ইন্দোনেশিয়ার বান্তেনে মিষ্টান্ন কারখানায় আগুনে নিহত ২৪, নিখোঁজ প্রায় ৩০ জনের খোঁজে উদ্ধার অভিযান

ইন্দোনেশিয়ার বান্তেন প্রদেশের চিকান্দে এলাকায় একটি মিষ্টান্ন তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো প্রায় ৩০ জন নিখোঁজ রয়েছেন। সোমবারও তাদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত ছিল।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় পিটি ফনুসা আগুং মুলিয়া মিষ্টান্ন কারখানার একটি ভবনে আগুন লাগে। কারখানাটি রাজধানী জাকার্তা থেকে গাড়িতে প্রায় এক ঘণ্টার দূরত্বে অবস্থিত। সোমবার অগ্নিকাণ্ডে ২৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ। আগুন লাগার কারণ এখনো তদন্তাধীন।
শ্রমবিষয়ক প্রেসিডেন্টের উপদেষ্টা সাঈদ ইকবাল সাংবাদিকদের জানান, এ ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তিনি জানান।
কারখানায় নিরাপত্তাবিধি যথাযথভাবে বাস্তবায়ন করা হয়েছিল কি না, তা মূল্যায়ন করা হচ্ছে বলে জানান সাঈদ ইকবাল। এ বিষয়ে কারখানাটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে তলব করা হবে বলেও তিনি জানান।
কারখানাটির মালিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফ্যামিলি ফুড। মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তাদের মোট কর্মীর সংখ্যা প্রায় ৫ হাজার। তাদের পণ্যের মধ্যে রয়েছে মিষ্টান্ন ব্র্যান্ড ‘মিলকিতা’ এবং ইনস্ট্যান্ট নুডলস ব্র্যান্ড ‘লেমনিলো’। বিদেশে প্রতিষ্ঠানটির চারটি কার্যালয় রয়েছে।
কারখানাটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন আরউইন উইজায়া জানিয়েছেন, শনিবারের শিফটে কারখানা কমপ্লেক্সে প্রায় ৩০০ জন কর্মী উপস্থিত ছিলেন।
বান্তেন প্রদেশের অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান আল আমরাদ জানান, সোমবারও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হয়েছে। তবে আগুনের অবশিষ্ট উত্তপ্ত অংশগুলো এবং ভবনটির ক্রমশ নড়বড়ে হয়ে পড়া কাঠামো উদ্ধারকর্মীদের জন্য নিরাপত্তাঝুঁকি তৈরি করছে। পুড়ে যাওয়া ভবনটির কাঠামো দুর্বল হয়ে পড়ায় ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে উদ্ধারকর্মীদের।
আল আমরাদ বলেন, এ পর্যন্ত ২৯ জনকে নিরাপদ অবস্থায় পাওয়া গেছে। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ২৪টি মরদেহের ব্যাগ উদ্ধার করেছেন।
পুলিশ কর্মকর্তা ওয়াহিউ হিদায়াতি জানান, আগুনের তীব্রতার কারণে উদ্ধার করা মরদেহগুলো শুধু দৃশ্যমান বৈশিষ্ট্য দেখে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এ কারণে নিহতদের পরিচয় নিশ্চিত করতে তাদের স্বজনদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচয় শনাক্তের এই প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের পাশাপাশি কারখানাটিতে নিরাপত্তাব্যবস্থা যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।




