ঢাকার জাতীয় স্টেডিয়ামে ক্রীড়া ইতিহাসের সংরক্ষণাগার গড়ার পরিকল্পনা, নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রতিমন্ত্রীর

ঢাকার জাতীয় স্টেডিয়ামকে আধুনিক ও আকর্ষণীয় করে তোলার পাশাপাশি বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের গুরুত্বপূর্ণ অর্জন সংরক্ষণ ও প্রদর্শনের পরিকল্পনা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
একসময় দেশের ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই স্টেডিয়ামকে ঘিরে নেওয়া উদ্যোগে স্বাধীন বাংলা ফুটবল দলের ভূমিকা, বাংলাদেশের ক্রিকেটের আইসিসি ট্রফি জয়ের সাফল্য এবং কিংবদন্তি খেলোয়াড়দের অবদান বিশেষভাবে তুলে ধরা হবে।
আজ সকালে স্টেডিয়ামের সভাকক্ষে নিরাপত্তাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব পরিকল্পনার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
মতবিনিময় সভায় স্টেডিয়াম এলাকার বিদ্যমান সমস্যাগুলোও উঠে আসে। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল, অবৈধ দোকান স্থাপন, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন কর্মকাণ্ডে এলাকাটির স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে বলে সভায় উল্লেখ করা হয়।
প্রতিমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের আরও তৎপর হওয়ার পাশাপাশি দায়িত্ব পালনে কঠোরতা ও পেশাদারি বজায় রাখার নির্দেশ দেন এবং পরিস্থিতি পরিবর্তনে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান।
উন্নয়ন পরিকল্পনায় স্টেডিয়ামের প্রবেশপথ, বহির্গমন ব্যবস্থা এবং পুলিশ বক্সের সংস্কার গুরুত্ব পাচ্ছে। অবকাঠামোগত পরিবর্তনের পাশাপাশি পুরো এলাকার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে চায় মন্ত্রণালয়।
জাতীয় স্টেডিয়ামসহ দেশের বিভিন্ন ক্রীড়া স্থাপনায় কর্মরত নিরাপত্তাকর্মীদের নতুন পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয়েছে। দায়িত্ব পালনে স্বচ্ছতা, নিয়মশৃঙ্খলা এবং জবাবদিহি নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছেন আমিনুল হক।




