ম্যানচেস্টারে ডন টলিভারের কনসার্টে সন্দেহভাজন টিয়ার গ্যাস, খালি করা হলো কো-অপ লাইভ অ্যারেনা

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের কো-অপ লাইভ অ্যারেনা খালি করে দিয়েছে পুলিশ। রোববার রাতে মার্কিন র্যাপার ডন টলিভারের কনসার্ট চলাকালে ভিড়ের মধ্যে টিয়ার গ্যাস বলে মনে করা একটি পদার্থ ছোড়া হলে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে মার্কিন র্যাপারের শোয়ের শেষ দিকের সময়ে। কনসার্টে আসা দর্শকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সতর্কতা হিসেবে ঘটনাস্থলে কয়েকজনকে উপসর্গের জন্য পরীক্ষা করা হয়েছে এবং পদার্থটি আসলে কী ছিল, তা জানতে তদন্ত চলছে। গুরুতর আঘাতের কোনো খবর পাওয়া যায়নি।
সহকারী চিফ কনস্টেবল স্টেফ পার্কার এক বিবৃতিতে বলেছেন, “কনসার্টে আসা প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল আমাদের অগ্রাধিকার।” তিনি জানান, ঘটনাস্থলে কয়েকজনের চিকিৎসা করা হয়েছে এবং একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। যাঁরা অনুষ্ঠান থেকে ফিরে গিয়ে পরে অসুস্থ বোধ করবেন, তাঁদের স্থানীয় হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
স্টেফ পার্কার আরও বলেন, কনসার্টে ১২ হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন এবং তাঁদের সবাইকে নিরাপদে অ্যারেনা থেকে বের করে বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়েছে। ধৈর্য ধরে সহযোগিতা করার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, বড় ধরনের ঘটনা (মেজর ইনসিডেন্ট) ঘোষণা করায় জরুরি সেবা ও সহযোগী সংস্থাগুলো দ্রুত ও কার্যকরভাবে একসঙ্গে কাজ করে নিরাপদ ব্যবস্থা নিতে পেরেছে। এখন পদার্থটি কী ছিল এবং ঘটনাটি কীভাবে ঘটল, তা পুরোপুরি বোঝার চেষ্টা চলবে বলে জানিয়েছে পুলিশ।
নর্থ-ওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং ৫০ জনের বেশি মানুষকে চিকিৎসকেরা পরীক্ষা করেছেন। কারও কারও চোখ ও শ্বাসকষ্টজনিত উপসর্গ দেখা গেছে।
অ্যাম্বুলেন্স সার্ভিসের বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাস্থলে তাদের হ্যাজার্ডাস এরিয়া রেসপন্স টিমসহ কয়েকটি জরুরি দল মোতায়েন করা হয়েছিল। সতর্কতা হিসেবে জীবাণুমুক্তকরণ (ডিকন্টামিনেশন) করা হচ্ছে এবং একজন রোগীকে আরও পরীক্ষার জন্য ম্যানচেস্টার রয়্যাল ইনফার্মারিতে নেওয়া হয়েছে।
অ্যাম্বুলেন্স সার্ভিস আরও জানিয়েছে, ঘটনাটি তখনো চলমান ছিল এবং তাদের দল ঘটনাস্থলে থেকে রোগীদের পরীক্ষা ও সেবা দিয়ে যাচ্ছিল। ওই রাতের অনুষ্ঠানে থাকা কেউ পরে পার্শ্বপ্রতিক্রিয়া বা অসুস্থতা বোধ করলে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।


