ইউক্রেনে শান্তি হলেও ইউরোপে রাশিয়ার নাশকতা থামবে না: পোল্যান্ডের গোয়েন্দামন্ত্রীর হুঁশিয়ারি
ইউক্রেনে শান্তিচুক্তি হলেও ইউরোপে রাশিয়ার নাশকতা অভিযান শেষ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পোল্যান্ডের গোয়েন্দা সেবার তত্ত্বাবধানকারী মন্ত্রী তোমাশ সিয়েমোনিয়াক। সোমবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার গোপন অভিযান আরও তীব্র হয়েছে।
সিয়েমোনিয়াকের ভাষ্য, রাশিয়ার কর্মীরা এখন শুধু গুদাম ও শপিং সেন্টারে আগুন লাগানোর মধ্যে সীমাবদ্ধ নেই; তাঁরা রেলপথ, যোগাযোগ সরঞ্জাম ও প্রতিরক্ষা স্থাপনাকেও লক্ষ্যবস্তু করছেন।
তিনি বলেন, কিছু হামলার লক্ষ্য ইউক্রেনে সরবরাহ ব্যাহত করা। কিন্তু মস্কো ইউরোপীয় সরকারগুলোকে ভয় দেখাতে এবং ন্যাটোকে দুর্বল করতেও চায়—এমন উদ্দেশ্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হলেও থেকে যাবে।
সিয়েমোনিয়াক বলেন, ‘ভাবা কঠিন যে একটি শান্তিচুক্তি রাশিয়ার নেতৃত্বের অবস্থান বদলে দেবে কিংবা তাদের এই অভিযান চালানো থেকে থামাবে।’
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নে রাশিয়ার মিশন তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। তবে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো রাশিয়ার ওপর আরোপ করা অসংখ্য হামলা, ষড়যন্ত্র ও ভাঙচুরের দায় মস্কো আগেও অস্বীকার করেছে।
সিয়েমোনিয়াক সাম্প্রতিক তীব্রতাকে রাশিয়ার বৃহত্তর কৌশলের সঙ্গে যুক্ত করেছেন—ইউক্রেনের অর্থনীতিকে চাপে ফেলা এবং ইউরোপীয় দেশগুলো যে পথে কিয়েভে সরবরাহ পাঠায়, তা ব্যাহত করা। পশ্চিমা সহায়তার বড় ট্রানজিট কেন্দ্র হওয়ায় পোল্যান্ড বিশেষভাবে ঝুঁকিতে রয়েছে বলে তিনি বলেন।
গত বছর রাশিয়ার নির্দেশে কাজ করা নাশকতাকারীরা ওয়ারশর কাছে ইউক্রেনে সরবরাহ পরিবহনের প্রধান পথগুলোর একটিতে রেললাইনের একটি অংশ উড়িয়ে দেয়। চলতি মাসের শুরুতে এস্তোনিয়ায় নিরাপত্তারক্ষীরা একটি ড্রোন কারখানায় আগুন লাগানোর চেষ্টা ব্যর্থ করে দেন, যার জন্য কর্তৃপক্ষ রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থাকে দায়ী করেছে।
সিয়েমোনিয়াক বলেন, হামলার ধরন বদলে যাওয়ায় শুধু ঘটনা গুনে এর তীব্রতা মাপা কঠিন। অগ্নিসংযোগ তুলনামূলকভাবে সাধারণ ঘটনা হলেও রেলপথে একটিমাত্র হামলা ব্যাপক প্রাণহানিসহ বিপর্যয় ঘটাতে পারে। ইউরোপীয় ইউনিয়নের সরকারগুলো এমন পরিস্থিতির জন্য এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে।
তাঁর ভাষ্য, লক্ষ্য শুধু অবকাঠামো ধ্বংস করা নয়। ভয় ছড়িয়ে, উত্তেজনা উসকে দিয়ে এবং ইউরোপীয় সরকারগুলোর প্রতি আস্থা দুর্বল করে রাশিয়া ‘ইউক্রেনকে সমর্থনের ইচ্ছাকে দুর্বল’ করতেও চায়।
সিয়েমোনিয়াক আরও বলেন, ইউক্রেনে রাশিয়ার পক্ষে অনুকূল কিংবা প্রতিকূল—উভয় ধরনের অগ্রগতিই মস্কোকে হাইব্রিড আগ্রাসন সম্প্রসারণে উৎসাহিত করতে পারে। তাঁর যুক্তি, রাশিয়া আরও দেশকে সংঘাতে টানার চেষ্টা করতে পারে কিংবা তাদের জনগণকে ইউক্রেনকে সমর্থন করা বা রাশিয়াবিরোধী অবস্থান নেওয়া থেকে নিরুৎসাহিত করতে পারে।
তিনি আরও বলেন, শুক্রবার পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার অনুপ্রবেশ দুর্ঘটনাবশত হওয়ার সম্ভাবনা ‘প্রায় শূন্য’। এ ধরনের ঘটনাকে তিনি পোল্যান্ড ও তার ন্যাটো মিত্রদের প্রতিক্রিয়া পরীক্ষা করার চেষ্টা হিসেবে বর্ণনা করেন।
রাশিয়া আবারও দাবি তুলেছে, ন্যাটোকে তার সামরিক উপস্থিতি ১৯৯৭ সালের অবস্থায় ফিরিয়ে নিতে হবে—পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলো জোটে যোগ দেওয়ার আগের অবস্থায়। তার মানে হবে, ওই দেশগুলোকে রক্ষায় মোতায়েন মিত্রবাহিনী প্রত্যাহার করা। এমন কোনো ছাড়ে এখন পর্যন্ত সম্মতি হয়নি। সিয়েমোনিয়াক বলেন, মস্কো মেনে নিতে রাজি নয় যে পোল্যান্ডসহ ন্যাটোর অন্য সদস্যরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে তাদের দেশে কতজন মিত্র সৈন্য ও সামরিক স্থাপনা থাকবে।
