…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

পোশাকশ্রমিকদের মজুরি: শ্রমিকপক্ষের সংশোধিত প্রস্তাব ২২ হাজার, মালিকপক্ষ দিতে চায় ১৫ হাজার ৮০০ টাকা

নিজস্ব প্রতিবেদক
পোশাকশ্রমিকদের মজুরি: শ্রমিকপক্ষের সংশোধিত প্রস্তাব ২২ হাজার, মালিকপক্ষ দিতে চায় ১৫ হাজার ৮০০ টাকা
ছবি: সংগৃহীত

তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে শ্রমিকপক্ষ তাদের সংশোধিত প্রস্তাব দিয়েছে ২২ হাজার টাকা। বিপরীতে মালিকপক্ষ প্রস্তাব করেছে ১৫ হাজার ৮০০ টাকা। সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় কয়েক ঘণ্টা আলোচনার পর দুই দফা সংশোধনের মধ্য দিয়ে দুই পক্ষ এই প্রস্তাব দেয়। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই সভাটি মুলতবি হয়; মুলতবি সভা আজ মঙ্গলবার দুপুর ২টায় আবার শুরু হবে।

মজুরি বোর্ড, পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও একাধিক শ্রমিক নেতার সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সোমবারের সভায় দীর্ঘ আলোচনার পর মালিক ও শ্রমিক—উভয় পক্ষই তাদের প্রস্তাবিত মজুরি একাধিক দফায় সংশোধন করে। তাতে সর্বশেষ শ্রমিকপক্ষের প্রস্তাবিত ন্যূনতম মজুরি দাঁড়ায় ২২ হাজার টাকা, আর মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৮০০ টাকা।

সভার শুরুতে মালিকপক্ষ মজুরি প্রস্তাব করেছিল ১৫ হাজার টাকা। এর আগে মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি করে প্রস্তাব জমা দিয়েছিল। সোমবারের সভায় সন্ধ্যার পর দুই দফা সংশোধন করে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার ৩২ হাজার টাকার পরিবর্তে ২২ হাজার টাকার প্রস্তাব দেন। মালিকপক্ষও দুই দফা সংশোধন করে শেষ পর্যন্ত ১৫ হাজার ৮০০ টাকার প্রস্তাব করে।

পোশাকশিল্পের মজুরি নির্ধারণে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভাটি সোমবার পৌনে ১২টায় শুরু হয়। কয়েক দফা বিরতি দিয়ে সভা চলে রাত সাড়ে আটটা পর্যন্ত, প্রায় আট ঘণ্টা। তাতেও মজুরির সিদ্ধান্তে কোনো পক্ষ একমত হতে পারেনি। আরও আলোচনার জন্য সভাটি মুলতবি করা হয়।

সভাটি হয় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে, বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে। সভায় উপস্থিত ছিলেন বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব। এ ছাড়া বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম মালিক ও শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে সভায় যোগ দেন।

সভার বিরতিতে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি অন্য সদস্যদের নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। মালিকেরা কত টাকা প্রস্তাব করেছেন, তা তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘মালিকপক্ষ তাদের প্রস্তাব দিয়েছে। তার ওপর আলোচনা চলছে। আমরা এই পর্যন্ত দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ছোট, বড়, মাঝারি যেসব শিল্পকারখানা পরিদর্শন করেছি, সেখান থেকে পাওয়া তথ্য-উপাত্তও উপস্থাপন করা হয়েছে। সেগুলো নিয়ে যুক্তিতর্ক চলছে।’

চেয়ারম্যান আরও বলেন, সোমবারের সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে, মালিকপক্ষের প্রস্তাব এখনই প্রকাশ করা হবে না। কারণ, শেষ পর্যন্ত বোর্ড যে মজুরি সুপারিশ করবে এবং সরকার যা নির্ধারণ করবে, মালিকপক্ষ সেটিই বাস্তবায়ন করবে।

মজুরি নির্ধারণে কোন কোন বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে—জানতে চাইলে চেয়ারম্যান বলেন, মূল্যস্ফীতি, শ্রমিকদের ওপর কতজন নির্ভরশীল, মালিকদের সক্ষমতা, বিশেষ করে ছোট ও মাঝারি শিল্পগুলোর অবস্থা এবং বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিযোগিতার অবস্থান কোথায় দাঁড়াবে—এসব বিষয় বিবেচনায় নিয়ে আলোচনা চলছে।

