বরগুনার আমতলীতে ঘুষের এক লাখ টাকা নিতে গিয়ে দুদকের ফাঁদে উপসহকারী প্রকৌশলী রুবেল খান

বরগুনার আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খান ঘুষের এক লাখ টাকা নিতে গিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফাঁদে ধরা পড়েছেন। সোমবার আমতলী পৌরসভায় অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করেন দুদকের কর্মকর্তারা।
দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, রুবেল খান বৈধ বিল আটকে দেওয়ার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন। অভিযোগ অনুযায়ী, তিনি বিভিন্ন সময়ে এই ঘুষ দাবি করে আসছিলেন।
ঘুষের দাবিটি ছিল লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় একটি সড়ক নির্মাণকাজকে ঘিরে। কাজটির ঠিকাদার শেখ নোমান রেজা, যিনি পাওয়ার অব অ্যাটর্নিপ্রাপ্ত ঠিকাদার হিসেবে বৈধ বিলের বিষয়টি দেখছিলেন।
দুদক জানায়, ঘুষ দিতে অস্বীকৃতি জানালে প্রকল্পের কাজে বাধা দেওয়া এবং বৈধ বিল অনুমোদনের সুপারিশ না করার হুমকি দেন ওই কর্মকর্তা। এভাবে ঠিকাদারকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছিল।
একপর্যায়ে ঠিকাদার শেখ নোমান রেজা ঘুষ গ্রহণের সময় প্রকৌশলীকে হাতেনাতে ধরতে দুদকের কাছে ফাঁদ অভিযানের আবেদন করেন।
ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনের অনুমোদন নিয়ে সোমবার আমতলী পৌরসভায় ফাঁদ অভিযান পরিচালনা করে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর একটি দল। অভিযানে ঘুষের এক লাখ টাকা গ্রহণের সময় রুবেল খানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীতে মামলা করা হয়েছে। গ্রেপ্তার রুবেল খানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




