পাঁচ মাসে দ্বিতীয় ঠিকাদার সরে যাওয়ায় সংকটে ব্রিটেনের প্রধান গিগাফ্যাক্টরি প্রকল্প

ব্রিটেনের অন্যতম প্রধান বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি প্রকল্প সংকটে পড়েছে। পাঁচ মাসের মধ্যে দ্বিতীয় নির্মাণ ঠিকাদার প্রকল্প ছেড়ে সরে যাওয়ায় জাগুয়ার ল্যান্ড রোভারের গাড়িতে ব্রিটিশ তৈরি ব্যাটারি কবে ব্যবহার হবে, তা নিয়ে প্রশ্ন আরও বেড়েছে।
সমারসেটের ব্রিজওয়াটারে ৫২০ কোটি পাউন্ড ব্যয়ের গিগাফ্যাক্টরিটি নির্মাণ করছে অগ্রাতাস। কারখানাটি ব্রিটেনের সবচেয়ে বড় গাড়ি নিয়োগদাতা জাগুয়ার ল্যান্ড রোভারের (জেএলআর) জন্য ব্যাটারি সরবরাহ করবে। অগ্রাতাস ও জেএলআর দুটোই ভারতের টাটা গ্রুপের অংশ।
ব্রিটিশ গাড়িশিল্পের দীর্ঘমেয়াদি টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা এই কারখানার জন্য ব্রিটেন সরকার ৩৮ কোটি পাউন্ড আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তবে ভর্তুকির পুরো অর্থ এখনো দেওয়া হয়নি এবং নির্মাণকাজে একের পর এক বাধা এসেছে।
অগ্রাতাসের সঙ্গে চুক্তিবদ্ধ নির্মাণ বিশেষজ্ঞ প্রতিষ্ঠান টিএসএল শর্ত নিয়ে একমত হতে না পেরে প্রকল্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বলে তিনটি সূত্র জানিয়েছে। টিএসএলের আনুষ্ঠানিক নাম টোনরো গ্রুপ। দুটি সূত্র জানিয়েছে, বিরোধের মূলে রয়েছে প্রকল্পের সময়সীমা ও ব্যয় নিয়ে মতভেদ।
টাটা ২০২৩ সালে গিগাফ্যাক্টরিটির ঘোষণা দেয়। তখন লক্ষ্য ছিল ২০২৬ সালে উৎপাদন শুরু করা এবং কর্মসংস্থান ছিল ৪ হাজার ২০০ পর্যন্ত। পরে তা পিছিয়ে ২০২৭ সাল করা হয়। প্রধান ঠিকাদার দ্বিতীয়বার বদল হওয়ায় অগ্রাতাস সর্বশেষ লক্ষ্য জানুয়ারি ২০২৮ ধরতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ বাড়ছে। তবে প্রতিষ্ঠানটি এখনো উৎপাদন শুরুর তারিখ পেছায়নি।
অগ্রাতাসের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা গ্রাহকের প্রয়োজন মেটানোর পথেই আছি। সমারসেটের স্থানটি একটি বড় ও জটিল শিল্পায়ন প্রকল্প এবং কারখানার উদ্বোধন পর্বের প্রস্তুতিতে আমাদের সব সরবরাহকারী অংশীদার ভালোভাবে সহায়তা করছেন।’
টিএসএল দুই থেকে তিন মাসের মধ্যে স্থানটি ছেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। তখন পুরো নির্মাণের দায়িত্ব নেওয়ার মতো অন্য কোনো প্রধান ঠিকাদার সারিবদ্ধ নেই। তবে প্রকল্পের যান্ত্রিক, বৈদ্যুতিক ও প্লাম্বিং ঠিকাদার এনজি বেইলি পুরো নির্মাণের দায়িত্ব নেওয়ার একটি বিকল্প হতে পারে বলে মনে করা হচ্ছে।
টিএসএলের পূর্বসূরি স্যার রবার্ট ম্যাকআলপাইনের (এসআরএম) ক্ষেত্রেও একই ধরনের বিষয় বিরোধের মূলে ছিল। জুন মাসে স্বল্প নোটিশে এসআরএমকে বরখাস্ত করে অগ্রাতাস। একটি সূত্র জানিয়েছে, তাদের বিদায়ের শর্ত নিয়ে আলোচনা এখনো চলছে।
কর্মীদের কোভেন্ট্রি থেকে সমারসেটে স্থানান্তরের সিদ্ধান্তে অগ্রাতাসের ভেতরে মনোবলেও ধাক্কা লেগেছে। অন্যান্য টাটা গ্রুপ প্রতিষ্ঠানের সঙ্গে ভাগ করে নেওয়া কোভেন্ট্রির ভবন থেকে কিছু কর্মীকে সমারসেটে সরানো হচ্ছে। তাঁদের কেউ কেউ পরিবার নিয়ে ১২০ মাইল দূরে সরে যাওয়ার বদলে চাকরি ছাড়ার পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। দুটি সূত্র জানিয়েছে, এমনটা হলে সাম্প্রতিক মাসগুলোতে জ্যেষ্ঠ কর্মীদের চলে যাওয়ার ধারা অব্যাহত থাকবে।
ব্রিটেনের একমাত্র চালু গিগাফ্যাক্টরি, উত্তর-পূর্ব ইংল্যান্ডের সান্ডারল্যান্ডে এএসসির কারখানাটিও সমস্যায় পড়েছে। গাড়ি নির্মাতারা বৈদ্যুতিক গাড়ির পরিকল্পনা কমিয়ে আনায় এবং সরকারগুলো পেট্রল ও ডিজেল গাড়ি নিষিদ্ধের সময় পিছিয়ে দেওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে। আগস্টে জানা যায়, জেএলআরকে সরবরাহের আলাদা চুক্তিতে একমত হতে না পেরে এএসসি সম্প্রসারণ পরিকল্পনা স্থগিত করেছে।
জেএলআর অন্য সরবরাহকারীদের কাছ থেকে ব্যাটারি নিশ্চিত করেছে বলে জানা গেছে, তাই নতুন বৈদ্যুতিক ল্যান্ড রোভার ও জাগুয়ার গাড়ির বিক্রি বাড়ানোর পরিকল্পনায় এর প্রভাব পড়বে না। তবে সেসব প্রথম দিকের গাড়িতে ব্রিটিশ তৈরি ব্যাটারি থাকবে না।




