কিয়েভ অঞ্চলের ডাইমারে রুশ হামলায় ধ্বংসস্তূপে ১৪ ঘণ্টা আটকে থাকা সাত বছরের শিশু জীবিত উদ্ধার

ইউক্রেনের কিয়েভ অঞ্চলের ডাইমারে একটি আবাসিক ভবনে রাতভর রুশ হামলার পর ধ্বংসস্তূপ থেকে সাত বছর বয়সী এক শিশুকে ১৪ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলায় নয়জন নিহত হয়েছেন।
রোববার ভোরের দিকে হামলাটি ঘটে। কিয়েভের আঞ্চলিক প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, ধসে পড়া ভবন থেকে ৭৯ বছর বয়সী এক নারীকেও জীবিত উদ্ধার করা হয়েছে।
তকাচেঙ্কো আরও জানান, বিলা সেরকভায় একটি ব্যক্তিগত বাড়িতে হামলায় আরও একজন নিহত হন এবং বাড়িটিতে আগুন ধরে যায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিয়েভ অঞ্চলেরই ভিশনেভে একটি মুদিদোকানে পৃথক হামলায় তিনজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডাইমারে উদ্ধার হওয়া শিশুটির অবস্থা স্থিতিশীল এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার জীবন বাঁচাতে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। জেলেনস্কি ও ইউক্রেনের জাতীয় পুলিশও শিশুটির উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ, বিস্ফোরক বিশেষজ্ঞ, কুকুর পরিচালনাকারী ও চিকিৎসকসহ উদ্ধারকারী দলগুলো উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
টেলিগ্রাম পোস্টে তকাচেঙ্কো জানান, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া ৭৯ বছর বয়সী নারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর আগে তিনি বলেছিলেন, হামলায় ছয়জন আহত হয়েছেন এবং অন্যরা তখনো নিখোঁজ ছিলেন।
আবাসিক ভবনে হামলাটি ঘটে ভোরের দিকে, যখন মানুষ ঘুমিয়ে ছিল। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি জানান, ভবনটিতে স্থানীয় সময় ভোর পাঁচটায় আঘাত হানা হয়।
জেলেনস্কি জানান, ঘটনাস্থলে জরুরি কার্যক্রমে ১৩০ জনের বেশি মানুষ যুক্ত আছেন এবং প্রতিটি মানুষ সম্পর্কে সম্পূর্ণ তথ্য না পাওয়া পর্যন্ত কাজ চলবে। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, হামলায় আবাসিক ভবনটির একটি অংশ কার্যত ধূলিসাৎ হয়ে গেছে।
জেলেনস্কি আরও বলেন, বারবার নতুন বিমান হামলার সতর্কতা ও নতুন হুমকির কারণে উদ্ধারকাজ জটিল হয়ে পড়ছে।
ভিহিভস্কি জানান, রোববার সন্ধ্যা পর্যন্ত ইউক্রেনের ১০টি অঞ্চলে ৭০টির বেশি হামলা চালানো হয়েছে।
ভিশনেভের মুদিদোকানে হামলার বিষয়ে জেলেনস্কি তাঁর অনলাইনে দেওয়া ভিডিও ভাষণে তিনজন নিহত ও ১৩ জন আহত হওয়ার কথা বলেন। তকাচেঙ্কো এর আগে ওই হামলায় দুজন নিহত ও আটজন আহত হওয়ার কথা জানিয়েছিলেন।
ইউক্রেনের প্রধানমন্ত্রী সের্গি কোরেৎস্কি এক্সে দেওয়া পোস্টে জানান, রাশিয়া দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে একটি বিদ্যুৎ উপকেন্দ্রেও হামলা চালিয়েছে। রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করে।




