গাবতলীতে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য তৈরি ৭৮৪ ফ্ল্যাট, সাড়ে তিন মাসের মধ্যে হস্তান্তরের লক্ষ্য
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের আবাসনের জন্য রাজধানীর গাবতলী সিটি পল্লিতে নির্মিত হয়েছে চারটি ১৫ তলা ভবন। এসব ভবনে মোট ৭৮৪টি ফ্ল্যাট রয়েছে। গ্যাসের সংযোগ ও বরাদ্দের প্রক্রিয়া শেষ করে আগামী সাড়ে তিন মাসের মধ্যে ফ্ল্যাটগুলো হস্তান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে ডিএনসিসি।
গাবতলী সিটি পল্লিতে পাশাপাশি নির্মিত ভবন চারটির মধ্যে ডব্লিউ-২, ডব্লিউ-৩ ও ডব্লিউ-৪ নম্বর ভবনের প্রতিটিতে প্রতি তলায় ১৬টি করে মোট ৬৭২টি ফ্ল্যাট রয়েছে। অন্যদিকে ডব্লিউ-৫ নম্বর ভবনে প্রতি তলায় আটটি করে মোট ১১২টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।
প্রতিটি ফ্ল্যাটের আয়তন ৫৬৫ বর্গফুট। দুটি শোয়ার ঘরের পাশাপাশি শিশুদের জন্য আলাদা কক্ষ, রান্নাঘর, শৌচাগার ও গোসলখানা রয়েছে। এ ছাড়া ড্রয়িং ও ডাইনিংয়ের জন্য পৃথক জায়গা রাখা হয়েছে। বড় শোয়ার ঘরের সঙ্গে রয়েছে বারান্দা।
ফ্ল্যাটগুলোতে মেঝেতে টাইলস বসানো, দেয়ালে রং করা, বৈদ্যুতিক বাতি ও পাখা স্থাপনসহ প্রয়োজনীয় কাজ শেষ হয়েছে। রান্নাঘরে রয়েছে কিচেন সিঙ্ক। ১৬টি ফ্ল্যাটের ভবনগুলোতে ছয়টি করে এবং আটটি ফ্ল্যাটের ভবনে দুটি করে লিফট বসানো হয়েছে। প্রতিটি ভবনে চলাচলের জন্য দুটি সাধারণ সিঁড়ির পাশাপাশি জরুরি নির্গমনের জন্য আরও দুটি সিঁড়ি রাখা হয়েছে।
তবে গ্যাসের সংযোগ ও ফ্ল্যাট বরাদ্দের কাজ শেষ না হওয়ায় এখনো বাসিন্দাদের কাছে ভবনগুলো হস্তান্তর করা হয়নি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন প্রায় ২ হাজার ৪০০ জন। তাদের মধ্যে প্রায় ৮০০ কর্মী পরিবারসহ গাবতলী এলাকায় বসবাস করেন। একসময় তারা গুলশানে থাকতেন। ২০০৫ সালে তাদের সেখান থেকে গাবতলীতে স্থানান্তর করা হয়।
ফ্ল্যাট বরাদ্দের বিষয়ে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের চাকরির মেয়াদ ও অন্যান্য যোগ্যতা বিবেচনা করে কারা ফ্ল্যাট পাওয়ার উপযুক্ত, তা যাচাইয়ের দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া হয়েছে। প্রধান সম্পত্তি কর্মকর্তা এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা এ জন্য তালিকা তৈরির কাজ করছেন।
তিনি জানান, বরাদ্দের ক্ষেত্রে একটি নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করা হবে, যাতে কেউ বঞ্চিত হওয়ার অনুভূতি না পান। দীর্ঘদিন ধরে কর্মরত এবং অগ্রাধিকার পাওয়ার যোগ্য ব্যক্তিদের বিষয়টি বিবেচনায় রেখে স্বচ্ছ প্রক্রিয়ায় ফ্ল্যাট বরাদ্দের পরিকল্পনা রয়েছে।
শফিকুল ইসলাম খান বলেন, গ্যাসের সংযোগসহ বাকি কাজ শেষ করতে আরও তিন থেকে সাড়ে তিন মাস সময় লাগতে পারে। এ সময়ের মধ্যে বরাদ্দের তালিকাও চূড়ান্ত করার আশা করছে কর্তৃপক্ষ। প্রকল্পটি প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধনের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
তবে ফ্ল্যাট বরাদ্দ নিয়ে এখনো কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানিয়েছেন পরিচ্ছন্নতাকর্মীদের সংগঠন স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের কার্যকরী সভাপতি রাজু গাজী। তিনি বলেন, চাকরির মেয়াদ বেশি—এমন কর্মীদের অগ্রাধিকার দেওয়ার কথা তারা শুনেছেন। তবে গুলশান থেকে যেসব কর্মীকে সরিয়ে গাবতলীতে আনা হয়েছিল, তাদের যেন এসব ফ্ল্যাটে বরাদ্দ দেওয়া হয়, সে দাবি জানিয়েছেন তারা।
ফ্ল্যাটগুলোর রান্নাঘরে গ্যাস ব্যবহারের ব্যবস্থা রাখা হলেও কেন্দ্রীয় গ্যাস প্ল্যান্ট নির্মাণের কাজ এখনো শেষ হয়নি। এ জন্য পৃথক দরপত্রের মাধ্যমে কাজ করছে ডিএনসিসি। পরিকল্পনা অনুযায়ী, কেন্দ্রীয় প্ল্যান্ট থেকে প্রতিটি ফ্ল্যাটে আলাদা সংযোগের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হবে। ফলে বাসিন্দাদের নিজস্বভাবে গ্যাসের সিলিন্ডার কেনা ও সংরক্ষণের প্রয়োজন হবে না।
ভবনগুলোর নিচ তলা সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান আয়োজনের জন্য নির্ধারণ করা হয়েছে। শুরুতে নিচ তলার খোলা অংশে নিরাপত্তার জন্য কোনো দেয়াল বা গেট ছিল না। ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খানের নির্দেশে বর্তমানে ইটের দেয়াল ও লোহার গ্রিল দিয়ে জায়গাটি ঘিরে দেওয়ার কাজ চলছে। সেখানে কলাপসিবল গেটও স্থাপন করা হবে।
পরিচ্ছন্নতাকর্মীদের সন্তানদের শিক্ষার জন্য আবাসন প্রকল্প এলাকায় চারতলা একটি বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়েছে। স্কুল পরিচালনার জন্য একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে সমঝোতা চুক্তি করেছে ডিএনসিসি। এ ছাড়া আবাসিক এলাকায় অগ্নিনিরাপত্তার জন্য অগ্নিনির্বাপণ ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে নিজস্ব সাবস্টেশন এবং বিকল্প ব্যবস্থা হিসেবে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে।
‘গাবতলী সিটি পল্লিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ক্লিনারদের জন্য বহুতলবিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে ২৮৪ কোটি ৭৩ লাখ টাকা। ২০১৭ সালে শুরু হওয়া প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ১১৭ কোটি টাকা। কাজ শেষ করার সময়সীমা ছিল ২০১৯ সালের জুন। পরবর্তী সময়ে তিন দফায় প্রকল্পটির ব্যয় সংশোধন করা হয়—প্রথম দফায় ২২১ কোটি টাকা, দ্বিতীয় দফায় ২৪৯ কোটি এবং তৃতীয় দফায় ২৮৪ কোটি টাকা।

