মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী শুরু

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফরাসি দার্শনিক, সাহিত্যিক ও ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী অঁন্দ্রে মালরো স্মরণে ঢাকায় বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে। মুক্তিযুদ্ধ জাদুঘর ও ঢাকায় ফরাসি দূতাবাসের যৌথ আয়োজনে এই প্রদর্শনী চলবে ৩০ নভেম্বর পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
আগামীকাল ২৩ নভেম্বর মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে রোববার দুপুর ১২টায় মুক্তিযুদ্ধ জাদুঘরের লবিতে প্রদর্শনীর উদ্বোধন করেন ফরাসি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেডরিক ইনজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চিকিৎসক আমজাদ হোসেন। অনুষ্ঠানে বিদেশি কূটনীতিক, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ত্রপা মজুমদার মালরোর পরিচিতি ও মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা তুলে ধরেন। ১৯৭১ সালে মালরোর বয়স ছিল ৭০ বছর। তিনি শুধু বিবৃতি দিয়েই থামেননি; একটি আন্তর্জাতিক ব্রিগেড গঠনের ঘোষণা দিয়ে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার প্রস্তুতিও নিয়েছিলেন, যদিও বয়সের কারণে তাঁকে যুদ্ধে অংশ নেওয়া থেকে বিরত রাখা হয়েছিল।
মালরো মুক্তিযুদ্ধে মার্কিন নীতির তীব্র সমালোচনা করে প্রেসিডেন্ট নিক্সনকে চিঠি লিখেছিলেন এবং টাইম সাময়িকীতে সাক্ষাৎকার দিয়েছিলেন। সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের চিঠির জবাবেও তিনি মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছিলেন। স্বাধীনতার পর বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ১৯৭৩ সালের ২১ থেকে ২৪ নভেম্বর তিনি বাংলাদেশ সফর করেন। তিনি মারা যান ১৯৭৬ সালের ২৩ নভেম্বর।
উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রেডরিক ইনজা বলেন, মুক্তিযুদ্ধে ফরাসি জনগণের হয়ে মালরো যে ভূমিকা রেখেছিলেন, তা বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের বন্ধন তৈরি করেছে। তাঁর ভাষায়, মালরো বাংলাদেশের সেই দুঃসময়কে দূরবর্তী কোনো রাজনৈতিক বিষয় হিসেবে দেখেননি; বরং মানবিক মর্যাদা ও স্বাধীনতার মৌলিক প্রশ্ন হিসেবে উপলব্ধি করেছিলেন।
নিজের যুদ্ধ অভিজ্ঞতার কথা উল্লেখ করে আমজাদ হোসেন বলেন, সেই সময় ফরাসি জনগণের প্রতিনিধি হিসেবে মালরোর প্রতিবাদ এবং মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার ঘোষণা মুক্তিযোদ্ধাদের খুবই উজ্জীবিত করেছিল। তিনি নিজে যুদ্ধে গুরুতর আহত হয়েছিলেন এবং তাঁর এক বন্ধু শহীদ হয়েছিলেন বলেও জানান।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, স্বাধীনতার পরের সফরে মালরো নির্মাণাধীন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছিলেন, হাসপাতালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং চট্টগ্রাম ও রাজশাহীতেও গিয়েছিলেন। এই প্রদর্শনীর মাধ্যমে তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধে বাংলাদেশের এই বন্ধুর অবদান সম্পর্কে জানতে পারবে বলে তিনি মন্তব্য করেন।
প্রদর্শনীটি সাজানো হয়েছে ফ্রান্সের জাতীয় পতাকার নীল-সাদা-লাল ও বাংলাদেশের পতাকার লাল-সবুজ রঙের চারটি বোর্ডে, ছবি, পত্রিকার কাটিং ও গ্রাফিকস দিয়ে। পূর্ব পাশের বোর্ডগুলোতে রয়েছে মুক্তিযুদ্ধের সময় ফ্রান্সে থেকে মালরোর ভূমিকা — নিক্সনকে লেখা চিঠি, টাইম সাময়িকীর প্রচ্ছদ ও সাক্ষাৎকার এবং জহির রায়হানের চিঠির জবাব।
পশ্চিম পাশের বোর্ডগুলোতে সাজানো হয়েছে ১৯৭৩ সালের বাংলাদেশ সফরের ছবি — বিমানবন্দরে সংবর্ধনা, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, হাসপাতালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের দেখতে যাওয়া এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি-লিট প্রদানের দৃশ্য, সঙ্গে স্থানীয় পত্রিকায় প্রকাশিত সেসময়ের প্রতিবেদন।
বোর্ডগুলোর মাঝে একটি এলইডি মনিটরে মালরোকে নিয়ে তৈরি তথ্যচিত্র দেখানো হচ্ছে। পশ্চিম প্রান্তে রয়েছে একটি বড় ছবির কাটআউট, যেখানে হাসপাতালে এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মালরোকে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন; মালরো সেই মালা আবার ওই মুক্তিযোদ্ধার গলায় পরিয়ে দিয়ে বলেছিলেন, মালাটি তাঁকে নয়, ওই মুক্তিযোদ্ধাকেই দেওয়া উচিত।

