ডেঙ্গুতে এক দিনে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ জন
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫১৮ জনে।
রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত এক দিনে মারা যাওয়া দুজনের একজন চট্টগ্রাম বিভাগের এবং আরেকজন রংপুর বিভাগের বাসিন্দা।
একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৫১৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৭৫৫ জন ঢাকা বিভাগের। এছাড়া খুলনা বিভাগে ১৭৪ জন, বরিশাল বিভাগে ১৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৫০ জন, রাজশাহী বিভাগে ১৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন এবং রংপুর বিভাগে ৬৪ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫১৮ জনের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে সবচেয়ে বেশি ২৬১ জন দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগের। এছাড়া খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ৪ জন মারা গেছেন।



