নারায়ণগঞ্জের সাইনবোর্ডে পার্কিংয়ে থাকা অনাবিল বাসে পেট্রলবোমা, গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পার্কিংয়ে থাকা অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
ঘটনাটি ঘটে গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সাইনবোর্ডের গিরিধারা এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি অটোরিকশা থেকে পার্কিংয়ে থাকা বাসটিকে লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়া হয়। বিকট শব্দে বাসটিতে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১টার দিকে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাসের মালিক রাসেল বলেন, তাঁর কর্মীরা বাস রেখে বাসায় যাওয়ার পর আগুন দেওয়া হয়। অটোরিকশা থেকে পেট্রলবোমা ছুড়ে বাসটি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন। এতে তাঁর প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, সাইনবোর্ডে বাসে আগুন দেওয়ার খবর পেয়েছেন। এলাকাটি সম্ভবত যাত্রাবাড়ী থানাধীন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।




