কোভিডে বাতিল ফ্লাইটের টাকা ফেরত না দেওয়ার অভিযোগে জেটস্টারের বিরুদ্ধে মামলায় যোগ দিতে পারবেন ১১ লাখ গ্রাহক

অস্ট্রেলিয়ার বিমান সংস্থা জেটস্টারের বিরুদ্ধে দায়ের করা একটি সম্মিলিত মামলায় (ক্লাস অ্যাকশন) ১১ লাখের বেশি গ্রাহক যোগ দেওয়ার যোগ্য হতে পারেন বলে জানিয়েছে মামলা পরিচালনাকারী আইনি প্রতিষ্ঠান একো ল। কোভিড মহামারির সময় বাতিল হওয়া ফ্লাইটের টাকা নগদ ফেরত না দিয়ে গ্রাহকদের ক্রেডিট ভাউচার দেওয়ার অভিযোগে এই মামলা করা হয়েছে।
সোমবার অস্ট্রেলিয়ার ফেডারেল আদালত নিশ্চিত করেছে, গ্রাহকদের কাছে নোটিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা মামলায় অংশ নেওয়ার বা তা থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ সম্পর্কে জানতে পারেন। একো ল জানিয়েছে, প্রায় ১১ লাখ মানুষ এই নোটিশ পাবেন এবং নোটিশগুলো ৪ ডিসেম্বরের মধ্যে বিতরণ হওয়ার কথা রয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, মানুষ যেন নোটিশটিকে প্রতারণা বলে ভুল না করেন, সে জন্যই তারা জনসাধারণকে বিষয়টি জানাতে চেয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২০ সাল থেকে ২০২২ সালের শেষ দিক পর্যন্ত জেটস্টার হাজারো নির্ধারিত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করে। অভিযোগে বলা হয়েছে, গ্রাহকরা নগদ অর্থ ফেরত পাওয়ার অধিকারী হলেও সংস্থাটি তাদের ফ্লাইট ক্রেডিট দিয়েছে।
একো ল-এর অভিযোগ, জেটস্টার এভাবে গ্রাহকদের বিভ্রান্ত করেছে এবং অস্ট্রেলিয়ার ভোক্তা আইন লঙ্ঘন করে অসদাচরণ করেছে। প্রতিষ্ঠানটির আরও অভিযোগ, ফেরতযোগ্য অর্থ আটকে রেখে জেটস্টার অবৈধভাবে লাভবান হয়েছে।
জেটস্টার এসব অভিযোগ অস্বীকার করেছে এবং মামলাটি লড়ছে বলে জানিয়েছে। সংস্থাটির একজন মুখপাত্র বলেছেন, “কোভিড-১৯ মহামারির সময় দ্রুত বদলে যাওয়া ভ্রমণ নিষেধাজ্ঞা মোকাবিলায় জেটস্টার নানা পদক্ষেপ নিয়েছিল এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পাশে থাকার চেষ্টা চালিয়ে গিয়েছিল।” মুখপাত্র জানান, পরিস্থিতি অনুযায়ী গ্রাহকদের ভ্রমণ ক্রেডিট, ফি ছাড়া ফ্লাইট পরিবর্তন এবং অর্থ ফেরতসহ নানা বিকল্প দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, জেটস্টার কোভিড-১৯ ভাউচারের মেয়াদ ২০২৩ সালে তুলে নেওয়া হয়েছে, ফলে গ্রাহকরা যখন খুশি তা ব্যবহার করতে পারবেন।
একো ল-এর অংশীদার অ্যান্ড্রু পল অভিযোগ করেছেন, গ্রাহকদের ভাউচার নিতে “ঠেলে দেওয়ার” নীতি ছিল বিমান সংস্থাটির নগদ অর্থ ধরে রাখার কৌশল। তিনি বলেন, “প্রতিষ্ঠানটি সাধারণ অস্ট্রেলীয়দের টাকা আটকে রেখেছিল এবং আশা করেছিল, গ্রাহকরা ক্রেডিট নিয়েই সন্তুষ্ট থাকবেন—অথবা কোনো কোনো ক্ষেত্রে কিছুই পাবেন না—যদিও আমাদের অভিযোগ অনুযায়ী তারা নগদ অর্থ ফেরত পাওয়ার অধিকারী ছিলেন।”
পলের অভিযোগ, অনেক গ্রাহক শেষ পর্যন্ত মূল বুকিংয়ের চেয়ে বেশি টাকা জেটস্টারকে দিয়েছেন, কারণ নতুন ভাড়ায় ক্রেডিট ব্যবহার করতে গিয়ে তাদের মনে হয়েছে, ফ্লাইটের মূল্য হারানো এড়াতে এ ছাড়া আর কোনো উপায় নেই।
এর আগে একো ল কোভিড-১৯ ভ্রমণ ক্রেডিট পরিচালনা নিয়ে কান্টাসের বিরুদ্ধেও একই ধরনের সম্মিলিত মামলা চালিয়েছিল। গত মার্চে কান্টাস দায় স্বীকার না করেই ১০ কোটি ৫০ লাখ ডলারে সেই মামলা নিষ্পত্তিতে সম্মত হয়।
জেটস্টারের বিরুদ্ধে মামলাটির মধ্যস্থতা আগামী ডিসেম্বরে হওয়ার কথা রয়েছে। পক্ষগুলো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে মামলাটি বিচারের দিকে যাবে এবং সম্ভাব্য বিচারের সময় ধরা হয়েছে ২০২৭ সালের মার্চ। একো ল জানিয়েছে, এই সম্মিলিত মামলায় অর্থায়ন করছে লিটিগেশন ফান্ডার কোর্ট হাউস ক্যাপিটাল।
কোর্ট হাউস ক্যাপিটালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা হিদার কলিন্স জেটস্টারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, প্রতিষ্ঠানটি “অস্ট্রেলীয় পরিবারগুলোর প্রাপ্য অর্থ আটকে রেখেই নিষ্পত্তি বিলম্বিত করতে চাইছে”।




