…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১ হাজার কোটি টাকার ঋণ কর্মসূচি চালু কর্মসংস্থান ব্যাংকের, প্রথম ধাপে বিতরণ ২০০ কোটি

নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ১ হাজার কোটি টাকার একটি ঋণ কর্মসূচি চালু করেছে কর্মসংস্থান ব্যাংক। কর্মসূচির আওতায় প্রথম ধাপে ২০০ কোটি টাকা বিতরণ করা হচ্ছে, যার মাধ্যমে প্রায় দেড় লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি সম্ভব হবে।

বুধবার (২৫ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে ১ হাজার ৬০০ জন গ্রাহকের মধ্যে ৩৩ কোটি টাকার ঋণ বিতরণ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকটির চেয়ারম্যান ড. এএফএম মতিউর রহমান এই তথ্য জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কর্মসংস্থান ব্যাংকের পরিচালক ও এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন, কর্মসংস্থান ব্যাংকের পরিচালক তালুকদার সালাহউদ্দীন আহমাদ, সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক অরুণ চৌধুরী কর্মকার এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পারভিন আক্তার।

অনুষ্ঠানে ঋণের সুদহার কমানোর প্রস্তাব তুলে কর্মসংস্থান ব্যাংকের পরিচালক তালুকদার সালাহউদ্দীন আহমাদ বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে ৪ শতাংশ সুদে তহবিল নিয়ে গ্রাহক পর্যায়ে ৯ শতাংশ সুদে ঋণ বিতরণ করা হলে ব্যাংকের হাতে ৫ শতাংশ থাকে। এই সুদহার উদ্যোক্তাদের জন্য বেশি। বাংলাদেশ ব্যাংক তহবিলের সুদ ২ শতাংশ নির্ধারণ করলে গ্রাহক পর্যায়ে ঋণ ৫ থেকে সাড়ে ৫ শতাংশের মধ্যে বিতরণ করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

তালুকদার সালাহউদ্দীন আহমাদ বলেন, ব্যাংকটিকে কেবল মুনাফা অর্জনের প্রতিষ্ঠান নয়, বরং অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যম হিসেবে দেখা উচিত। তিনি বলেন, কর্মসংস্থান ব্যাংক দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে ঋণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে। ব্যাংকটির মূলধন তুলনামূলক কম হলেও এর কার্যক্রম গুরুত্বপূর্ণ।

প্রাণিসম্পদ খাতে বিনিয়োগের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, বিশেষ করে গবাদিপশু পালন, চামড়া প্রক্রিয়াজাতকরণ ও জুতা শিল্পে দেশীয় উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে। এসব খাতে পরিকল্পিত বিনিয়োগ হলে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ সম্ভব। দেশের চামড়াশিল্পের সম্ভাবনা কাজে লাগাতে বিভাগীয় পর্যায়ে ট্যানারি ও চামড়া প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার প্রস্তাব দিয়ে তিনি বলেন, দেশীয় চামড়া ব্যবহার করে জুতা ও চামড়াজাত পণ্য উৎপাদন বাড়ানো গেলে আমদানিনির্ভরতা কমবে এবং শিল্পে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

ড. মোহাম্মদ জাকারিয়া বলেন, প্রাণিসম্পদ খাতে অর্থায়ন বাড়ানোর পাশাপাশি সঠিক সময়ে ঋণ পৌঁছে দেওয়া জরুরি। বিশেষ করে কোরবানির বাজার সামনে রেখে পশু পালন ও মোটাতাজাকরণে উদ্যোক্তাদের প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা গেলে কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের ঋণ কর্মসূচির আওতায় আনা হলে উদ্যোক্তা তৈরির উদ্যোগ আরও কার্যকর হবে। শুধু ঋণ বিতরণ নয়, উদ্যোক্তাদের উৎপাদন, ব্যবস্থাপনা ও বাজারসংযোগের ক্ষেত্রেও সহযোগিতা প্রয়োজন।

সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক অরুণ চৌধুরী কর্মকার প্রাণিসম্পদ খাতে ঋণ বিতরণকালে প্রকৃত উপকারভোগী ও নতুন উদ্যোক্তাদের প্রাধান্য দেওয়ার পাশাপাশি ঋণের যথাযথ ব্যবহার ও আদায় নিশ্চিত করার পরামর্শ দেন। তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে দেশের সব শ্রেণির মানুষকে সম্পৃক্ত করতে ঋণ কার্যক্রম আরও অন্তর্ভুক্তিমূলক করতে হবে।

পোল্ট্রি খাতের সম্ভাবনা প্রসঙ্গে অরুণ চৌধুরী কর্মকার বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে পোল্ট্রি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে পশু ও পোল্ট্রি খাদ্যের উচ্চমূল্য, উৎপাদন ব্যয় এবং বাজারের অনিশ্চয়তায় খামারিরা চাপের মধ্যে রয়েছেন। এই পরিস্থিতিতে সহজ শর্তে ঋণ ও কার্যকর আর্থিক সহায়তা দেওয়া প্রয়োজন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন বলেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী দেশের অর্থনৈতিক উন্নয়নের বড় সম্পদ। এই জনশক্তিকে উৎপাদনশীল কাজে সম্পৃক্ত করতে না পারলে জনসংখ্যাগত সুবিধা কাজে লাগানো কঠিন হবে। তাই দেশে কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশে দক্ষ জনশক্তি পাঠানোর উদ্যোগ বাড়াতে হবে।

বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণে গুরুত্ব দিয়ে আরিফ হোসেন বলেন, শুধু অদক্ষ শ্রমিক নয়, দক্ষ কর্মী, কারিগরি পেশাজীবী ও সুপারভাইজার হিসেবে জনশক্তি পাঠানোর সক্ষমতা বাড়াতে হবে। এতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ, শ্রমিকদের আয় ও রেমিট্যান্স প্রবাহ বাড়বে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

দেশের শেয়ারবাজারে বড় পতন: ডিএসইএক্স কমল ৫৪ পয়েন্ট, লেনদেন নেমে এল ৯১৭ কোটি টাকায়

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন এবং দিনজুড়ে বিক্রির চাপে বুধবার (২৫ নভেম্বর) দেশের শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়েছে। দিন শেষে ঢাকা স্টক …

অর্থনীতি ও ব্যবসা

অজান্তেই বিক্রি হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য: বিজ্ঞাপনের আড়ালে কয়েক বিলিয়ন ডলারের বাজার

স্মার্টফোনে আবহাওয়ার খবর দেখা, অনলাইনে কেনাকাটা করা কিংবা গাড়ি চালানোর মতো দৈনন্দিন কাজের তথ্য ব্যবহারকারীর অজান্তেই একাধিক প্রতিষ্ঠানের কাছে পৌঁছে …

বাংলাদেশসহ ১৬ অংশীদারের ওপর নতুন শুল্কের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের, তদন্তের ফল আসতে পারে মঙ্গলবারই
অর্থনীতি ও ব্যবসা

বাংলাদেশসহ ১৬ অংশীদারের ওপর নতুন শুল্কের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের, তদন্তের ফল আসতে পারে মঙ্গলবারই

বাংলাদেশসহ ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তিন সূত্রের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়ে…

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদনের তারিখ শততম বার পেছাল, নতুন দিন ৩০ ডিসেম্বর
অর্থনীতি ও ব্যবসা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদনের তারিখ শততম বার পেছাল, নতুন দিন ৩০ ডিসেম্বর

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ শততম বারের মতো পেছাল।…