অবরোধ ভাঙতে ১৪ তেল ট্যাংকার সাজাচ্ছে ইরান, হুঁশিয়ারি ট্রাম্পের: ‘সাগরের তলায় যাবে সব’

ইরান এক ডজনের বেশি তেল ট্যাংকার যুক্তরাষ্ট্রের বন্দর-অবরোধ ভেঙে বের করে আনার পরিকল্পনা করছে—এমন খবরে রোববার বৃহত্তর সংঘাতের আশঙ্কা বেড়েছে। এক সামুদ্রিক নিরাপত্তা বিশেষজ্ঞ ঝুঁকিপূর্ণ মুখোমুখি অবস্থার সতর্কবার্তা দিয়েছেন, আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপসাগরজুড়ে মোতায়েন মার্কিন বাহিনীকে পরীক্ষা করতে তেহরানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
ইরান অবরোধ ভাঙার চেষ্টা করবে কি না—এ প্রশ্নে ট্রাম্প ফক্স নিউজের প্রধান পররাষ্ট্র সংবাদদাতা ট্রে ইংস্টকে বলেন, ‘আমি আশা করি তারা তা করবে, নৌবাহিনীর বাকিদের মতো তারাও সবাই সাগরের তলায় যাবে।’ গত এপ্রিলে প্রথম আরোপ করা এ অবরোধ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
খবরে বলা হয়েছে, ইরান খার্গ দ্বীপ থেকে অবরোধ ভাঙার জন্য ট্যাংকারের একটি বহর প্রস্তুত করছে। খার্গ দ্বীপ ইরানের একটি গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র, যেখান দিয়ে দেশটির অপরিশোধিত তেল রপ্তানির বেশির ভাগ অংশ যায়। পরিকল্পিত অভিযানে ট্যাংকারগুলো খার্গ দ্বীপ থেকে ওমান উপসাগরের দিকে যাত্রা করবে; সম্ভাব্য অবরোধ-ভাঙার চেষ্টার আগে জাহাজগুলোতে নাবিক নিয়োগ করা হয়েছে এবং ইরানি পতাকা তোলা হয়েছে বলে জানা গেছে।
তেহরান পৌরসভা-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম হামশাহরির ২০ নভেম্বরের এক প্রতিবেদনের পর এ মূল্যায়ন এসেছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়, অবরোধ ভাঙতে ইরান খার্গ দ্বীপে ১৪টি ট্যাংকার অবস্থান করিয়েছে।
ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরান (ইউএএনআই)-এর জ্যেষ্ঠ উপদেষ্টা ও সামুদ্রিক নিষেধাজ্ঞা প্রয়োগ বিশেষজ্ঞ চার্লি ব্রাউন কথিত এ অভিযানকে ‘প্রচারণা’ বলে উড়িয়ে দিয়েছেন এবং বলেছেন, চেষ্টা করা হলেও এ পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা কম। রোববার ফক্স নিউজ ডিজিটালকে তিনি বলেন, ‘ইরানিদের হঠাৎ ১৪টি জাহাজ মোতায়েন করে কনভয় আকারে অবরোধ ভাঙার চেষ্টার এই কথিত পরিকল্পনা—এটা হাস্যকর।’ তিনি বলেন, ‘অবরোধ কেবল একটি রেখা অতিক্রম করার বিষয় হিসেবে প্রয়োগ করা হয় না; মার্কিন নৌবাহিনীর এ অবরোধ প্রয়োগের সক্ষমতা পুরো ভারত মহাসাগর এবং তার বাইরেও বিস্তৃত।’
ব্রাউন আরও বলেন, ‘জাহাজগুলো মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের পরিচালনাধীন এলাকা থেকে বের হওয়ার চেষ্টা করলে সপ্তম বহরই পরবর্তী এলাকা কমান্ড, যার দায়িত্ব ভারত মহাসাগরে। তাদের জাহাজ ও বিমান এখনই সেখানে আছে, তারাই দায়িত্ব নিয়ে নেবে।’
সম্ভাব্য এ মুখোমুখি অবস্থা এসেছে ক্রমবর্ধমান সামুদ্রিক উত্তেজনার মধ্যে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) রোববার জানিয়েছে, ওমান উপসাগরে সামরিক বাহিনীর সঙ্গে একটি ট্যাংকারের ঘটনা ঘটেছে। তবে সংস্থাটি জাহাজটির পরিচয় জানায়নি এবং কথিত ইরানি কনভয়ের সঙ্গে ঘটনাটিকে যুক্তও করেনি। পরামর্শে ইউকেএমটিও বলেছে, ‘জাহাজগুলোকে সর্বশেষ সামুদ্রিক নিরাপত্তা তথ্য বিবেচনা করতে এবং পরিবর্তনশীল অভিযান পরিবেশ সম্পর্কে সচেতন থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে।’
ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) সতর্ক করে বলেছে, ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপে তেহরানের হাতে বিকল্প কমে যাওয়ায় ইরান কয়েক দিনের মধ্যেই অবরোধ ভাঙার চেষ্টা করতে পারে। প্রতিষ্ঠানটি এক হালনাগাদে বলেছে, ‘ইরানের অবনতিশীল অর্থনৈতিক পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে, যা ইরানি কর্মকর্তাদের মার্কিন অবরোধ ভাঙার প্রয়োজনীয়তা নিয়ে ভাবতে বাধ্য করছে।’ আইএসডব্লিউ আরও বলেছে, ‘অবরোধ ভাঙার চেষ্টা ইরানকে বড় ঝুঁকিতে ফেলবে—সর্বনিম্নভাবে একটি ট্যাংকার বহর ধ্বংস হওয়া থেকে শুরু করে সম্ভবত যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর পরিসরে সংঘাত আবার শুরু হওয়া, অথবা দুটোই।’ প্রতিষ্ঠানটির মতে, ইরানের এ ঝুঁকি নেওয়ার ইচ্ছাই দেখিয়ে দেয়, শাসকগোষ্ঠী বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে কতটা ভয়াবহ ও টেকসই নয় বলে মনে করছে।
ব্রাউন অবশ্য সন্দেহ প্রকাশ করেছেন, তেহরান আদৌ ট্যাংকারগুলো পাঠাবে কি না। তাঁর মতে, কথিত এ অভিযান কার্যকর কৌশলের চেয়ে প্রতিরোধের ভাব দেখানোর চেষ্টা বেশি। তিনি বলেন, কথিত এ অবরোধ-ভাঙা ‘সম্ভবত প্রচারণা—এ ধরনের একের পর এক প্রচারণামূলক বক্তব্যেরই আরেকটি, যেগুলো সত্য হয় না এবং সহজেই খণ্ডন করা যায়।’ ট্যাংকারগুলো বোঝাই হয়ে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে—এমন খবরও তিনি নাকচ করেন। খার্গ দ্বীপে উপগ্রহ পর্যবেক্ষণের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘উপগ্রহ চিত্রে আমরা খার্গ দ্বীপের বোঝাই কার্যক্রম সতর্কভাবে দেখেছি, বেশ কিছুদিন ধরে সেখানে উল্লেখযোগ্য কোনো বোঝাইয়ের ইঙ্গিত সত্যিই নেই।’
ব্রাউনের ভাষ্য অনুযায়ী, ১৪ জাহাজের কনভয় সমন্বয় করাও বড় রসদগত চ্যালেঞ্জ হবে—এতে অগ্রবর্তী ও পশ্চাৎবর্তী জাহাজ, সমন্বিত যোগাযোগ এবং মার্কিন সামরিক নির্দেশের জবাবে করণীয় পদ্ধতি লাগবে। থামার নির্দেশ মানতে অস্বীকার করলে বেসামরিক নাবিকেরা বড় বিপদে পড়তে পারেন বলেও তিনি সতর্ক করেন। তাঁর মতে, মার্কিন বাহিনী সম্ভবত নৌবাহিনীর জাহাজ বা বিমান থেকে রেডিওতে ট্যাংকারগুলোর সঙ্গে যোগাযোগ করে থামতে বলবে; অস্বীকৃতি জানালে আরও কঠোর সামরিক জবাব আসতে পারে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ১৮ নভেম্বরের এক পরামর্শে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সতর্ক করে বলেছে, জাহাজ থেকে জাহাজে স্থানান্তরের মাধ্যমে ইরানি পণ্য গ্রহণকারী জাহাজগুলো আটক বা জব্দের মুখে পড়তে পারে—এতে অবরোধ ইরানি বন্দর থেকে ছাড়া জাহাজের বাইরেও বিস্তৃত হচ্ছে। ব্রাউন বলেন, মার্কিন বাহিনীর একসঙ্গে একাধিক জাহাজ আটকানোর জাহাজ, বিমান ও পদ্ধতি আছে, আর সংকীর্ণ হরমুজ প্রণালির তুলনায় ভারত মহাসাগরের উন্মুক্ত পানিতে চলাচলের জায়গাও বেশি। তিনি বলেন, ‘তারা একাধিক জাহাজ নিয়ে চেষ্টা করলে আমি বেশ আত্মবিশ্বাসী, সবগুলোই বা বেশির ভাগ—সম্ভবত সবগুলোই—আটকানো হবে।’




