লিবিয়ার বেনগাজি বন্দরে সাতটি নৌ-ড্রোনে রুশ যুদ্ধজাহাজ 'মারকিউরি' ডুবিয়ে দিল ইউক্রেন, নিশ্চিত করলেন জেলেনস্কি

লিবিয়ার বেনগাজি বন্দরে নোঙর করা একটি রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দায় স্বীকার করেছে ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার সকালে নিশ্চিত করেছেন, রোববারের ওই হামলার পেছনে কিয়েভই ছিল। তিনি হামলাটিকে 'একটি দৃষ্টান্তমূলক ইউক্রেনীয় অভিযান' বলে বর্ণনা করেছেন।
২০২৩ সালে কমিশন পাওয়া রুশ করভেট 'মারকিউরি' বন্দরে থাকা অবস্থায় কয়েকটি বিস্ফোরণে আঘাতপ্রাপ্ত হয়। জেলেনস্কি লিখেছেন, 'আমাদের যোদ্ধারা ইউক্রেনে তৈরি সাতটি নৌ-ড্রোন মোতায়েন করেছিল। শত্রুর সব চেষ্টা সত্ত্বেও রুশ করভেট মারকিউরি ডুবে গেছে।'
জেলেনস্কি জানান, গতকাল ও আজ তিনি অভিযানের ধাপগুলো সম্পর্কে বিস্তারিত ব্রিফিং পেয়েছেন এবং নির্ধারিত লক্ষ্য অর্জিত হয়েছে। করভেটটির পাশাপাশি একটি রুশ কা-২৭ হেলিকপ্টারও ধ্বংস হয়েছে বলে তিনি জানান।
দ্বিতীয় লক্ষ্য ছিল অস্ত্র পরিবহনে ব্যবহৃত রুশ শুষ্ক পণ্যবাহী জাহাজ 'এমভি আঙ্গারা'। জেলেনস্কি লিখেছেন, সেটিতেও আঘাত হানা হয়েছে। তিনি বলেন, 'আমরা নির্ধারিত জলসীমায় আমাদের অভিযান চালিয়ে যাচ্ছি। আমরা রাশিয়ার আগ্রাসনের জবাব দিচ্ছি। আমরা ইউক্রেনীয় অস্ত্র উন্নত করছি।'
জেলেনস্কি হামলার ভিডিও প্রকাশ করেছেন, যেখানে সামুদ্রিক ড্রোনগুলোকে মারকিউরি এবং সমুদ্রে থাকা একটি পণ্যবাহী জাহাজে আঘাত হানতে দেখা যায়। ইউক্রেনের নিরাপত্তা সেবা (এসবিইউ) টেলিগ্রামে জানিয়েছে, তারা ইউক্রেনীয় সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে এই হামলা চালিয়েছে।
এসবিইউ জানিয়েছে, ইউক্রেনে তৈরি সাতটি মানবহীন নৌকা এই অভিযানে ব্যবহার করা হয়। নৌকাগুলো একটি 'মাদার শিপ' বা মাতৃজাহাজে করে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ছাড়া হয়। সংস্থাটি আরও বলেছে, শত্রু আকাশ, সমুদ্র ও স্থল থেকে ড্রোনগুলো ধ্বংসের চেষ্টা করলেও এসবিইউয়ের মানবহীন নৌকাগুলো সফলভাবে লক্ষ্যে পৌঁছে আঘাত হেনেছে। এসবিইউয়ের দাবি, দুটি জাহাজই রাশিয়ার যুদ্ধ সক্ষমতায় সরাসরি অবদান রাখায় বৈধ সামরিক লক্ষ্য ছিল।
বেনগাজি ভূমধ্যসাগরীয় বন্দরনগরী এবং লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকার 'গভর্নমেন্ট অব ন্যাশনাল স্ট্যাবিলিটি'র (জিএনএস) রাজধানী; এটি পশ্চিমাঞ্চলের ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত 'গভর্নমেন্ট অব ন্যাশনাল ইউনিটি'র প্রতিদ্বন্দ্বী। জিএনএস এক বিবৃতিতে বলেছে, নোঙর করা রুশ জাহাজটি 'মানবহীন যানে' আঘাতপ্রাপ্ত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, জাহাজটি রাশিয়ায় ফেরার পথে ছিল এবং রাশিয়া ও বেনগাজি সরকারের মধ্যে সহযোগিতা চুক্তির অংশ হিসেবে জ্বালানি ও সরবরাহ নিতে ঘাঁটিতে নোঙর করেছিল। প্রশাসনটি জানিয়েছে, হামলার পরিস্থিতি, উৎস ও পেছনের পক্ষ উদ্ঘাটনে তারা রাশিয়ার সঙ্গে যৌথ তদন্ত শুরু করেছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার সাংবাদিকদের বলেছেন, লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজে হামলা নিয়ে জেলেনস্কির বক্তব্য রাশিয়া 'নোট করেছে'।




