কোকা-কোলার বোতলজাতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিযোগিতা তদন্ত শুরু ইউরোপীয় কমিশনের
ব্রাসেলস থেকে: ইউরোপীয় কমিশন সোমবার কোকা-কোলার ইউরোপীয় বোতলজাতকারী প্রতিষ্ঠানগুলোর একটির বিরুদ্ধে প্রতিযোগিতাবিরোধী (অ্যান্টিট্রাস্ট) তদন্ত শুরু করেছে। অভিযোগ, প্রতিষ্ঠানটি খুচরা বিক্রেতাদের অন্য ইইউ দেশ থেকে কম দামে পানীয় কিনতে বাধা দিয়েছে।
ইইউর নির্বাহী সংস্থাটির সন্দেহ, বোতলজাতকারী প্রতিষ্ঠানটি সুপারমার্কেট ও অন্যান্য খুচরা বিক্রেতাদের এই শর্তে ছাড় দিয়েছে যে তারা পানীয়গুলো অন্য ইইউ দেশে বিক্রি করবে না।
কমিশন আরও খতিয়ে দেখবে, প্রতিষ্ঠানটি দেশভেদে বোতল ও ক্যানের আকার বদলে দিয়ে আন্তঃসীমান্ত বাণিজ্য কঠিন করেছে কি না এবং স্পেনে কোমল পানীয়ের আমদানি সীমিত করতে খুচরা বিক্রেতাদের অর্থ দিয়েছে কি না।
ব্রাসেলসের অভিযোগের মধ্যে আরও রয়েছে, যুক্তরাজ্যভিত্তিক বোতলজাতকারী প্রতিষ্ঠানটি খুচরা বিক্রেতাদের কয়েকটি দেশ মিলিয়ে একক সরবরাহ চুক্তি করতে দিতে অস্বীকৃতি জানিয়েছে, ফলে তাদের দেশভেদে আলাদা আলাদা চুক্তি করতে বাধ্য হতে হয়েছে।
ইইউর প্রতিযোগিতাবিষয়ক প্রধান তেরেসা রিবেরা এক বিবৃতিতে বলেন, ‘ইউরোপজুড়ে মানুষ প্রতিদিন কোমল পানীয় উপভোগ করে। কিন্তু শুধু একটি ইইউ দেশের বদলে অন্য দেশে বসবাসের কারণে তাদের বেশি দাম দিতে হওয়া উচিত নয়।’
কোকা-কোলা ইউরোপ্যাসিফিক পার্টনারস একটি পৃথক, পাবলিক তালিকাভুক্ত কোম্পানি, যারা দ্য কোকা-কোলা কোম্পানির লাইসেন্সের অধীনে কোকা-কোলা পানীয় বোতলজাত করে ও বিক্রি করে। দ্য কোকা-কোলা কোম্পানির এই প্রতিষ্ঠানটিতে ১৭ শতাংশ শেয়ার রয়েছে।
মামলাটি এমন সময়ে এল, যখন কমিশন তথাকথিত আঞ্চলিক সরবরাহ সীমাবদ্ধতা নিয়ে নতুন নিয়ম প্রস্তুত করছে — বড় ব্র্যান্ডগুলোর সেই চর্চা, যেখানে খুচরা বিক্রেতাদের এক ইইউ দেশে পণ্য কিনে অন্য দেশে পুনরায় বিক্রি করতে বাধা দেওয়া হয়। ব্রাসেলস ইতিমধ্যে এই চর্চাকে প্রতিযোগিতা আইনে লক্ষ্যবস্তু করেছে: আন্তঃসীমান্ত বিক্রি সীমিত করার দায়ে ২০২৪ সালে মন্ডেলেজকে ৩৩ কোটি ৭৫ লাখ ইউরো জরিমানা করা হয় এবং এপ্রিলে ফেরেরোর কার্যালয়ে অভিযান চালানো হয়।
কমিশন ২০২৫ সালের মার্চে কয়েকটি দেশে সিসিইপির কার্যালয়ে অভিযান চালিয়েছিল। অভিযোগ প্রমাণিত হলে প্রতিষ্ঠানটিকে বৈশ্বিক বার্ষিক লেনদেনের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে। তদন্ত শেষ করার কোনো সময়সীমা নেই। সিসিইপি এক বিবৃতিতে বলেছে, তারা প্রতিযোগিতা আইনকে ‘খুবই গুরুত্বের সঙ্গে’ নেয় এবং কমিশনের জিজ্ঞাসাবাদে ‘পুরোপুরি সহযোগিতা অব্যাহত রাখবে’; তবে তদন্ত নিয়ে এর বেশি মন্তব্য করতে তারা অস্বীকৃতি জানিয়েছে।