ব্রিফিংয়ে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, ‘মালিকপক্ষ সব সময় একটু কম প্রস্তাব দিয়েই শুরু করে। মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছে, সেটি আমাদের কাছে গ্রহণযোগ্য ও যুক্তিসংগত মনে হয়নি। একইভাবে মালিকপক্ষও আমাদের প্রস্তাব গ্রহণ করেনি।’ তিনি বলেন, সিনিয়র শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে তাঁরা সংশোধিত প্রস্তাব দেবেন এবং মালিকপক্ষের প্রতিনিধিও সংশোধিত প্রস্তাব দেবেন বলে তিনি আশা করেন।

শ্রমিকদের আন্দোলন নিয়ে বাবুল আখতার বলেন, চলতি নভেম্বর মাসের ১ তারিখ বা তার আগ থেকে এই আন্দোলন চলছে এবং মজুরির চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত শ্রমিকেরা আন্দোলন চালিয়ে যেতে চাইছে। তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা কাজে ফিরুন, উৎপাদন অব্যাহত রাখুন।’

ব্রিফিংয়ে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুজ্জামান বলেন, ‘একটি হাঁস প্রতিদিন একটি করে সোনার ডিম দেয়। হাঁস যখন অসুস্থ হয়ে যায়, তখনো কি আপনি প্রতিদিন একটা সোনার ডিম আশা করতে পারেন? আমার এটুকুই বক্তব্য।’

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন শুরুর পর গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের প্রথম সভা হয় ৪ নভেম্বর। ৯ নভেম্বরের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রাথমিক মজুরি প্রস্তাব জমা দেয়। ১৬ নভেম্বর তৃতীয় সভার তারিখ ধার্য ছিল; সেই সভায় মালিকপক্ষের প্রস্তাব জমার কথা ছিল, কিন্তু সভার কয়েক ঘণ্টা আগে তা স্থগিত হয়ে যায়। স্থগিত সেই সভাটিই সোমবার অনুষ্ঠিত হয়।

এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে সোমবারও গাজীপুর ও সাভারে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। তাতে গাজীপুর এলাকার প্রায় ৫৫টি কারখানার উৎপাদন বন্ধ ছিল।

গাজীপুরের শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় সোমবার সকালে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করেন। শ্রমিকেরা পরে মহাসড়কের পাশের বিভিন্ন সংযোগ সড়কে চলে যান। এ সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়; পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবার যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম বলেন, ‘বিচ্ছিন্নভাবে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। আমরা তাঁদের ছত্রভঙ্গ করে দিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের কারণে সোমবার ৩৩টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় এই এলাকার ২২টি কারখানা বন্ধ আছে। সোমবার সকালে নিশ্চিন্তপুর এলাকায় বিক্ষোভকারীদের সড়কে অবস্থান ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় তিন শ্রমিক আহত হয়েছেন। সকাল সোয়া নয়টার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নিশ্চিন্তপুর এলাকায় সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন একদল বিক্ষোভকারী; তাঁরা একটি বাস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং আশপাশের কয়েকটি কারখানা লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়েন। পরে পুলিশ ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে।

শিল্প পুলিশের তথ্যমতে, আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর আওতাধীন সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় বিভিন্ন খাতের মোট কারখানা আছে ১ হাজার ৭২৩টি; এর মধ্যে তৈরি পোশাক কারখানা ৭৩৬টি। মজুরি বোর্ডের মুলতবি সভা আজ মঙ্গলবার দুপুর ২টায় আবার বসবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও
জাতীয়

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ছোট ভাই আনাছের মৃত্যুর তিন দিন পর মারা গেছে বড় বোন মরিয়মও (৩)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত …

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত
জাতীয়

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক মহাসড়কের মা…

জাতীয়

বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বৈধ পথ নেই, বললেন শিশির মনির

বন্দি প্রত্যর্পণ চুক্তি ছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার অন্য কোনো আইনগত বৈধ পথ নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির …

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ
জাতীয়

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয়াপুর বাজার এলাকায় এশিয়ান হাইওয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে (মদনপুর-জয়দেবপুর) সড়কে নির্মাণাধীন আন্ডারপাসের পরিবর্তে প্…