…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

পাঁচ বছরে এইচআইভি শনাক্ত শিক্ষার্থীর হার দ্বিগুণের বেশি, গত বছর নতুন শনাক্ত ১ হাজার ৮৯১ জনের মধ্যে শিক্ষার্থী ৩২১

নিজস্ব প্রতিবেদক

দেশে নতুন করে এইচআইভি শনাক্ত ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থীদের হার পাঁচ বছরের ব্যবধানে দ্বিগুণের বেশি বেড়েছে। ২০২১ সালে নতুন শনাক্তদের ৭ দশমিক ১৩ শতাংশ ছিলেন শিক্ষার্থী, ২০২৫ সালে সেই হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৭ শতাংশে।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের তথ্য অনুযায়ী, গত বছর দেশে নতুন করে এইচআইভি শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৯১ জন। তাঁদের মধ্যে ৩২১ জন শিক্ষার্থী।

আগের বছরগুলোর হিসাবেও ঊর্ধ্বমুখী ধারা দেখা গেছে। ২০২৪ সালে নতুন শনাক্ত ১ হাজার ৪৩৮ জনের মধ্যে শিক্ষার্থী ছিলেন ২২৩ জন, অর্থাৎ ১৫ দশমিক ৫০ শতাংশ। ২০২৩ সালে ১ হাজার ২৭৬ জনের মধ্যে ১৮৫ জন (১৪ দশমিক ৫০ শতাংশ) এবং ২০২২ সালে ৯৪৭ জনের মধ্যে ৪২ জন (৪ দশমিক ৪৩ শতাংশ) শিক্ষার্থী ছিলেন। ২০২২ সালের পর থেকে শিক্ষার্থীদের মধ্যে শনাক্তের হার ধারাবাহিকভাবে বেড়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, সচেতনতার ঘাটতি ও অনিরাপদ সম্পর্কের কারণে শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণ বাড়ছে। প্রতিরোধমূলক প্রচার, পরীক্ষার সুযোগ সম্প্রসারণ এবং আক্রান্তদের চিকিৎসার আওতায় আনার পাশাপাশি সামাজিক বৈষম্য দূর করা জরুরি বলে তাঁরা মনে করেন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেন, বিদেশি তহবিল কমে যাওয়ায় এইচআইভি বিষয়ে সচেতনতামূলক প্রচারণায় ভাটা পড়েছে। স্কুল ও ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিজস্ব অর্থায়ন ও সক্ষমতা বাড়াতে হবে বলে তিনি মত দেন।

জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের তথ্য বলছে, ১৯৮৯ সালে দেশে প্রথম এইডস রোগী শনাক্ত হওয়ার পর থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১৪ হাজার ৩১৩। গত বছর এইডসে আক্রান্ত ২১৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২ হাজার ৬৬৬ জনের।

গত বছর নতুন শনাক্তদের মধ্যে বয়সের হিসাবও দেওয়া হয়েছে। নতুন শনাক্তদের ২১ দশমিক ৫ শতাংশের বয়স ছিল ২০ থেকে ২৪ বছর। ১৫ থেকে ১৯ বছর বয়সি ছিলেন ৪ দশমিক ৮৭ শতাংশ। সবচেয়ে বেশি ৬২ দশমিক ৬১ শতাংশের বয়স ছিল ২৫ থেকে ৪৯ বছর।

বিভাগটির প্রাক্কলন অনুযায়ী, ২০২৫ সালে দেশে এইচআইভি নিয়ে বসবাসকারী মানুষের সংখ্যা ছিল ১৭ হাজার ৪৮০। তাঁদের মধ্যে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৩১৩ জন। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৮ হাজার ৫৭৯ জন অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের পরিচালক ডা. মো. খায়রুজ্জামান বলেন, বেশি মানুষকে স্ক্রিনিং করায় শনাক্তের সংখ্যা বাড়ছে। তবে অভিবাসী ও যৌনকর্মীদের মধ্যে সংক্রমণ কমেছে বলে তিনি জানান।

বিভাগটির এক উপস্থাপনায় বলা হয়েছে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবায় সীমিত প্রবেশাধিকার এবং মাত্র ২৩টি জেলায় পরীক্ষার সুবিধা থাকা এইচআইভি মোকাবিলার বড় চ্যালেঞ্জ। এ ছাড়া সচেতনতার ঘাটতি, সমন্বয়হীনতা ও আক্রান্ত ব্যক্তিদের প্রতি সামাজিক বৈষম্যও প্রতিবন্ধকতা তৈরি করছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল

চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় …

বড় ভোজের আশায় সকালের নাশতা বাদ দিলে রক্তে শর্করায় ধাক্কা, সতর্ক করলেন পুষ্টিবিদ
স্বাস্থ্য

বড় ভোজের আশায় সকালের নাশতা বাদ দিলে রক্তে শর্করায় ধাক্কা, সতর্ক করলেন পুষ্টিবিদ

বড় ছুটির ভোজে জায়গা রাখতে সারা সকাল না খেয়ে থাকা বুদ্ধিমানের কাজ মনে হলেও বিশেষজ্ঞরা বলছেন, এর অনাকাঙ্ক্ষিত স্বাস্থ্যঝুঁকি রয়েছে এবং প্রস্তুতির আর…

অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানুল্লাহ ওএসডি
স্বাস্থ্য

অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানুল্লাহ ওএসডি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাঁকে স্বাস্…