অধিকৃত পশ্চিম তীরে চিকিৎসাকর্মীদের ওপর ইসরায়েলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ: অধিকার সংগঠন
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীরা ক্রমেই ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলার শিকার হচ্ছেন বলে জানিয়েছে ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল (পিএইচআরআই)।
সোমবার প্রকাশিত সংগঠনটির এক প্রতিবেদনে ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীদের জড়িত ঘটনায় ৩৫০ শতাংশ বৃদ্ধি নথিভুক্ত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি সেবা দিতে যাওয়া কর্মীরা স্পষ্টভাবে চিকিৎসাকর্মী হিসেবে চেনা গেলেও ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলা, হুমকি ও ভয়ভীতির মুখে পড়ছেন।
প্রতিবেদনের অংশ হিসেবে ২৫ জন চিকিৎসাকর্মীর সাক্ষাৎকার নেওয়া হয়। নাবলুস এলাকার একজন প্যারামেডিক বর্ণনা করেছেন, কীভাবে ইসরায়েলি সেনারা তাঁকে একজন আহত ব্যক্তির কাছে পৌঁছাতে বাধা দিয়েছিল।
ওই প্যারামেডিক বলেন, ‘আমি আহত ব্যক্তির খুব কাছেই দাঁড়িয়ে ছিলাম। সহজেই তাঁর কাছে পৌঁছাতে পারতাম, কিন্তু সেনারা আমাকে থামিয়ে দেয়। তিনি সেখানে রক্তক্ষরণে পড়ে থাকতে থাকতে মারা যান। তারপরই তারা সরে যায়, আর আমরা তাঁর কাছে পৌঁছাতে পারি।’
সাক্ষাৎকার দেওয়া ব্যক্তিরা শারীরিক হামলা, বন্দুকের মুখে হুমকি, মৌখিক গালাগাল ও অপমানজনক তল্লাশির বর্ণনা দিয়েছেন। তাঁদের সবাই বলেছেন, তাঁরা উদ্বেগে থাকেন—যেকোনো সময় তাঁদের থামানো হতে পারে, হামলা হতে পারে বা রোগীর কাছে পৌঁছাতে বাধা দেওয়া হতে পারে।
একজন অ্যাম্বুলেন্সচালক বলেন, ‘প্রতিটি ফোনকল মানেই ঝুঁকি নেওয়া। আর প্রতিবার বাড়ি থেকে বের হওয়ার সময় মনে হয়, হয়তো আর ফিরতে পারব না।’
পিএইচআরআইয়ের প্রতিবেদনে এমন ঘটনাও নথিভুক্ত করা হয়েছে, যেখানে চিকিৎসাকর্মীরা নিজেরাই হুমকি ও সহিংসতার মুখে থাকা অবস্থায় রোগীদের চিকিৎসা চালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
প্রতিবেদনের লেখক ইমরান আনাতি বলেছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে, যখন গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হয়, তখন থেকে ‘বিপজ্জনক মাত্রায় বৃদ্ধি’ ঘটেছে। তিনি বলেন, ‘এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ফিলিস্তিনি জরুরি চিকিৎসাসেবার ওপর পদ্ধতিগত হামলা, যার দায় ইসরায়েলের।’
গত বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা অধিকৃত পশ্চিম তীরে স্বাস্থ্যসেবার ওপর ২৩৩টি হামলা নথিভুক্ত করেছে, যার মধ্যে ১৬৫টি ঘটনা চিকিৎসা পরিবহনকে প্রভাবিত করেছে।
ইসরায়েলি তল্লাশিচৌকির কারণে অ্যাম্বুলেন্সগুলোকে নিয়মিত দীর্ঘ ঘুরপথে হাসপাতালে যেতে হয়, এতে পথেই কিছু রোগীর মৃত্যু হয়েছে এবং গর্ভবতী নারীদের হাসপাতালের বাইরে সন্তান প্রসব করতে হয়েছে।
পিএইচআরআই এর আগেও সতর্ক করেছে যে অধিকৃত পশ্চিম তীরের চিকিৎসাব্যবস্থা ‘ভেঙে পড়ছে’।



