সেঞ্চুরিয়নে বৃষ্টিতে ভেস্তে গেল প্রথম সেশন, টস ছাড়াই লাঞ্চে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা

বৃষ্টির বাগড়ায় খেলা তো দূরে থাক, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের টসও হতে পারেনি। বৈরী আবহাওয়ায় সেঞ্চুরিয়নে প্রথম দিনের প্রথম সেশন শেষ হয়েছে কোনো বল না খেলেই।
বাংলাদেশ সময় আজ বেলা ২টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট। সে হিসেবে টস হওয়ার কথা ছিল দেড়টায়। কিন্তু বৃষ্টির কারণে টস করা সম্ভব হয়নি। সাধারণত বিকেল ৪টায় লাঞ্চ হওয়ার কথা থাকলেও বাজে আবহাওয়ার কারণে ৩০ মিনিট আগেই শেষ হয়েছে প্রথম সেশনের খেলা।
সকাল থেকেই সেঞ্চুরিয়নে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনো বৃষ্টি থেমে আকাশে রৌদ্র দেখা গেছে ঠিকই, কিন্তু সেটা সাময়িক সময়ের জন্যই; হঠাৎ ফিরে আসছে বৃষ্টি। ভেজা আউটফিল্ড ঠিক করার মতো অবস্থাও নেই। তাই কোনো বল না হয়েই লাঞ্চ ঘোষণা করা হয়েছে।
জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। ৯ উইকেটের বিশাল জয়ে সিরিজে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। আজ বাংলাদেশ নামবে ধবলধোলাই এড়াতে।
দ্বিতীয় টেস্টে পূর্ণ শক্তির দল পাচ্ছে না বাংলাদেশ। চোটের কারণে ছিটকে গেছেন দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও হাসান মাহমুদ। প্রথম টেস্ট চলার সময় বাঁ কুঁচকির অংশে তীব্র ব্যথা অনুভব করেন মুশফিক। আর হাসান ডান কনুইয়ের চোটে পড়ায় সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন।



