নেত্রকোণার মদনে টোল নিয়ে মারামারি থামাতে গিয়ে নিহত প্রবীণ জুলাই যোদ্ধা আব্দুল বারেক, টোল আদায়কারী আটক
নেত্রকোণার মদন পৌর এলাকায় টোল আদায়কে কেন্দ্র করে সিএনজিচালক ও টোল আদায়কারীর মধ্যকার মারামারি থামাতে গিয়ে আব্দুল বারেক (৮৬) নামের এক প্রবীণ জুলাই যোদ্ধা নিহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে সংঘটিত এ ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারীকে আটক করা হয়েছে।
নিহত আব্দুল বারেক মদন উপজেলার চানগাঁও গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ অবস্থায় সম্প্রতি ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি ছিলেন আব্দুল বারেক। সেখান থেকে সোমবার সকালে সিএনজিতে করে মদন উপজেলায় নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন তিনি।
দুপুরের দিকে পৌর এলাকায় পৌঁছালে পৌর টোল আদায় নিয়ে স্থানীয় পৌর টোল আদায়কারী আতিকুলের সঙ্গে সিএনজিচালক রায়হানের বাগ্বিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে মারামারিতে রূপ নেয়।
ওই সময় সিএনজিতে থাকা আব্দুল বারেক মারামারি থামাতে গেলে কিলঘুষির আঘাতে গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ উদ্দিন করিম বলেন, ইতোমধ্যে অভিযুক্ত টোল আদায়কারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



