পরীক্ষা ছাড়াই এক কোটি টাকার কাঁচামাল ধ্বংসের অভিযোগ, জামালপুরে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ

পরীক্ষাগারে নমুনা পরীক্ষা ছাড়া চোখের দেখায় কাঁচামালকে ‘ভেজাল’ আখ্যা দিয়ে প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংস করার অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে একটি ব্যবসাপ্রতিষ্ঠান।
জামালপুরের মেলান্দহ উপজেলার সুন্সি নাংলা এলাকার গ্রিন বায়োটেকনোলজি নামের উৎপাদন প্রতিষ্ঠানটি সহকারী পরিচালক মো. শরীফুল ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ করে। ঘটনার নিরপেক্ষ তদন্ত, বিভাগীয় ব্যবস্থা, জরিমানার টাকা ফেরত ও ধ্বংস করা কাঁচামালের ক্ষতিপূরণ চেয়ে গত রোববার সকালে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।
লিখিত অভিযোগ অনুযায়ী, বুধবার দুপুরে গ্রিন বায়োটেকনোলজির কারখানা পরিদর্শনে যান শরীফুল ইসলাম। প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাঁকে উৎপাদন কার্যক্রম ও সংরক্ষণাগার ঘুরে দেখান। একপর্যায়ে প্রসাধনসামগ্রী তৈরির জন্য সংরক্ষিত কিছু কাঁচামাল তাঁর নজরে আসে।
প্রতিষ্ঠানটির দাবি, এসব কাঁচামাল নিজস্ব মান নিয়ন্ত্রণ করে পরীক্ষাগারে পুনঃপরীক্ষার আওতায় ছিল। প্রতিটি পাত্রে ‘রিটেস্টেড’ লেবেল লাগানো ছিল এবং সেগুলোর মেয়াদও শেষ হয়নি। কিন্তু কোনো নমুনা সংগ্রহ বা পরীক্ষাগারে পরীক্ষা ছাড়াই কাঁচামালগুলোকে ‘ভেজাল’ ঘোষণা করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪১ ধারায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংস করা হয়।
প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক মো. নজরুল ইসলাম বলেন, কাঁচামালগুলো সরকারি বা অন্য কোনো স্বীকৃত পরীক্ষাগারে পরীক্ষা করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছিল, কিন্তু সে সুযোগ দেওয়া হয়নি। কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তাৎক্ষণিকভাবে দুই লাখ টাকা জরিমানা পরিশোধে বাধ্য করা হয় এবং জরিমানার সুনির্দিষ্ট আইনগত ভিত্তি ও পূর্ণাঙ্গ লিখিত আদেশও দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।
নজরুল ইসলামের অভিযোগ, কারখানা সিলগালা, গ্রেপ্তার ও এক বছরের কারাদণ্ডের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ফাঁকা ও অসম্পূর্ণ ফরমে স্বাক্ষর নেওয়া হয়। প্রায় এক কোটি টাকার কাঁচামাল জোর করে ধ্বংস করায় প্রতিষ্ঠানের বড় আর্থিক ক্ষতির পাশাপাশি সুনামও ক্ষুণ্ন হয়েছে বলে তিনি বলেন।
প্রতিষ্ঠানটির দাবি, তাদের উৎপাদিত প্রতিটি পণ্যের বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বৈধ লাইসেন্স রয়েছে। পণ্যগুলো পরীক্ষাগারে মান যাচাইয়ের পর বাজারজাত করা হয় এবং অধিকাংশ পণ্য বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) মাধ্যমে ডার্মাটোলজিক্যালি পরীক্ষিত।
অভিযোগের বিষয়ে সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, তিনি কারখানায় গিয়ে কাঁচামালগুলো মেয়াদোত্তীর্ণ অবস্থায় পেয়েছেন। মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারের সুযোগ নেই বলে সেগুলোর পরীক্ষা করা হয়নি। তিনি কোনো জব্দ তালিকা করেননি, কাঁচামালগুলো ধ্বংস করিয়েছেন, তবে কোনো ফাঁকা ফরমে স্বাক্ষর আদায় করেননি এবং কাউকে গ্রেপ্তারের হুমকিও দেননি।
চোখের দেখায় কীভাবে কাঁচামালে ভেজাল বোঝা গেল, এমন প্রশ্নের জবাবে শরীফুল ইসলাম বলেন, কিছু জিনিস চোখের দেখায় বোঝা যায়, আবার কিছু জিনিসের পরীক্ষার প্রয়োজন হয়। মেয়াদ নিয়ে আপত্তি থাকলে পরীক্ষার মাধ্যমে বিষয়টি সমাধান করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।




