পেনশন ব্যর্থতার জেরে ক্যাপিটার প্রধান নির্বাহী পদত্যাগ, একদিনে শেয়ারের দাম কমল ৬৭ শতাংশ

ব্রিটেনের আউটসোর্সিং প্রতিষ্ঠান ক্যাপিটার প্রধান নির্বাহী অ্যাডলফো হার্নান্দেজ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন পরিশোধে ব্যর্থতার ধারাবাহিক জেরের মধ্যে হঠাৎ পদত্যাগ করেছেন।
সোমবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, হার্নান্দেজ বোর্ডের সঙ্গে সম্মত হয়ে ‘অবিলম্বে কার্যকর’ ভিত্তিতে পদ ছাড়ছেন। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন প্রধান অর্থ কর্মকর্তা পাবলো আন্দ্রেস।
খবর প্রকাশের পর সোমবার সকালে ক্যাপিটার শেয়ারের দাম ৬৭ শতাংশ কমে সর্বনিম্ন ৮০ পেন্সে নেমে যায়, যা ১৯৯১ সালের অক্টোবরের পর প্রতিষ্ঠানটির সর্বনিম্ন শেয়ারমূল্য। একই সঙ্গে প্রতিষ্ঠানটি মুনাফার পূর্বাভাস কমিয়েছে এবং অতিরিক্ত ১৯ কোটি পাউন্ড মূলধন তোলার প্রস্তাব দিয়েছে।
ক্যাপিটা জানিয়েছে, যুক্তরাজ্যের সিভিল সার্ভিস পেনশন স্কিম (সিএসপিএস) চুক্তি সংক্রান্ত অতিরিক্ত খরচ ও ‘স্বল্পমেয়াদি চুক্তিগত প্রতিকূলতার’ কারণে ২০২৭ সালে সমন্বিত পরিচালন মুনাফা আগের প্রত্যাশার চেয়ে ৮ কোটি ৫০ লাখ থেকে ৯ কোটি ৫০ লাখ পাউন্ড কম হবে।
পেনশনভোগীরা জানিয়েছেন, অর্থ না পেয়ে তাঁরা খাবার ও গরম রাখার খরচ জোগাতে পরিবারের কাছ থেকে ধার করতে বাধ্য হয়েছেন; কেউ কেউ ভাড়া বা বন্ধকী পরিশোধ করতে না পেরে বাড়ি হারানোর আশঙ্কার কথাও বলেছেন।
১৭ লাখ সদস্যের এই পেনশন স্কিম পরিচালনায় বিলম্বের কারণে ক্যাপিটা বিপাকে পড়ে; হাজার হাজার সরকারি কর্মচারীকে পরিশোধ ও অবসরের হিসাবের জন্য অপেক্ষা করতে হয়েছে।
শিক্ষা ও প্রতিরক্ষাসহ নানা খাতে সরকারি চুক্তি থাকা এবং টিভি লাইসেন্স ফি সংগ্রহকারী ক্যাপিটা ২০২৩ সালে তৎকালীন কনজারভেটিভ সরকারের সঙ্গে পেনশন চুক্তিতে সম্মত হয়। চুক্তিটি ২০২৫ সালের ডিসেম্বরে কার্যকর হয়।
গত মাসে পার্লামেন্টে এমপিদের জিজ্ঞাসাবাদের মুখে পড়ে প্রতিষ্ঠানটি; একজন ক্যাবিনেট অফিস মন্ত্রী স্কিম পরিচালনায় এর অগ্রগতিকে ‘জঘন্য’ বলে আখ্যা দেন।
হার্নান্দেজ বলেছেন, তিনি পেনশন স্কিমের সদস্যদের প্রভাবিত করা ঘাটতিগুলো স্বীকার করেন। তিনি বলেন, ‘সিভিল সার্ভিস পেনশন স্কিমের সদস্যরা যে সেবা পাওয়ার যোগ্য, আমরা তা দিতে পারিনি।’
চলতি বছরের শুরুতে সরকার স্বীকার করে, পেনশন স্কিম আউটসোর্স করার সিদ্ধান্তে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা ব্যর্থ সেবা পেয়েছেন। এরপর স্কিমের একাধিক সদস্য জানান, আয় না থাকায় তাঁরা ভাড়া পরিশোধ করতে পারছেন না এবং ফুড ব্যাংক ব্যবহার করতে বাধ্য হয়েছেন।
জুলাইয়ে ক্যাবিনেট অফিস নিশ্চিত করে, ‘অগ্রহণযোগ্য’ সেবার মানের পর তারা স্কিমটি আবার নিজেদের অধীনে ফিরিয়ে নেওয়ার আশা করছে। গত সপ্তাহে ক্যাপিটা বলেছিল, সিএসপিএস নিয়ে কিছু সদস্য সমস্যায় পড়ছেন বলে তারা জানে এবং বিলম্ব ও হতাশার জন্য দুঃখিত।
এমপিরা সমস্যার জন্য অতিরিক্ত চাপে থাকা রিভিশন দল, দুর্বল প্রযুক্তি ও ভুল পেনশন হিসাবসহ পরিচালন ব্যর্থতাকে দায়ী করেছেন।
প্রতিষ্ঠানটি আগামী বছরের প্রথমার্ধে ১৯ কোটি পাউন্ড তোলার পরিকল্পনা করছে, যাতে দায় কমিয়ে আরও স্থিতিশীল ভিত্তি থেকে এগোনো যায়। ক্যাপিটা জানিয়েছে, সিদ্ধান্তটিকে সমর্থন করেছে এর সবচেয়ে বড় শেয়ারহোল্ডার অ্যাক্টিভিস্ট বিনিয়োগকারী ওয়াসিস ম্যানেজমেন্ট কোম্পানি।



