ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানার ধ্বংসস্তূপ থেকে ২৪টি বডি ব্যাগ উদ্ধার, নিখোঁজ আরও অনেকে
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে আগুনে পুড়ে যাওয়া একটি ক্যান্ডি কারখানার ভেতর থেকে পুলিশ ২৪টি বডি ব্যাগ উদ্ধার করেছে। সোমবার নিখোঁজ শ্রমিকদের সন্ধানে আবার অনুসন্ধান শুরু করার কথা রয়েছে কর্তৃপক্ষের।
শনিবার সন্ধ্যায় পশ্চিম জাভা প্রদেশের সেরাং রিজেন্সির চিকান্দে এলাকায় পিটি ফোনুসা আগুং মুলিয়া ক্যান্ডি কারখানায় আগুন লাগে। রোববারও দমকলকর্মীরা ভবনের ভেতরে থাকা আগুনের অবশিষ্ট উত্তপ্ত অংশ নেভাতে কাজ করেন।
বানতেন প্রদেশের পুলিশপ্রধান হেন্দ্রা কুর্নিয়াওয়ান রোববার স্থানীয় সম্প্রচারমাধ্যম মেট্রো টিভিকে বলেন, নিখোঁজ কয়েক ডজন শ্রমিকের খোঁজে রাতের জন্য স্থগিত রাখা অনুসন্ধান সোমবার সকালে আবার শুরু হবে।
কারখানাটির মূল কোম্পানি পিটি ইউনাইটেড ফ্যামিলি ফুডের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন এরউইন উইজায়া এক সংবাদ সম্মেলনে বলেন, শনিবারের শিফটে প্রায় ৩০০ জন উপস্থিত ছিলেন এবং আগুন লাগার সময় ক্ষতিগ্রস্ত এলাকায় ৬৫ জন ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
পরে কারখানা কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, ওই ৬৫ জনের মধ্যে ২৪ জন বাড়ি ফিরে গেছেন, চারজন চিকিৎসা নিচ্ছেন, ২৯ জন এখনো নিখোঁজ এবং আরও আটজনের অবস্থান নিশ্চিত করা যায়নি।
পুলিশের দুর্যোগে নিহত শনাক্তকরণ কর্মকর্তা ওয়াহিউ হিদায়াতি দ্বি পালুপি রোববারের সংবাদ সম্মেলনে বলেন, আগুনের তীব্রতার কারণে উদ্ধার হওয়া মরদেহগুলো চোখে দেখে শনাক্ত করা সম্ভব হয়নি। নিখোঁজ শ্রমিকদের স্বজনদের ডিএনএ নমুনা ও ব্যক্তিগত জিনিসপত্র সংগ্রহ করা হবে, আর এই প্রক্রিয়ায় দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে।
নিহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। পুলিশ বলেছে, একটি বডি ব্যাগে একাধিক ব্যক্তির দেহাবশেষও থাকতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে এবং ভবনের কিছু অংশ ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। রোববার অনলাইনে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে রাজধানী জাকার্তার সীমান্তবর্তী কারখানাটি থেকে আগুনের শিখা ও ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে; তিনতলা ভবনের ভেতরের ফুটেজে যন্ত্রপাতি পুড়ে কালো হয়ে যাওয়ার চিত্র দেখা গেছে।
সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ায় বেশ কয়েকটি প্রাণঘাতী অগ্নিকাণ্ড ঘটেছে। গত ডিসেম্বরে জাকার্তায় একটি অফিস ভবনে আগুনে অন্তত ২২ জন নিহত হন এবং ২০২৩ সালে একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণে অন্তত ১৩ জন প্রাণ হারান।


