ভূগর্ভস্থ স্থাপনায় নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা প্রদর্শন করল ইরান
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নতুন একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা সংবলিত ভূগর্ভস্থ স্থাপনার ভিডিও প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত শনিবার (২১ নভেম্বর) আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের নতুন এই ভূগর্ভস্থ স্থাপনা পরিদর্শন করেন বাহিনীটির কমান্ডার মেজর জেনারেল আহমদ ওয়াহিদি।
সে সময় প্রচারিত ভিডিওতে কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের অভ্যন্তরে শত শত ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণযান দেখা গেলেও ফুটেজটি ঠিক কবে ধারণ করা হয়েছে, তা স্পষ্ট নয়।
আইআরজিসির দাবি, প্রদর্শিত নতুন এ ব্যবস্থার মাধ্যমে একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব।
নতুন উৎক্ষেপণব্যবস্থাটি ইরানের পূর্ববর্তী দ্বৈত উৎক্ষেপণব্যবস্থার চেয়ে অধিকতর উন্নত বলে প্রতীয়মান হচ্ছে; আগে ব্যবহৃত ব্যবস্থায় একসঙ্গে দুটি কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছোড়া হতো, যেখানে নতুন ব্যবস্থায় তরল জ্বালানির ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নতুন ক্ষেপণাস্ত্রগুলো উল্লম্বভাবে উৎক্ষেপিত হয় এবং এগুলোর গতিপথ ও গতি নিয়ন্ত্রণের সক্ষমতা রয়েছে বলে দাবি করা হয়েছে—যা শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষেত্রে ইরানকে সুবিধা দিতে পারে।
এ ছাড়া ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর দাবি অনুযায়ী, দেশটির নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের পাল্লা ও লক্ষ্যভেদে নির্ভুলতা বৃদ্ধি পেয়েছে এবং যুক্তরাষ্ট্রের গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) ওপর নির্ভর না করেও এগুলো পথনির্দেশনা পেতে সক্ষম।
এ প্রসঙ্গে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি দাবি করেছেন, নতুন এই ব্যবস্থার মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, ‘আমরা আমাদের যুদ্ধকৌশলের কাঠামোয় অপ্রত্যাশিত চমক এবং অত্যন্ত কার্যকর সক্ষমতা যুক্ত করেছি।’
ভূগর্ভস্থ এই স্থাপনা পরিদর্শনের ভিডিও প্রকাশের মধ্য দিয়ে ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচির নতুন সক্ষমতা তুলে ধরল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



