টুপি গিলে মারা গেল সিনসিনাটি চিড়িয়াখানার প্রিয় জলহস্তী ফিওনা, দর্শনার্থীদের সতর্ক করলেন পশুচিকিৎসকেরা

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি চিড়িয়াখানার প্রিয় নীল নদের জলহস্তী ফিওনা মারা গেছে। নয় বছর বয়সী ফিওনা বৃহস্পতিবার মারা যায়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, তার আবাসে দুর্ঘটনাবশত পড়ে যাওয়া একটি টুপি গিলে ফেলেছিল সে। টুপিটি তার ক্ষুদ্রান্ত্রে আটকে যায় এবং অস্ত্রোপচার করা সম্ভব হয়নি।
সিনসিনাটি চিড়িয়াখানার পরিচালক ডেভ জেনিকে এক বিবৃতিতে বলেন, প্রাণীসেবা দল ফিওনাকে বাঁচাতে বীরত্বপূর্ণ চেষ্টা করেছে। তারা সম্ভাব্য সবকিছু করেছে, কিন্তু ফিওনার শরীর আর লড়তে পারেনি।
ফিওনার মৃত্যুর পর চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের আবার মনে করিয়ে দেওয়া হচ্ছে, বিদেশি কোনো বস্তু গিলে প্রাণীর মৃত্যু পর্যন্ত হতে পারে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, মৃত্যুর ঘটনা বিরল হলেও কয়েন, জুতা ও সানগ্লাসের মতো জিনিস প্রায়ই প্রাণীদের খাঁচা বা আবাসে পড়ে যায়, কখনো কখনো ছুড়েও ফেলা হয়।
এর আগেও যুক্তরাষ্ট্রের চিড়িয়াখানাগুলোতে এমন ঘটনা ঘটেছে। ২০২৪ সালে ওমাহার হেনরি ডোরলি চিড়িয়াখানা ও অ্যাকুয়ারিয়ামে একটি কুমিরের শরীর থেকে যুক্তরাষ্ট্রের ৭০টি কয়েন সফলভাবে বের করা হয়। ২০২৫ সালে মেমফিস চিড়িয়াখানায় একটি কমোডো ড্রাগন তার আবাসে ছুড়ে ফেলা একটি জুতা খেয়ে ফেলে; জুতাটি বের করা হয় এবং ড্রাগনটি বেঁচে যায়।
জু মায়ামির সহযোগী পশুচিকিৎসক ডা. গ্যাব্রিয়েলা ফ্ল্যাকে জানান, তার চিড়িয়াখানার কর্মীরা কুমিরের শরীর থেকে সেলফোনের মতো জিনিসও উদ্ধার করেছেন। তিনি বলেন, কিছু জিনিস এন্ডোস্কোপ দিয়ে বের করা যায়—মুখ দিয়ে ক্যামেরা ঢুকিয়ে পাকস্থলী থেকে জিনিসটি ধরে টেনে আনা হয়। আবার কয়েকটি ক্ষেত্রে বড় জিনিস বের করতে অস্ত্রোপচার করতে হয়েছে।
তবে কুমিরের তুলনায় জলহস্তীর শরীর থেকে জিনিস বের করা কঠিন বলে জানিয়েছেন পশুচিকিৎসকেরা। ফ্ল্যাকে বলেন, কুমিরের পরিপাকতন্ত্রে দুটি অংশে বিভক্ত একটি পাকস্থলী থাকে, অন্যদিকে জলহস্তীর পাকস্থলী বহু প্রকোষ্ঠবিশিষ্ট। আমেরিকান ভেটেরিনারি মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জেন কোয়ামেন বলেন, বস্তুটির আকার বা আকৃতিই সব সময় মূল বিষয় নয়; শরীরের ভেতরে বস্তুটিকে যে বাঁক ও পথ পেরোতে হয়, সেটিই অনেক সময় জটিলতা তৈরি করে। ফিওনার ক্ষেত্রে ছোট টুপিটিই এভাবে প্রাণঘাতী হয়ে ওঠে।
পশুচিকিৎসকেরা দর্শনার্থীদের মনে করিয়ে দিয়েছেন, চিড়িয়াখানার প্রাণীদের বিশেষ খাদ্যের প্রয়োজন থাকে এবং সেবাকারীরাই সেই খাবার দেন। তাই প্রাণীদের নিজে থেকে কিছু খাওয়ানো বা তাদের আবাসে কিছু ফেলা থেকে বিরত থাকতে বলা হয়েছে।



