…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › চাকরি › খবর
চাকরি

৪৬তম বিসিএসের গেজেটের অপেক্ষায় আটকে গেল ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল, ২৬ নভেম্বরে হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক
৪৬তম বিসিএসের গেজেটের অপেক্ষায় আটকে গেল ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল, ২৬ নভেম্বরে হচ্ছে না
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২৬ নভেম্বরের মধ্যে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত সেই তারিখে ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

‘রিপিট ক্যাডার’ জটিলতা নিরসন এবং সরকারি পদ শূন্য থাকা ঠেকাতে পিএসসি এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে বিজ্ঞপ্তির এক বছরের মধ্যে একটি বিসিএস শেষ করার যে ঘোষণা কমিশন দিয়েছিল, তা কিছুটা বিলম্বিত হচ্ছে।

পিএসসি সূত্র বলছে, ফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে ৪৬তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ এবং প্রার্থীদের যোগদানের হিসাব সমন্বয় না করে ৫০তম বিসিএসের ফল দিলে অন্তত ২০০ থেকে ২৫০টি ক্যাডার পদ খালি থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে।

অন্যদিকে ঘোষিত ক্যালেন্ডার থেকে পিএসসি কিছুটা সরে আসায় চাকরিপ্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও উদ্বেগ তৈরি হয়েছে।

পিএসসির একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ৪৬তম বিসিএসের চূড়ান্ত গেজেট যেকোনো সময় প্রকাশিত হতে পারে। গেজেট প্রকাশের পর প্রার্থীরা চাকরিতে যোগ দিলে প্রকৃত শূন্য পদের হিসাব পাওয়া যাবে।

সেই হিসাব সমন্বয় করেই ৫০তম বিসিএসের চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করা হবে। এ কারণে ২৬ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে গেজেট প্রকাশের পরপরই দ্রুততম সময়ের মধ্যে ফল ঘোষণা করা হবে বলে কমিশন সূত্র নিশ্চিত করেছে।

বিসিএস নিয়োগে ‘রিপিট ক্যাডার’ ও ‘লোয়ার ক্যাডার’ একটি দীর্ঘদিনের সমস্যা। আগের কোনো বিসিএসে একটি নির্দিষ্ট পদে সুপারিশ পাওয়া প্রার্থী যখন পরবর্তী বিসিএসে আবার একই পদে কিংবা ‘লোয়ার ক্যাডারে’ সুপারিশ পান, তখনই সংকট তৈরি হয়। ওই প্রার্থী নতুন পাওয়া পদে আর যোগ দেন না, ফলে মূল্যবান ক্যাডার পদটি খালি থেকে যায়।

পরিসংখ্যান বলছে, এ ধরনের জটিলতায় প্রতিটি বিসিএসে গড়ে ২০০ থেকে ২৫০টি পদ ফাঁকা থাকে। উদাহরণ হিসেবে ৪৪তম বিসিএসের ১ হাজার ৭১০টি পদের মধ্যে প্রায় ৪০০ জনই ছিলেন রিপিট ক্যাডার। বছরের পর বছর পরিশ্রম করেও এই অসংগতির কারণে শত শত মেধাবী তরুণ-তরুণী ন্যায্য নিয়োগ থেকে বঞ্চিত হন।

পিএসসির সূত্রগুলো বলছে, ৪৬তম বিসিএসের গেজেটের জন্য অপেক্ষা করলেও ৫০তম বিসিএসের ফল শতভাগ রিপিট ক্যাডারমুক্ত করা সম্ভব হবে না। এর প্রধান কারণ, এখনো ৪৭তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়নি এবং এর যাচাই প্রক্রিয়া শেষ হতে আরও সময় লাগবে।

পিএসসি কেবল ৪৬তম বিসিএসের গেজেটের জন্য অপেক্ষা করবে; ৪৭তম বিসিএসের জন্য অপেক্ষা করলে ৫০তম বিসিএসের ফল প্রকাশ আরও দীর্ঘায়িত হবে।

