এক ট্রিলিয়ন ডলারের লক্ষ্য, সংস্কার না হলে প্রবৃদ্ধি ৪.২ শতাংশে সীমাবদ্ধ থাকার সতর্কবার্তা বিশ্বব্যাংকের
বাংলাদেশের অর্থনীতি এখন উচ্চাভিলাষী লক্ষ্য ও কঠিন বাস্তবতার মধ্যবর্তী এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার স্বপ্ন দেখছে সরকার। অথচ প্রয়োজনীয় সংস্কার না হলে আগামী এক দশকে দেশের গড় বার্ষিক প্রবৃদ্ধি ৪.২ শতাংশে সীমাবদ্ধ থাকতে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের ১৯ নভেম্বর প্রকাশিত ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ ২০২৬’ প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনীয় সংস্কার না হলে ২০২৭ থেকে ২০৩৫ অর্থবছর পর্যন্ত বাংলাদেশের গড় বার্ষিক প্রবৃদ্ধি ৪ দশমিক ২ শতাংশ হতে পারে। তবে রাজস্ব আহরণ, সরকারি ব্যয়ের দক্ষতা এবং জ্বালানি খাতে কার্যকর সংস্কার করা গেলে এই হার ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত হওয়ার সুযোগ রয়েছে। এমনকি ২০৩৪-৩৫ অর্থবছরে প্রবৃদ্ধি ৬ দশমিক ২ শতাংশে পৌঁছাতে পারে।
অন্যদিকে, সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে অর্থনীতির আকার এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করা। এ জন্য বিনিয়োগ, শিল্পায়ন, উৎপাদনশীলতা ও রপ্তানি সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের অন্যতম বড় বাধা ব্যাংক খাতের দুর্বলতা। খেলাপি ঋণের উচ্চ হার, সুশাসনের ঘাটতি এবং বেসরকারি খাতে ঋণপ্রবাহের সংকোচন শিল্প ও ব্যবসা সম্প্রসারণকে বাধাগ্রস্ত করছে। দ্য ইকোনমিস্টের পর্যবেক্ষণেও বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার এই দুর্বলতা নিয়ে উদ্বেগ উঠে এসেছে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন মনে করেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি পুনরুদ্ধারের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বেসরকারি বিনিয়োগে স্থবিরতা, জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি ও ব্যাংক খাতের দুর্বলতা। চ্যানেল আইয়ের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের তাৎক্ষণিক অগ্রাধিকার হওয়া উচিত নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যবসার ব্যয় কমানো এবং বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করা।
ব্যাংক খাতের সংকট প্রসঙ্গে ড. ফাহমিদা খাতুন বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে খেলাপি ঋণ আদায়, ঋণ পুনঃতফসিলের অপব্যবহার বন্ধ, সুশাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশ ব্যাংকের তদারকি ও স্বাধীনতা জোরদার করা জরুরি।
অর্থনীতির আকার আট বছরের মধ্যে উল্লেখযোগ্যভাবে বাড়াতে হলে বিনিয়োগের ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি প্রয়োজন। এ জন্য মোট বিনিয়োগ জিডিপির প্রায় ২৮ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, সরকারি মূলধনি ব্যয় জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ থেকে কমে ২০২৫ অর্থবছরে ২ দশমিক ৮ শতাংশে নেমেছে। একই সঙ্গে কর্মক্ষম নারীদের পাঁচজনের মধ্যে তিনজন শ্রমবাজারের বাইরে রয়েছেন এবং দেশের মোট কর্মীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত।
সরকারের অর্থনৈতিক পরিকল্পনায় ‘অর্থনৈতিক গণতন্ত্রায়ন’ একটি গুরুত্বপূর্ণ ধারণা হিসেবে উঠে এসেছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের ভাষায়, সরকারের নতুন অর্থনৈতিক মডেলের আদর্শিক ভিত্তি হলো অর্থনীতির গণতন্ত্রায়ন। সম্প্রতি এক আলোচনা সভায় তিনি বলেন, বন্ধ হয়ে যাওয়া শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে প্রায় ৬০ হাজার কোটি টাকার পুনর্গঠন প্যাকেজ তৈরির কথা জানান তিনি।
রপ্তানি বহুমুখীকরণের ক্ষেত্রেও তৈরি পোশাকশিল্পের বাইরে ওষুধ, চামড়াজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাতকরণ, তথ্যপ্রযুক্তি ও হালকা প্রকৌশল খাতকে এগিয়ে নিতে হবে বলে প্রতিবেদন ও আলোচনায় উঠে এসেছে।
