এস্তোনিয়ার বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি রাশিয়ার, সীমান্ত বন্ধের সিদ্ধান্ত ঘিরে তীব্র উত্তেজনা
রাশিয়া প্রতিবেশী বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়ার বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি দিয়েছে। সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তালিনের বিরুদ্ধে নানা ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের’ অভিযোগ এনে বলেছে, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য এই দেশটি ‘প্রকাশ্য যুদ্ধ ডেকে আনার দ্বারপ্রান্তে’ রয়েছে।
এস্তোনিয়া রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধের পরিকল্পনা ঘোষণা করার পর এবং বাল্টিক সাগরে একটি রুশ জাহাজের ওপর ইউক্রেনের হামলার পর এই বিস্ফোরক মন্তব্য এলো।
সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে মস্কোতে এস্তোনিয়ার শার্জ দ্যাফেয়ার মারেক উহতেগিকে তলব করার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগগুলো তুলে ধরে।
মন্ত্রণালয় বলেছে, ‘এস্তোনীয় কূটনীতিককে আবারও বলা হয়েছে, এ ধরনের উসকানিমূলক ও অত্যন্ত বিপজ্জনক কর্মকাণ্ড রাশিয়ার সঙ্গে প্রকাশ্য যুদ্ধ শুরুর দ্বারপ্রান্তে রয়েছে।’ মন্ত্রণালয়ের দাবি, এস্তোনিয়া ‘রুশবিদ্বেষী’ প্রবণতা দেখাচ্ছে।
অভিযোগের তালিকায় মন্ত্রণালয় আরও বলেছে, এস্তোনিয়া ‘নীরবে তার আকাশসীমা ইউক্রেনীয় ড্রোনের ব্যবহারের সুযোগ দিচ্ছে উত্তর-পশ্চিম রাশিয়ায় হামলার জন্য’। তালিন দ্রুত এই দাবি অস্বীকার করেছে।
রাশিয়া আরও অভিযোগ করেছে, এস্তোনিয়া বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজের চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করছে, রুশ ও বেলারুশীয় শস্যের ট্রানজিট নিষিদ্ধ করেছে, রুশ ভাষা নিষিদ্ধ করার চেষ্টা করছে এবং রুশ অর্থোডক্স চার্চ বন্ধের হুমকি দিচ্ছে।
মন্ত্রণালয় বলেছে, ‘রুশ পক্ষ তার জাতীয় স্বার্থ ও নাগরিকদের বৈধ অধিকার রক্ষায় ব্যাপক রাজনৈতিক ও কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করে।’
এস্তোনিয়ায় উল্লেখযোগ্য সংখ্যক জাতিগত রুশ জনগোষ্ঠী বসবাস করে, যাদের প্রতি বৈষম্যের অভিযোগ মস্কো প্রায়ই তুলে থাকে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৪ সালে পূর্ব ইউক্রেনে রাশিয়ার অনুপ্রবেশের ভিত্তিও ছিল রুশভাষীদের অধিকার দমনের দাবি।
এ মাসের শুরুর দিকে এস্তোনিয়া জানিয়েছিল, ১ ডিসেম্বর থেকে অন্তত ছয় মাসের জন্য রাশিয়ার সঙ্গে সীমান্ত ক্রসিং বন্ধ থাকবে। তালিন অভিযোগ করেছিল, ক্রেমলিনের নিরাপত্তা সংস্থাগুলো একটি এস্তোনীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছিল। রাশিয়া ওই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
সীমান্ত বন্ধ নিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এর পরিণতি ‘অবধারিতভাবে উল্টো ফল দেবে—শুধু তালিনের ওপরই নয়, ইইউ ও ন্যাটোতে তার মিত্রদের ওপরও’।
এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সব অভিযোগের জবাব না দিলেও অস্বীকার করেছে যে দেশটি তার ভূখণ্ড অন্য দেশের সামরিক অভিযানে ব্যবহারের সুযোগ দেয়। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা সাধারণত রুশ প্রচারণার বয়ানে মন্তব্য বা জড়াই না; তবে এ ক্ষেত্রে আবারও বলতে পারি, এস্তোনিয়া কখনো তার ভূখণ্ড অন্য কোনো দেশকে সামরিক অভিযানে ব্যবহারের সুযোগ দেয়নি এবং কখনো দেবেও না।’
প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া দীর্ঘদিন ধরেই এস্তোনিয়াসহ বাল্টিক অঞ্চলের ন্যাটো রাষ্ট্রগুলোর বিরুদ্ধে ইউক্রেনীয় ড্রোনকে আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ করে আসছে। ইউক্রেনীয় ড্রোন প্রায়ই ন্যাটোর আকাশসীমায় ঢুকে পড়ে, তবে কিয়েভ বলছে, রাশিয়ার সিগন্যাল জ্যামিংয়ের ফলেই তা ঘটে। ন্যাটো দেশগুলো ইচ্ছাকৃতভাবে ড্রোনকে আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়ার কথা বারবার অস্বীকার করে আসছে।
বার্লিনে ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেন, জোটটি এস্তোনিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে; পাশাপাশি গত সপ্তাহে পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র ঢুকে পড়ার ঘটনাটিও তারা দেখছে। তিনি বলেন, জবাব দেওয়ার মতো বিকল্প ন্যাটোর হাতে রয়েছে। রুটের ভাষায়, ‘সামরিক ক্ষেত্রে আমরা সব সময় আমাদের প্রতিরোধ ও প্রতিরক্ষা মূল্যায়ন করব এবং যেখানে প্রয়োজন সেখানে হালনাগাদ করব।’
