫ দশমিক ১ এবং ভোলায় ৮২ দশমিক ২ মাইক্রোগ্রাম। অর্থাৎ পাঁচ স্থানের মধ্যে তিনটিতেই দূষণ ঢাকার চেয়ে বেশি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক শহীদ উজ জামান, শতাব্দী রায় ও অধ্যাপক আবদুস সালামসহ দেশি-বিদেশি নয়জন গবেষক এই গবেষণায় যুক্ত ছিলেন। তাঁরা আবহাওয়ার উপাদান ও বাতাসের গতিপথ বিশ্লেষণে জেনারালাইজড অ্যাডিটিভ মডেল ব্যবহার করেন।
গবেষণায় দেখা গেছে, পাঁচটি স্থানেই সকাল ও সন্ধ্যায় দূষণের মাত্রা বেড়ে যায়। উত্তর-পশ্চিম দিক থেকে আসা বাতাস দূষণ বাড়ানোর সঙ্গে সম্পর্কিত, অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আসা বাতাস পিএম২.৫-এর মাত্রা প্রতি ঘনমিটারে ২০ থেকে ৪০ মাইক্রোগ্রাম কমানোর সঙ্গে সম্পর্কিত। গবেষকদের বিশ্লেষণে ভারতের ইন্দো-গাঙ্গেয় সমভূমি থেকে আসা দূষিত বাতাস প্রতিটি স্থানে পিএম২.৫ প্রায় ৫০ মাইক্রোগ্রাম বাড়ানোর সঙ্গে সম্পর্কিত, যদিও স্থানীয় উৎসও গুরুত্বপূর্ণ।
পরিবেশ অধিদপ্তরের ২০২৫ সালে প্রকাশিত ‘অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি ইন বাংলাদেশ (২০১৮–২০২৩)’ প্রতিবেদনে ২৩টি জেলার ৩১টি পর্যবেক্ষণকেন্দ্রের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা যায়, সাভার ও ফার্মগেট ছাড়া অধিকাংশ কেন্দ্রে পিএম২.৫-এর বার্ষিক গড় বেড়েছে; সব অঞ্চলে জানুয়ারিতে দূষণ সবচেয়ে বেশি ও জুলাইয়ে সবচেয়ে কম ছিল, রাতে দিনের তুলনায় ঘনত্ব গড়ে প্রায় ৪০ শতাংশ বেশি এবং শীতকালে গ্রীষ্মের তুলনায় গড়ে প্রায় ৫০ শতাংশ বেশি পাওয়া গেছে।
বিশ্বব্যাংকের সহায়তায় তৈরি জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা ২০২৪–২০৩০-এ আট বিভাগের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বার্ষিক গড় পিএম২.৫ ৪৮ থেকে ১০৩ মাইক্রোগ্রামের মধ্যে—কোনো বিভাগীয় শহরই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকার কাছাকাছি নয়। গ্রামীণ এলাকায় মডেলভিত্তিক অনুমানে বার্ষিক গড় পিএম২.৫ প্রতি ঘনমিটারে ৫৭ মাইক্রোগ্রাম, শহরে জনসংখ্যার ওজন অনুযায়ী ৭৭ মাইক্রোগ্রাম।
বিশ্বব্যাংকের ২০২৩ সালের পরিবেশ বিশ্লেষণ অনুযায়ী, বৃহত্তর ঢাকা অঞ্চলে দূষণের উৎসের মধ্যে বাসাবাড়িতে কঠিন জ্বালানি পোড়ানোর অবদান ২৮ শতাংশ, বিদ্যুৎকেন্দ্রের ২৪ শতাংশ, ইটভাটার ১৩ শতাংশ, পৌর বর্জ্য খোলা জায়গায় পোড়ানোর ১১ শতাংশ, সড়কের ধুলার ৮ শতাংশ ও যানবাহনের ধোঁয়ার ৪ শতাংশ।
বাতাসের পিএম২.৫ কণা শ্বাসের সঙ্গে ফুসফুসের গভীরে ও কিছু ক্ষেত্রে রক্তপ্রবাহেও পৌঁছাতে পারে। দীর্ঘদিন এসব কণার সংস্পর্শে থাকলে হৃদ্রোগ, স্ট্রোক, ফুসফুসের ক্যানসার ও শ্বাসতন্ত্রের রোগের ঝুঁকি বাড়ে; শিশু, বয়স্ক ও আগে থেকে শ্বাসতন্ত্রের রোগে আক্রান্তরা বেশি ঝুঁকিতে থাকেন। বিশ্বব্যাংকের ২০২৪ সালের বিশ্লেষণে বলা হয়েছে, ২০১৯ সালে বায়ুদূষণ ও গৃহস্থালি বায়ুদূষণের কারণে দেশে ১ লাখ ৫৯ হাজারের বেশি মানুষের অকালমৃত্যু হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের উপস্থাপনায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন, পুরোনো ও দূষণকারী যানবাহন নিয়ন্ত্রণ, পোড়ানো হয় না এমন ব্লকের ব্যবহার, বর্জ্য খোলা জায়গায় পোড়ানো বন্ধ ও শিল্পকারখানার নির্গমন নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। ২০৩০ সালের মধ্যে জনসংখ্যার ওজন অনুযায়ী বার্ষিক গড় পিএম২.৫ ১৫ মাইক্রোগ্রাম এবং বৃহত্তর ঢাকায় ৩০ মাইক্রোগ্রাম কমানোর লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আবদুস সালাম বলেন, বায়ুদূষণ এখন আর ঢাকা বা নগরকেন্দ্রিক সমস্যা নয়, এটি প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে গেছে। তিনি রাজধানীর বাইরে পর্যবেক্ষণব্যবস্থা আরও বিস্তৃত করা, স্থানীয় দূষণের উৎস শনাক্ত করা ও অঞ্চলভিত্তিক নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেন।




