চট্টগ্রামের কর্ণেলহাটে মিছিল চলাকালে স্বেচ্ছাসেবক দলের কর্মী পারভেজকে ছুরিকাঘাত, সাগর আটক

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগবিরোধী মিছিল চলাকালে মো. পারভেজ নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার বিকেলে নগরের আকবর শাহ থানাধীন কর্ণেলহাট এলাকায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতের শিকার ব্যক্তি ও হামলাকারী দুজনেই স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসাইন বলেন, দুজনের মধ্যে পূর্ববিরোধ থেকে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ইসমাইল হোসেন সাগর নামে ছুরিকাঘাতকারী ব্যক্তিকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটনাস্থলে যাওয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসীন বলেন, বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগবিরোধী একটি প্রতিবাদ মিছিল বের করেন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। ওই মিছিল চলাকালে একজনকে ছুরিকাঘাত করা হয়েছে।



