ইরানের সীমান্তে ‘ট্রাম্প করিডোর’ চালুর ঘোষণা আর্মেনিয়ার, তেহরানের হুঁশিয়ারি ‘পা ভেঙে দেব’

ইরানের উত্তর সীমান্ত ঘেঁষে যুক্তরাষ্ট্র-সমর্থিত পরিবহন ও জ্বালানি প্রকল্প চালু করতে যাচ্ছে আর্মেনিয়া। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান নিশ্চিত করেছেন, সোমবার ‘ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপেরিটি’ (ট্রিপ) প্রকল্পটি চালু হবে। অন্যদিকে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা আলি আকবর ভেলায়াতি হুঁশিয়ারি দিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর মিত্ররা ইরানের ‘লাল রেখা’ অতিক্রম করলে তেহরান ‘তাদের পা ভেঙে দেবে’।
এই করিডোরের মাধ্যমে আজারবাইজানের মূল ভূখণ্ড দক্ষিণ আর্মেনিয়ার ভেতর দিয়ে তার ছিটমহল নাখচিভানের সঙ্গে যুক্ত হবে এবং তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে জ্বালানি সংযোগ গড়ে উঠবে। প্রকল্পটি আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গৃহীত শান্তি উদ্যোগের কেন্দ্রবিন্দু।
ইয়েরেভানে ডিজিটেক ২০২৬ প্রযুক্তি সম্মেলনে পাশিনিয়ান বলেন, সোমবার ট্রিপ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হবে এবং জ্বালানি ও বিদ্যুৎ পরিবহন হবে এর গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, আর্মেনিয়া এখন তার বিদ্যুৎ গ্রিড তুরস্ক ও আজারবাইজানের গ্রিডের সঙ্গে যুক্ত করবে।
ভেলায়াতি ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির জ্যেষ্ঠ পররাষ্ট্রনীতি উপদেষ্টা। তাসনিম বার্তা সংস্থার বরাতে জানা গেছে, ৫ নভেম্বর ইরানি পত্রিকা এত্তেলাআতে প্রকাশিত এক নিবন্ধে তিনি লিখেছেন, আর্মেনিয়ার রাষ্ট্রদূতকে তিনি স্পষ্ট করে শেষ কথা জানিয়ে দিয়েছেন — ট্রাম্প ও তাঁর মিত্ররা ইরানের এই লাল রেখা পেরোতে চাইলে তাদের পা ভেঙে দেওয়া হবে।
প্রায় ২৬ মাইল দীর্ঘ এই করিডোর ইরানের সীমান্তের কাছে আর্মেনিয়ার দক্ষিণাঞ্চলীয় সিউনিক প্রদেশের ভেতর দিয়ে যাবে। এতে রেলপথ, সড়ক, বিদ্যুৎ সঞ্চালন লাইন ও ফাইবার-অপটিক কেবল থাকবে, যা মধ্য এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্য সংযোগ তৈরি করবে।
আজারবাইজান যেটিকে ‘জাঙ্গেজুর করিডোর’ বলে, সেই প্রস্তাবের দীর্ঘদিন ধরেই বিরোধিতা করে আসছে ইরান। তেহরানের আশঙ্কা, এতে ওই এলাকার ওপর আর্মেনিয়ার নিয়ন্ত্রণ দুর্বল হতে পারে, আর্মেনিয়ায় ইরানের প্রবেশাধিকার ব্যাহত হতে পারে এবং সীমান্তের কাছে বাইরের শক্তির উপস্থিতি বাড়তে পারে। ২০২৫ সালের আগস্টে ভেলায়াতি এই করিডোরকে ট্রাম্পের ‘ভাড়াটে সৈন্যদের কবরস্থান’ হয়ে উঠতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন।
প্রকল্পটির ভিত্তি তৈরি হয় নাগোর্নো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের দশকের পর দশকের সংঘাত অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নেওয়া কূটনৈতিক উদ্যোগ থেকে। ২০২৫ সালে হোয়াইট হাউসে পাশিনিয়ান ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে আতিথ্য দেন ট্রাম্প; সেখানে দুই নেতা শান্তি, সম্পর্ক স্বাভাবিককরণ ও আঞ্চলিক পরিবহন সংযোগ পুনরায় চালুর লক্ষ্যে যৌথ ঘোষণায় সই করেন।
জানুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরারাত মির্জোয়ান ঘোষিত বাস্তবায়ন কাঠামো অনুযায়ী, ট্রিপ ডেভেলপমেন্ট কোম্পানি অবকাঠামো উন্নয়নের তদারকি করবে। কোম্পানিটিতে যুক্তরাষ্ট্র-নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠানের মালিকানা থাকবে ৭৪ শতাংশ, আর্মেনিয়ার ২৬ শতাংশ। কোম্পানিটি প্রাথমিকভাবে ৪৯ বছরের জন্য উন্নয়ন অধিকার পাবে, আরও ৫০ বছর বাড়ানোর সুযোগ থাকবে; সম্প্রসারিত মেয়াদে আর্মেনিয়ার মালিকানা বেড়ে হবে ৪৯ শতাংশ।
কাঠামো অনুযায়ী, এলাকাটির ওপর আর্মেনিয়ার এখতিয়ার বজায় থাকবে — শুল্ক, অভিবাসন, আইনশৃঙ্খলা ও সীমান্ত নিরাপত্তার দায়িত্ব থাকবে আর্মেনিয়ার কর্তৃপক্ষের হাতে। বাণিজ্য ও পরিবহনে সহায়তার জন্য বেসরকারি অপারেটরও যুক্ত থাকবে।
গত ২৮ অক্টোবর আর্মেনিয়ার পার্লামেন্ট ৬৩-৩২ ভোটে চুক্তিটি অনুমোদন করে এবং ১২ নভেম্বর প্রেসিডেন্ট ভাগন খাচাতুরিয়ান অনুমোদন আইনে সই করেন। নভেম্বরে যুক্তরাষ্ট্র, আর্মেনিয়া ও আজারবাইজান উদ্যোগটি এগিয়ে নিতে ত্রিপক্ষীয় কারিগরি পরিকল্পনা দল চালুর ঘোষণাও দিয়েছে।




