গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, পাঁচ দোকান ভাঙচুর; সদরেও একই সন্ধ্যায় সংঘর্ষ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে সোমবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি দোকান ভাঙচুর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের হিরণ ইউনিয়নের নেতা-কর্মীরা সোমবার সন্ধ্যায় একটি মিছিল বের করেন। মিছিলটি দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ নেতা মশিউর রহমানের সঙ্গে অন্য সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহত মশিউর রহমান (৪২), মিকাইল ইসলাম (৫২) ও জায়েদ শেখকে (৩৬) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে মিকাইল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মশিউর রহমান সাংবাদিকদের বলেন, মিছিল নিয়ে তাঁরা দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে শফিকুল ইসলাম লোকজন নিয়ে তাঁদের ওপর হামলা করেন। হামলায় তিনি নিজেসহ কয়েকজন আহত হন। শফিকুলের ভাই মুন্সী রইচ উদ্দিন জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলেও দাবি করেন মশিউর।
অভিযোগ অস্বীকার করে শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, তাঁর বড় ভাই বিদেশে থাকেন এবং তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। তিনি নিজে দীর্ঘদিন ধরে ছাত্রলীগ করে আসছেন। তাঁর ভাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হওয়ার বিরোধ থেকে তাঁর ওপর আগে হামলা হয়। হামলায় তিনি নিজেসহ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের পাঁচটি দোকানঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলেও তিনি বলেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ বলেন, দুই পক্ষের সংঘর্ষের কথা তিনি শুনেছেন, তবে এখন পর্যন্ত কেউ এ বিষয়ে অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে একই সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট বটতলা গোলচত্বর এলাকায় সমাবেশে দাঁড়ানোকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে ১০ জন আহত হন এবং ১০টি দোকান ভাঙচুর করা হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।




