আফ্রিকার খনিজ ভান্ডার ঘিরে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার ত্রিমুখী প্রতিযোগিতা
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের কোবাল্ট খনি, মালির লিথিয়াম মজুত কিংবা নাইজারের ইউরেনিয়াম ভান্ডার—আফ্রিকার বিভিন্ন দেশে থাকা বিপুল খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে প্রতিযোগিতা ক্রমেই তীব্র হচ্ছে।
গুরুত্বপূর্ণ বেশ কিছু খনিজের বৈশ্বিক সরবরাহব্যবস্থায় আধিপত্য করছে চীন। অন্যদিকে সামরিক ও নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে আফ্রিকায় প্রভাব বাড়াচ্ছে রাশিয়া, বিশেষ করে সাহেল অঞ্চলের দেশগুলোতে মস্কোর উপস্থিতি বেড়েছে। আর কূটনীতি, বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আফ্রিকার খনিজ সম্পদের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র।
এই প্রতিযোগিতা শুধু খনির দখল বা খনিজ উত্তোলনের মধ্যে সীমাবদ্ধ নেই। খনিজ সম্পদ পরিবহনে ব্যবহৃত বন্দর, রেলপথ ও বাণিজ্যিক করিডর নিয়েও চলছে প্রভাব বিস্তারের লড়াই।
আফ্রিকায় কোবাল্ট, লিথিয়াম, তামা ও ইউরেনিয়ামের বিপুল মজুত রয়েছে। বৈদ্যুতিক গাড়ি, নবায়নযোগ্য জ্বালানি, আধুনিক প্রযুক্তিপণ্য ও প্রতিরক্ষাশিল্পে এসব খনিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব খনিজের নিয়ন্ত্রণ নিশ্চিত করা এখন বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছে কৌশলগত অগ্রাধিকারে পরিণত হয়েছে, কারণ এসব সম্পদের জন্য চীনের ওপর নির্ভরশীলতা কমাতে চায় ওয়াশিংটন।
এ লক্ষ্যে গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘প্রজেক্ট ভল্ট’ নামের একটি কর্মসূচির ঘোষণা দেন। ১ হাজার ২০০ কোটি ডলারের এই উদ্যোগের লক্ষ্য যুক্তরাষ্ট্রের শিল্পকারখানার জন্য গুরুত্বপূর্ণ খনিজের কৌশলগত মজুত গড়ে তোলা।
অন্যদিকে আফ্রিকার খনিজ খাত, খনিজ প্রক্রিয়াজাত শিল্প এবং এ-সংক্রান্ত অবকাঠামো খাতে বহু বছর ধরে বিনিয়োগ করছে চীন। চীনের শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, গত বছর চীন ও আফ্রিকার মধ্যে রেকর্ড ৩৪ হাজার ৮০০ কোটি মার্কিন ডলারের বাণিজ্য হয়েছে। এর মধ্য দিয়ে আফ্রিকার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে নিজেদের অবস্থান আরও সংহত করেছে বেইজিং।
চীন ও যুক্তরাষ্ট্রের তুলনায় আফ্রিকায় রাশিয়ার অর্থনৈতিক উপস্থিতি তুলনামূলক কম। অর্থনৈতিক উপস্থিতির বদলে মস্কো মূলত সামরিক সহযোগিতা ও নিরাপত্তা অংশীদারত্বকে প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ২০২৩ সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে গঠিত হয় ‘আফ্রিকা কোর’। এই বাহিনী আফ্রিকায় রাশিয়ার ভাড়াটে যোদ্ধাদের সংগঠন ভাগনার গ্রুপের বেশির ভাগ কার্যক্রম দেখভাল করে। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের উদ্যোগে ২০২৪ সালে র্যান্ড ইউরোপের করা এক গবেষণায় আফ্রিকায় রাশিয়ার তৎপরতার গুরুত্বপূর্ণ কারণ হিসেবে সোনার কথা উল্লেখ করা হয়।
আফ্রিকার খনিজ সম্পদ নিয়ে প্রতিযোগিতার কেন্দ্রে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো (ডিআরসি)। দেশটি বিশ্বে সবচেয়ে বেশি কোবাল্ট উৎপাদন করে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) হিসাবে, ২০২৫ সালে বিশ্বের বিভিন্ন খনি থেকে উত্তোলিত কোবাল্টের প্রায় ৭৩ শতাংশ এসেছে কঙ্গো থেকে। কঙ্গোর খনিজ খাতে চীনের শক্ত অবস্থান রয়েছে; দেশটির বেশ কয়েকটি বড় তামা ও কোবাল্ট খনির মালিকানা কিংবা অংশীদারত্ব রয়েছে চীনা কোম্পানিগুলোর হাতে। বিশ্বে কোবাল্ট পরিশোধন শিল্পেও আধিপত্য করছে চীন।
গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ও কঙ্গো একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই করে। লক্ষ্য গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার বাড়ানো এবং খনিজসংক্রান্ত অবকাঠামো ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ উৎসাহিত করা। চুক্তি অনুযায়ী, কঙ্গো সরকার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খনি ও অনুসন্ধান এলাকা চিহ্নিত করবে; এরপর চিহ্নিত প্রকল্পগুলোতে যুক্তরাষ্ট্র ও ‘যোগ্য’ অংশীদার দেশের বিনিয়োগকারীরা অগ্রাধিকার ভিত্তিতে বিনিয়োগের প্রস্তাব দেওয়ার সুযোগ পাবেন। তবে এ মাসে কঙ্গোর অর্থমন্ত্রী দানিয়েল মুকোকো সাম্বা যুক্তরাষ্ট্রকে চুক্তির প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবে বিনিয়োগ করার আহ্বান জানান। তাঁর বক্তব্য, কতটি চুক্তি সই হলো তা দিয়ে এই অংশীদারত্বের সাফল্য বিচার করা উচিত নয়; কতগুলো প্রকল্প বাস্তবায়িত হলো, সেটিই গুরুত্বপূর্ণ। কঙ্গো সরকার শুধু কাঁচামাল রপ্তানি বাড়াতে চায় না; দেশটি খনিজ প্রক্রিয়াজাতকরণ, বিদ্যুৎ সরবরাহ ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগ চাইছে।
