এক বছরের মধ্যে ইইউর একক বাজারে ফেরার চুক্তি সম্ভব, দাবি লিব ডেম নেতা এড ডেভির
যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্র্যাট (লিব ডেম) দলের নেতা এড ডেভি বলেছেন, তাঁর দলের সরকার ক্ষমতায় গেলে এক বছরের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একক বাজার ও কাস্টমস ইউনিয়নে যুক্তরাজ্যের পুনঃপ্রবেশ নিয়ে চুক্তি সম্পন্ন করা সম্ভব। সোমবার লন্ডনে কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রির (সিবিআই) বার্ষিক সম্মেলনে পলিটিকোকে দেওয়া এক আলোচনায় তিনি এ দাবি করেন।
ডেভি বলেন, 'আমার মনে হয় আলোচনাটা অবিশ্বাস্যভাবে সহজ হবে। সম্ভবত রেকর্ড গতিতে, এক বছরের মধ্যেই এটি সম্পন্ন করা যাবে।' হাউস অব কমন্সের তৃতীয় বৃহত্তম দল লিব ডেম দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্যের একক বাজার ও কাস্টমস ইউনিয়নে ফেরার পক্ষে অবস্থান নিয়ে আসছে।
অন্যদিকে ক্ষমতাসীন লেবার পার্টি ২০২৪ সালের বিজয়ী নির্বাচনী ইশতেহারে একক বাজার বা কাস্টমস ইউনিয়ন—কোনোটিতেই যোগ না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ডেভি বলেন, যুক্তরাজ্য আগেও এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে, তাই নতুন করে বিশেষ কোনো চুক্তি আলোচনার চেয়ে বিদ্যমান কাঠামোতে ফেরা সহজ হবে।
তাঁর দাবি, যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে একক বাজার ও কাস্টমস ইউনিয়নে ফেরার আগেই অর্থনৈতিক সুফল আসতে শুরু করবে। ডেভির এই মন্তব্য এসেছে কয়েক দিন আগে ব্রাসেলসে অনুষ্ঠিত যুক্তরাজ্য-ইইউ শীর্ষ সম্মেলনে কৃষিখাদ্য, জ্বালানি ও যুব চলাচল (ইয়ুথ মোবিলিটি) বিষয়ে চুক্তি হওয়ার পর।
ওই চুক্তিকে 'বেশ নম্র' বা সীমিত বলে অভিহিত করেছেন ডেভি। তিনি বলেন, তাঁর দল পাঁচ বছর আগেই এমন চুক্তির দাবি জানিয়েছিল, কিন্তু এর মধ্যে বিশ্ব অনেক বদলে গেছে। 'আমাদের অনেক বেশি প্রবৃদ্ধি দরকার, আর প্রবৃদ্ধির বড় অংশ আসে বাণিজ্য থেকে। এই চুক্তি আসলে বেশ নম্র; এটি বরিস জনসনের ট্রেড অ্যান্ড কো-অপারেশন চুক্তির সীমানার মধ্যেই রয়ে গেছে,' বলেন তিনি।
এদিকে লেবার নেতা অ্যান্ডি বার্নহ্যামের সরকার আগামী মাসে ইইউর সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্কের সম্ভাব্য বিকল্পগুলো তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছে। আলোচিত বিকল্পগুলোর মধ্যে রয়েছে কাস্টমস ইউনিয়ন বা একক বাজারে পুনরায় যোগ দেওয়া, এমনকি ব্লকে ফেরার প্রশ্নে দ্বিতীয় গণভোট আয়োজন।
দ্বিতীয় গণভোটের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ডেভি বলেন, বিষয়টি অতটা সহজ হবে না। 'সেই পর্যায়ে যাওয়ার আগে ব্রিটিশ জনগণকে ইউরোপের বিশাল সুফলগুলো বোঝাতে হবে,' বলেন তিনি। তাঁর ভাষ্য, গত কয়েক বছরের তিক্ত ইতিহাসের কারণে ইউরোপীয়দেরও রাজি করাতে কিছুটা বোঝাতে হবে।