ফলে ৪৬তম ও ৪৭তম—এই দুটি বিসিএস মিলিয়ে রিপিট ও লোয়ার ক্যাডার জটিলতায় যেখানে প্রায় ৫০০ চাকরিপ্রার্থী নিয়োগবঞ্চিত হওয়ার ঝুঁকিতে ছিলেন, সেখানে এই প্রক্রিয়ায় অন্তত অর্ধেক অর্থাৎ ২৫০ যোগ্য প্রার্থী নতুন করে ক্যাডার পদে সুপারিশ পাওয়ার সুযোগ পাবেন বলে পিএসসি জানিয়েছে। পুরোপুরি সংকট না কাটলেও এটিকে আংশিক সমাধান হিসেবে দেখা হচ্ছে।

‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ বা এক বছরে একটি বিসিএস শেষ করার লক্ষ্য নিয়ে ২০২৫ সালের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। ২ হাজার ১৫০টি পদের বিপরীতে আবেদন করেছিলেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ প্রার্থী।

শুরু থেকেই পিএসসি ফল প্রকাশে দ্রুতগতি বজায় রাখে। চলতি বছরের ৩০ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং মাত্র ১১ দিনের মাথায় ১০ ফেব্রুয়ারি ফল প্রকাশ করা হয়।

পরবর্তী ধাপে ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত লিখিত পরীক্ষা নেওয়া হয়। খাতা মূল্যায়নের জটিলতা কাটিয়ে মাত্র ৭৭ দিনে, অর্থাৎ ২৩ জুলাই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে কমিশন। এতে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হন ৬ হাজার ১৬৫ জন।

১১ আগস্ট শুরু হয়ে নির্ধারিত সময়েই শেষ হয় মৌখিক পরীক্ষা। সব ধাপ সময়মতো শেষ হওয়ায় ২৬ নভেম্বর চূড়ান্ত ফল পাওয়ার বিষয়ে আশাবাদী ছিলেন প্রার্থীরা।

নাম প্রকাশ না করার শর্তে ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা দেওয়া এক প্রার্থী বলেন, ‘এক বছরে বিসিএস সম্পন্ন করার এই ঘোষণা পিএসসির প্রতি প্রার্থীদের আস্থা বাড়িয়েছিল। কমিশনের উচিত ছিল যেকোনো মূল্যে ঘোষিত ক্যালেন্ডার রক্ষা করা।’

অন্যদিকে আরেক চাকরিপ্রার্থী পিএসসির সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, ‘রিপিট ক্যাডার সংশোধন করেই ফল দেওয়া উচিত। এতে অনেক মেধাবীর কর্মসংস্থান হবে। তবে এই প্রক্রিয়ায় যেন খুব বেশি সময় নষ্ট না হয়। আমরা চাই, ডিসেম্বরের মধ্যেই যেন ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হয়।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

চাকরি বিভাগের আরও খবর

৪৯৫ উপজেলায় ৪৯৫ জন এআই টেকনিশিয়ান নেবে সরকার, আবেদনের শেষ সময় ৬ ডিসেম্বর
চাকরি

৪৯৫ উপজেলায় ৪৯৫ জন এআই টেকনিশিয়ান নেবে সরকার, আবেদনের শেষ সময় ৬ ডিসেম্বর

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাক্রয়ের জন্য সারা দেশের …

পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন: ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই
চাকরি

পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন: ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই

বাংলাদেশ পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪…

চাকরি

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা, যুবকদের ঋণ সহজ করার কথা জানালেন প্রতিমন্ত্রী আমিনুল হক

বেকারত্ব দূর করতে এবং ঢাকার বাইরে গ্রামাঞ্চলে জ্বালানি সংকট কাটিয়ে উঠতে সরকার ‘বায়োগ্যাস পল্লি’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড…

চাকরির নিশ্চয়তা আর মুনাফার ফাঁদ: টেক ডিফেন্ডার হাবের নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
চাকরি

চাকরির নিশ্চয়তা আর মুনাফার ফাঁদ: টেক ডিফেন্ডার হাবের নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

‘সাইবার সিকিউরিটির ওপর এমন একটি কোর্স নিয়ে এসেছি, যেখানে শতভাগ চাকরির নিশ্চয়তা দেওয়া হচ্ছে। কোর্স শেষ করলে আমরাই চাকরি দেব আপনাদের। চাইলে আমাদের সঙ…