নতুন বছরের পর ইরানে নতুন হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, আলোচকদের বললেন ‘পেশাদার ট্যাপ ড্যান্সার’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, দুই দেশ কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে নতুন বছরের পর ইরানের বিরুদ্ধে সামরিক হামলার নির্দেশ দেওয়ার দিকে তিনি ঝুঁকছেন। তেহরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনাকে তিনি অর্থহীন বলে উড়িয়ে দিয়েছেন।
রোববার ফক্স নিউজকে দেওয়া একান্ত মন্তব্যে ট্রাম্প ইরানি আলোচকদের বিরুদ্ধে সময়ক্ষেপণের অভিযোগ তোলেন এবং বলেন, মার্কিন নির্বাচনের পর থেকে হামলা-পাল্টা হামলা বাড়ার মধ্যেও তারা শত্রুতা বাড়িয়ে চলেছে।
ট্রাম্প ইরানি কর্মকর্তাদের ‘পেশাদার ট্যাপ ড্যান্সার’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, তারা সব সময় শুধু কথা বলে, কিন্তু সেসব কথার কোনো অর্থ নেই — এ কথা বলতে গিয়ে তিনি একটি অশালীন শব্দও ব্যবহার করেন।
ট্রাম্প বলেন, ‘নির্বাচনের আগের চেয়ে তারা এখন আরও আক্রমণাত্মক।’ তাঁর এই মন্তব্য এসেছে এমন সময়ে, যখন হরমুজ প্রণালী ঘিরে বৃহত্তর সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধ বজায় রেখেছে।
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলতে থাকবে বলেও পূর্বাভাস দিয়েছেন ট্রাম্প।
ইরানি বাহিনী নৌ অবরোধ পরীক্ষা করতে এলে কী হবে, সে বিষয়েও তেহরানকে চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি। ট্রাম্প বলেন, ‘আমি আশা করি তারা তা-ই করবে; নৌবাহিনীর বাকিদের মতো তারাও সাগরের তলায় যাবে।’
এদিকে ইরানের কয়েকটি শহরে আবার সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দেশটির ভেতরে নতুন করে শুরু হওয়া অস্থিরতা নিয়ে প্রশ্ন করা হলে বিক্ষোভকারীদের উদ্দেশে ট্রাম্প সরাসরি বার্তা দেন: ‘বিক্ষোভ চালিয়ে যান।’




