কৃচ্ছ্রসাধনের প্রতিবাদে ধর্মঘটে অচল বেলজিয়াম, ব্রাসেলস বিমানবন্দরে সব ফ্লাইট বন্ধ

সরকারের পরিকল্পিত কৃচ্ছ্রসাধন বা ব্যয়সংকোচন পদক্ষেপের প্রতিবাদে ধর্মঘটে সোমবার কার্যত অচল হয়ে পড়েছে বেলজিয়াম। ধর্মঘটের কারণে শত শত ফ্লাইট বাতিল হয়েছে এবং সারা দেশে ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
রাজধানী ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দরে সব বিমান চলাচল বন্ধ রয়েছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের ধর্মঘটের কারণে স্থানীয় সময় সোমবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ব্রাসেলস বিমানবন্দরে কোনো ফ্লাইট ওঠানামা করছে না। এতে ৫০ হাজারের বেশি যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে, এবং রাত ও মঙ্গলবার আরও যাত্রী ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে।
রায়ানএয়ারসহ স্বল্পমূল্যের এয়ারলাইনগুলোর ঘাঁটি শার্লেরোয়া বিমানবন্দরেও একই পরিস্থিতি। সেখানে সব ফ্লাইটের অবস্থা প্রস্থান বা আগমনের সময় নির্বিশেষে 'নির্ধারিত' হিসেবে দেখানো হয়েছে। ধর্মঘট ঘোষণার সময় শনিবার বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছিল, এয়ার ট্রাফিক কন্ট্রোল ছাড়া কোনো ফ্লাইট উড্ডয়ন বা অবতরণ করতে পারে না, এবং এর 'ভয়াবহ পরিণতি' সম্পর্কে সতর্ক করেছিল।
ব্রাসেলসে ট্রেন ও মেট্রো সেবাও বন্ধ রয়েছে। হাজার হাজার মানুষ প্রতিবাদ মিছিলে যোগ দিতে রাজধানীতে জড়ো হয়েছেন। গণপরিবহন, স্কুল ও অন্যান্য সরকারি সেবাও ধর্মঘটে ব্যাহত হচ্ছে।
প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার এখনো তাঁর জোট মিত্রদের সঙ্গে ব্যয় কমানোর বাজেট নিয়ে একমত হতে পারেননি, এই প্রেক্ষাপটেই প্রতিবাদ চলছে। চলতি মাসের শুরুতে রাজা ফিলিপ ডি ওয়েভারের পদত্যাগ গ্রহণ করেননি এবং আলোচনার জন্য তাঁকে আরও সময় দিয়েছেন।
দেশটির অন্যতম প্রধান শ্রমিক সংগঠন এফজিটিবির নেতা বার্ট এঙ্গেলার বলেছেন, 'সামাজিক সুরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা' ছাড়াও সরকারের কাছে বিকল্প আছে। তিনি প্রকৃত সম্পদ কর, ন্যায্য করব্যবস্থা এবং কর ফাঁকি বন্ধের দাবি জানান। এঙ্গেলার আরও বলেন, রাজনৈতিক দায়িত্ব মানে যেকোনো মূল্যে সরকার টিকিয়ে রাখা নয়; কখন থামতে হয়, তা জানাও দায়িত্ব। বাজেট নিয়ে অচলাবস্থার জন্য পাঁচদলীয় জোট সরকারের একমাত্র দল হিসেবে যাদের নাম এসেছে, সেই বামপন্থী ভোরুইত দলকে তিনি প্রশংসা করেছেন।
ভোরুইত ধনীদের ওপর কর বাড়াতে চায় এবং পেনশন ও স্বাস্থ্য খাতে কম ছাঁটাই চায়। আরেক শ্রমিক সংগঠন সিএসসির নেতা আন ভেরমরগেন সাপ্তাহিক ছুটির দিনে পড়া সরকারি ছুটি কেটে দেওয়ার সরকারি পরিকল্পনার সমালোচনা করেছেন।