খনিজ সম্পদ আফ্রিকা থেকে আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর সরবরাহব্যবস্থাও এই প্রতিযোগিতার অংশ। চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) মাধ্যমে আফ্রিকার অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগ করেছে; এই উদ্যোগের আওতায় আফ্রিকার কয়েক ডজন দেশ বেইজিংয়ের সঙ্গে সহযোগিতা চুক্তি করেছে। অন্যদিকে ‘লোবিতো করিডর’ নামের একটি প্রকল্পে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং তাদের ইউরোপীয় ও আফ্রিকান মিত্রদেশগুলো। এই পরিবহন নেটওয়ার্ক অ্যাঙ্গোলার আটলান্টিক উপকূলকে কঙ্গোর তামা ও কোবাল্টসমৃদ্ধ অঞ্চলের সঙ্গে যুক্ত করবে; ভবিষ্যতে রেলপথটি জাম্বিয়া পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। প্রকল্পটির লক্ষ্য খনিজ রপ্তানির জন্য দ্রুত ও কার্যকর যোগাযোগব্যবস্থা তৈরি করা এবং আঞ্চলিক বাণিজ্য বাড়ানো।
আফ্রিকার সাহেল অঞ্চলের মালি ও নাইজারে রয়েছে লিথিয়াম, সোনা ও ইউরেনিয়ামের বিপুল মজুত। তবে রাজনৈতিক অস্থিরতা ও সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা এই খাতে বিদেশি বিনিয়োগের পথে প্রধান বাধা। সামরিক অভ্যুত্থান ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতির পর মালি ও নাইজার মস্কোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদার করে; প্রতিবেশী বুরকিনা ফাসোও একই পথে হাঁটে। রাশিয়া এই অঞ্চলে আফ্রিকা কোরের সদস্যদের মোতায়েন করেছে।
যুক্তরাষ্ট্রও এখন সাহেলে সম্পর্ক আবার ভালো করার চেষ্টা করছে। গত ফেব্রুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা নিক চেকার মালি সফর করেন; এই সফরের মাধ্যমে দেশটির সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করার আগ্রহ দেখায় ওয়াশিংটন এবং মালির সার্বভৌমত্বের প্রতি যুক্তরাষ্ট্রের শ্রদ্ধার কথাও জানানো হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার হিসাবে গত বছর মালি প্রায় ৯ হাজার ৪০০ টন লিথিয়াম উৎপাদন করেছে; এর ফলে দেশটি আফ্রিকার অন্যতম প্রধান লিথিয়াম উৎপাদক হয়ে উঠেছে। মালির গৌলামিনা লিথিয়াম খনিতে রয়েছে চীনের স্বার্থ। অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের একটি সহযোগী প্রতিষ্ঠান দুই বছর আগে দেশটির বুগুলা লিথিয়াম প্রকল্পে অনুসন্ধান চালানোর লাইসেন্স পেয়েছে।
প্রতিবেশী নাইজারেও নতুন করে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের চেষ্টা করছে ওয়াশিংটন। ২০২৪ সালে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর ইউরেনিয়াম খাত এই উদ্যোগের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে। চলতি বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) নাইজারের দাসা ইউরেনিয়াম প্রকল্পে সর্বোচ্চ ৪১ কোটি ৪০ লাখ ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে কানাডার খনি কোম্পানি গ্লোবাল অ্যাটমিক। তবে অর্থায়ন পেতে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে; এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো নাইজার থেকে ইউরেনিয়াম পরিবহনের কার্যকর পথ তৈরি করা, কারণ দেশটির সরাসরি সমুদ্রপথে প্রবেশাধিকার নেই।
আফ্রিকার খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার এই প্রতিযোগিতা মহাদেশটির দেশগুলোর সামনে নতুন সুযোগ তৈরি করেছে—বিদেশি বিনিয়োগ বাড়ানো, একাধিক দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা ও খনিজ সম্পদ নিয়ে আরও ভালো শর্তে দর-কষাকষির সুযোগ পাচ্ছে আফ্রিকার সরকারগুলো। তবে ঝুঁকিও কম নয়। খনি ও খনিজ প্রক্রিয়াজাতকরণ শিল্পের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানিগুলোর হাতে থাকলে আফ্রিকার দেশগুলোকে শুধু কাঁচামাল রপ্তানি করেই যেতে হবে। এর সঙ্গে রয়েছে নিরাপত্তাহীনতা, দুর্নীতি ও দুর্বল অবকাঠামোর সমস্যা।




