আদালতের স্থগিতাদেশ এড়িয়ে আইওয়ায় বোমার রাসায়নিক বিস্ফোরণ ঘটাতে চায় মার্কিন সেনাবাহিনী

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে কয়েক টন বোমা তৈরির রাসায়নিক বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা নিয়ে আদালতের স্থগিতাদেশ এড়াতে জরুরি বিধান প্রয়োগের পথে হাঁটছে মার্কিন সেনাবাহিনী। সরকারি আইনজীবীরা বলেছেন, আবহাওয়া আরও ঠান্ডা হয়ে গেলে বিলম্ব এই কাজকে আরও বিপজ্জনক করে তুলবে।
শনিবার গভীর রাতে অষ্টম মার্কিন সার্কিট আপিল আদালতে দাখিল করা নথিতে সরকারি আইনজীবীরা বলেন, ‘নিজের কর্মী ও আশপাশের সম্প্রদায়কে রক্ষা করতে সেনাবাহিনীকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। মানবস্বাস্থ্য ও পরিবেশের সুরক্ষার দাবি এখনই ব্যবস্থা নেওয়া, বিলম্ব নয়।’
সেনাবাহিনীর পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবারের মধ্যেই এই রাসায়নিক বিস্ফোরণ ঘটানো হবে।
এর আগে বৃহস্পতিবার আপিল আদালত পরিবেশবাদীদের আবেদনে সাড়া দিয়ে বিস্ফোরণের অনুমতিপত্রটি স্থগিত করে দেন। বিস্ফোরণটি হওয়ার কথা ছিল ডেস মইনেস থেকে প্রায় ১৬০ মাইল (২৫৭ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে অবস্থিত ছোট্ট জনপদ মিডলটাউনে।
প্রথমে শুক্রবার বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল। কিন্তু স্বাস্থ্য ও পরিবেশগত প্রভাব নিয়ে জনমনে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ার পর সেনাবাহিনী পরে ঘোষণা দেয়, অভিযানটি সোমবার পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।
চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ) জরুরি অনুমতিপত্রটি অনুমোদন করেছিল। পরিবেশবাদীরা এখন সেই অনুমতিপত্র পর্যালোচনার দাবি জানিয়েছেন।
রোববার এক বিবৃতিতে আইওয়া এনভায়রনমেন্টাল কাউন্সিল, সিয়েরা ক্লাব ও আর্থজাস্টিস প্রশ্ন তোলে—সব বিকল্প যথাযথভাবে বিবেচনা করা হয়েছে কি না, সেই দাবি নিয়েই তারা সন্দিহান।
আর্থজাস্টিসের আইনজীবী থিয়েন চাউ বলেন, ‘সপ্তাহান্তে সেনাবাহিনীকে জনসাধারণের বৃহত্তর স্বচ্ছতা, ক্ষতিগ্রস্ত সম্প্রদায়কে জানানো এবং মানুষ, সম্পত্তি ও পরিবেশকে গুরুতর ক্ষতি থেকে অনেক শক্তিশালী সুরক্ষা দেওয়ার দাবি মেটানোর চেয়ে বিচারিক প্রক্রিয়াকে পাশ কাটানোর উপায় খুঁজতেই বেশি উদ্বিগ্ন মনে হয়েছে।’
সরকারি আইনজীবীদের যুক্তি, তাৎক্ষণিক হুমকি মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিতে সেনাবাহিনীর কোনো অনুমতিপত্রের প্রয়োজন নেই। তাঁদের মতে, বিস্ফোরক বা যুদ্ধাস্ত্র-সংক্রান্ত জরুরি পরিস্থিতি বিশেষজ্ঞ তাৎক্ষণিক হুমকি নির্ধারণ করলে বিপজ্জনক বর্জ্য নিয়ন্ত্রণের ফেডারেল আইনের মানদণ্ড প্রযোজ্য হয় না।
কর্মকর্তাদের দাবি, রাসায়নিকগুলো অস্থিতিশীল এবং অনিয়ন্ত্রিত বিস্ফোরণের ঝুঁকি বাড়ছে, বিশেষ করে তাপমাত্রা কমতে থাকায়। আগামী দিনগুলোতে তাপমাত্রা ৩০ ডিগ্রি ফারেনহাইটের (মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াস) নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে, তখন এই রাসায়নিক বিস্ফোরিত হতে পারে বলে তাঁরা জানিয়েছেন।
গত মার্চে আইওয়া আর্মি অ্যামিউনিশন প্ল্যান্টের কর্মীরা কয়েক ডজন ব্যারেল ক্ষয়িষ্ণু লেড অ্যাজাইড খুঁজে পান, যা যুদ্ধাস্ত্র উৎপাদনে ব্যবহৃত হয়। উপাদানটির স্ফটিকীভবন একটি অস্থিতিশীল ও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে। এরপর সেনাবাহিনী যুদ্ধাস্ত্র রসায়ন, প্রকৌশল ও পরিবেশগত নিরাপত্তা বিশেষজ্ঞদের নিয়ে একটি পরিকল্পনা তৈরি করে।
ইপিএর নথি অনুযায়ী, অন্য রাসায়নিক দিয়ে ব্যারেলের উপাদান নিষ্ক্রিয় ও বিয়োজন করার মতো বিকল্পগুলো বিবেচনা করা হয়েছিল। কিন্তু কর্মকর্তারা বলেন, ব্যারেলগুলো নাড়াচাড়া করলে দুর্ঘটনাজনিত প্রাণঘাতী বিস্ফোরণের সম্ভাবনা বেড়ে যাবে।
পরিবেশবাদী গোষ্ঠীগুলো এর সঙ্গে দ্বিমত পোষণ করে আবেদনে বলেছে, অন্য বিকল্পগুলো পূর্ণাঙ্গভাবে বিবেচনা করা হয়নি। জনসাধারণের সঙ্গে আরও তথ্য ভাগ না করার জন্যও তারা কর্মকর্তাদের সমালোচনা করেছে।
মিডলটাউনে প্রায় ৪০০ মানুষ বাস করেন, তবে আশপাশের এলাকার আরও হাজার হাজার মানুষ আক্রান্ত হতে পারেন—বিস্ফোরিত উপাদান বাতাসে ছড়িয়ে মাটিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে, জানালা-দরজা বন্ধ রাখতে, পোষা প্রাণী ও গবাদিপশু ঘরে আনতে এবং পরে গাড়ি, জানালার চৌকাঠ ও বাইরের তল পরিষ্কার করতে বলা হয়েছে।
এক সতর্কবার্তায় বলা হয়েছে, ‘বিস্ফোরণের ফলে সিসাযুক্ত কণাসহ একটি বায়ুস্তম্ভ তৈরি হবে, যা বাতাসে ছড়িয়ে মাটিতে জমা হবে। সিসা মানুষ ও প্রাণীর জন্য বিষাক্ত।’




